আসরের নামাজ পইড়া, মুগরিবের নামাজের আগ পর্যন্ত, আমি গ্রামের রাস্তায় হাইটা হাইটা সময় পার করতাম। কোমরের পিছনে হাতরে রুজু কইরা, ধীরে ধীরে হাটতাম। গাছপালার দিকে চাইতাম। এইরকম একদিন, আমরার গ্রামের মুজিব ভাইছাব আমারে কইলেন- ‘এহ, তুই দেকি আমির উদ্দিনর লাখান ছাইরে। বাটে লাগের অনকু গান গান্ধিলিবে!’ মুজিব ভাইছাবে আরো কইলা, উনি যখন বগলা ধরতে আমির উদ্দিনের গ্রাম আলম পুরের দিকে যাইতেন, তখন আমির সাবরে মাঝে মাঝে ট্যারা চউখে এইভাবে চাইতে দেখতেন।

আমির সাবের বাড়ি আমাদের বাড়ির কাছেই। উনার গ্রাম হইতে বিয়া বইয়া আইছিলেন আমার এক দাদি। সেই দাদির এক ছেলেও বিয়া করছিলেন এই গ্রামে। ছোট থাকতে আমি একবার এই চাচীর বাড়িতে গেছলাম। খালারা আমারে এত আপন করছিলেন, কয়েক ঘন্টার লাইগা, এত মায়া করছিলেন, যে মনে পড়তেছে, আমার মাথার উকুন পর্যন্ত বাইছা দিছিলেন উনারা! আমার শরম করতেছিল পরে, এই ভাইবা যে, কি এক কারণে, খালাদের একজনরে এর আগে আমাদের বাড়িতে আমি একটা থাবা মাইরা ফেলছিলাম। উনি এই রাগ রাখেন নাই!

আলম পুর এইরকম একটা উর্বর জায়গা। যেইখানে মানুষের চাষ হয়। মনের চাষ হয়। উনাদের বাড়ি আমাদের এত কাছে, তবুও, কিছু দূরে বটে! কারণ, উনারা ‘ফ’ রে ‘হ’’ বলেন। যেমন, ফাইঞ্জাবীরে কন হাইঞ্জাবী। ফেখরে বলেন হেখ। (আমরা সিলেটিরা ‘প’রে নরমালি ফ কই। মানে, ফাইঞ্জাবী হইল পাঞ্জাবী।) উনাদের গ্রামীন স্বভাব আরেকটু ভিজা, আদ্র।

মাস্টারিকালে, আমার অনেক ছাত্র আছিল এই গ্রামের। ক্লাস সেভেনের মেয়েদের বাংলা পড়াইতাম আমি। পড়ানির পাশাপাশি, এই ক্লাসে গান-টান, আবৃত্তি-টাবৃত্তিও করাইতাম। আলম পুরের এক মেয়ে, ক্লাস সেভেনের, কি একটা উপলক্ষ্যে আমারে কইল, ‘খরিম বেটার গান’। এই কথাখান শুইনা আমার ধাতস্থ হইতে বেশ সময় লাগল। মেয়েটা বাউল আব্দুল করিমের গানের কথা কইতেছে। কিন্তুক, করিমরে ‘বেটা’ কইতেছে। বাংলাভাষীদেরকে বেপারটা বুঝানো খুবই কষ্টের হইবে। কারণ, আমরা সিলেটিরা অনেক সময় পরিচিত, আপন-প্রায় মানুষদেরকে ‘বেটা’ বলি। আর, অপরিচিত বুঝাইতেও বেটা কই! এই ছোট্র মেয়েটা আব্দুল করিমরে ‘খরিম বেটা’ কইতেছে। তার মানে, তাদের গ্রামে/পরিবেশে বাউল আব্দুল করিম একটা ঘরোয়া ঘটনা!

ফকির ক্বারী আমির উদ্দিন সাহেব এই গ্রামের সন্তান। উনার এক (নাকি দুই?) ছেলে মাদ্রাসায় পড়ত। আমির সাহেবের লগে রিকশায় চইড়া তারা মাদ্রাসায় যাইত। আমার চাচাত ভাইয়ের লগে, আমিও মাদরেসায় যাইতাম। উনি আমারে আংগুল দিয়া দেখাইয়া কইতেন, ‘অউ রিশকাত যাইরা আমির উদ্দিন..’

আমরার মাদরেসাত সাপ্তাহিক অনুষ্ঠান হইত। আলম পুরেরই এক ছেলে, আমার ক্লাসমেইট। জসীম উদ্দিন নাম। একটা সংগীত গাইত। ‘আরে ও মদীনা যানে ওয়ালা…’ এই গান যখন সে গাইত, তখন সবকিছু নিরব হইয়া যাইত। অবশ্য, এই গানের কর্তা কে, তখন জানতাম না।

গোবিন্দ নগর মাদ্রাসা। ক্বারী আমির উদ্দিনের ছেলে এইখানে পড়তেন। কবি গিয়াসউদ্দিন আহমদের ছেলে এই মাদ্রসায় আমার ক্লাসমেইট আছিল। এইখানে আমির উদ্দিনের লেখা গান ‘আরে ও মদিনা যানে ওয়ালা’ গজল হিসাবে গাইত আমার ক্লাসমেইট জসীম উদ্দিন। এই মাদ্রাসারই সাবেক প্রিন্সিপাল ক্বারী আমির উদ্দিন সাবরে তওবা করাইবার পিছনে অন্যতম গুরুত্বপূর্ণ প্লেয়ার হিসাবে ভূমিকা পালন করেন।

এরপরে আরেকটু বড় হইলাম। বুঝি বা, তখন এলাকার মাদরেসা চেইঞ্জ কইরা, আরেকটু দূরের, ফতেহপুর মাদরেসায় গিয়া ভর্তি হইলাম। (সময়ের হিসাবে একটু তালগোল লাগছে এতদিনে)। একবার মামার বাড়িতে গিয়া শুনি, ছেলেরা ‘’ওরে ও মোল্লা, নাই তর কল্লা’ গাইতেছে। আর বলতেছে, আমির উদ্দিনের এই গান আমি শুনছি কি না! কাছাকাছি সময়ে শুনি, মোল্লারা মিইলা, আমির উদ্দিনরে গণ-অনুষ্টান কইরা তওবা করাইছে। আমি তখন জানতাম, আমরার এলাকার গোবিন্দ নগর মাদরেসার প্রিন্সিপাল, আব্দুস সালাম আল মাদানীর নেতৃত্বে এই ঘটনা ঘটছে।

তারপরে, আমরা সকলেই যার যার মত কইরা নিজেদের জিন্দেগী পার করতে লাগলাম। আমার সেই জীবনে তেমন কোথাও বাউলা গানের আসরে যাওয়া হয় নাই। গান বাজনাও শুনছি এত অল্প, যে রাস্তায় ইয়াং ছেলেরা উচ্চস্বরে তখনকার ফেভারিট নায়ক, যেমন সালমান শাহদের গান যা গাইত, তা শুনতাম। ভাটির কামলা লোকেরা কামের ফাকে গান গাইত। এই হইল আমার গান শোনা। ভার্সিটিতে আইসা, মূলত রঠা, কলকাতা ইত্যাদি ফেনোমেনা/ঘরানার গান শোনা হইছে বেশী।

বাউল, ফকির, বা আঞ্চলিক যাই বলেন, আমি এইসব শোনার মেজাজ তৈয়ার করি অনার্স লাইফের শেষে। তখন খিয়াল করি, গোবিন্দ নগর মাদরেসায় পড়ার সময়ে একজন লোক প্রায় আমাদের অফিসে আসতেন। লম্বা। সুদর্শন। মুখে গুয়ামুরি হাসি। উনার নাম আছিল গিয়াস উদ্দিন। ‘’মরিলে কান্দিস না আমার দায়’’ গানের লেখক। উনার এক ছেলে আমার ক্লাসমেইট আছিল, মাদরেসায়! গিয়াস সাহেবের বাড়ি ভটের খালের অই পাড়ে। আমাদের স্থানীয় বাজারের কাছেই। একইভাবে, খিয়াল করি, ক্বারী আমির উদ্দিনেরও অনেক গান আমি শুনতেছি। আর ভালও লাগতেছে। তখন উনার গ্রাম আলম পুরের কথা নতুন ভাব নিয়া হাজির হয়।

ক্বারী আমির উদ্দিন কোথায় থাকেন। কি করেন। আদতে জিন্দা নাকি মুর্দা- এই বিষয়ে খুব একটা হুঁশ আমার আছিল বইলা মনে হয় না। যতদূর মনে পড়ে, ইউকেতে আসার পরে, উনি একটা গুরুত্বপূর্ণ চরিত্র হইয়া উঠেন, আমার ভাবনায়। তখন আমি ইউকের সিলেটিদের চালিত ‘’ইন্ডিয়ান রেস্টোরেন্টে” কাম করতাম। ইন্ডিয়ান রেস্টোরেন্টের কিচেন আর সামনের পরিবেশের তফাত আকাশ আর পাতাল৷ সামনের লোকেরা চেষ্টা করত থুড়া বিটিশ হইবার। আর, কিচেনের লোকরা আস্ত একটা বাংলাদেশরে হাজির করত কিচেনে৷ কিচেনের আলাপের সবচাইতে বড় দুই খাত হইল পলিটিকস আর আর্ট-কালচার। কিচেনে কামের সূত্রেই জানতে পারি, আমির উদ্দিন সাহেব লন্ডনে থাকেন৷ আর, যত রেস্টোরেন্টেই যাই, আমির উদ্দিন নিয়ে একেক জায়গায় একেক রকমের আলাপ থাকে। সবগুলা আলাপই মজার। উনারা এমনভাবে আমির উদ্দিনের কথা বলেন, যেন বা উনার আগাপাশতলা সবই জানেন তারা। পয়লা পয়লা, আমি থাকতাম লন্ডন হইতে বহুত দূরে। এদিকে, একসময় ইউকে ছাইড়া আরেকটা দেশেও থাকতে হয় দীর্ঘ দীর্ঘ কাল। তকদিরের কি লীলা, আবার আমি ইউকেতে ব্যাক করি। করোনার কঠিন সময় তখন। আবার কাম শুরু করি ইন্ডিয়ান রেস্টোরেন্টে। শুরুতে যেইখানে ঢুকি, অইখানে একদিন আমির সাহেবের আলাপ তুইলা পড়লাম মুসিবতে। মালিক মুরুব্বি কইলেন, খবরদার, আমাদের এইখানে কাম করতে হইলে, আমির উদ্দিনের নাম নিতে পারবা না! আমি থমকি খাইলাম। কি সমস্যা! উনারা ক্বারী সাহেবরে নিফাক মনে করেন। উনার নাম নেওয়ারেও গুনার কাম মনে করেন।

পরের রেস্টোরেন্ট আবার উলটা। উনাদের একজন, যিনি রেস্টোরেন্টের মালিকও, আমির উদ্দিনের আসরে প্রায় নিয়মিত যান। একজন গান লেখেন। চট্রগ্রামের শিল্পী মেরি সহ, দুনিয়ার (বাংলাদেশের) যাবতীয় শিল্পীদের লগে উনার খায় খাতিরানা। ভাইটার নাম ভুইলা গেলাম! আরেক ভাই আছেন, দিল খুইলা গান করেন। উনার আব্বাজান সিলেটের নামকরা এক পদকর্তা। আমার খারাপ লাগতেছে এই ভাইবা, যে হজরতের নামটাও এখন মনে পড়তেছে না। কথা হইল, ক্বারী আমির যে ভীষণ বদমেজাজী, তা একেবারে হাতেনাতে শুনতে থাকলাম, তখন হইতে। মালিক ভাইটি আমারে হতাশ করলেন। আমিরের দরবারে যাওয়া কি সহজ! খেদায়া দিবে। ঢুকতেই দিবে না। জিজ্ঞেস করবে টেকা কত আনছি! আমি কইলাম, টেকা দিয়া কারো লগে দেখা করতে ইচ্ছুক নই আমি। সিলেটের এক বড়ভাই কবিও এমন কইলেন। যে, আমির সাহেবের জবান খুব একটা মিঠা নায়। উনার সাথে সাক্ষাতের অভিজ্ঞতা সুখকর নাও হইতে পারে! কারী সাহেবরে নিয়া এইরকম যত গল্প শুনি, ততই উনার লগে মুলাকাতের ইচ্ছা বাড়ে।

গ্রাম স্পাইস রেস্টোরেন্ট। অইখানে কিচেনের মালিক আমির উদ্দিনের বাসায় যাইতেন। শেফ ছিলেন গানের পদকর্তা। আর কুক ছিলেন শিল্পী। কুকের আব্বা আছিলেন পদকর্তা।

আমার সমন্ধিক জানেন যে আমি টুকটাক লেখালেখি করি। কথা প্রসংগে উনি একদিন কইলেন, ‘আমির উদ্দিন ত মাইল এন্ড থাকইন’’। কিন্তুক সৌর্স পাই কেমনে! আমার এক তালই থাকেন লন্ডনে। খুবই ফ্রেন্ডলি। বার্কিংয়ে যখন আমরা শিফট করি, তখন উনি আমাদের মালামাল সরাইতে হেল্প করছিলেন। তালই সাবে কইলা, ‘ওবা, তুমরার বার্কিং ত আমির উদ্দিন সাব থাকইন!’ আমার তখন পাগল অবস্থা। কার কথা বিশ্বাস করতাম! ‘ই আমির উদ্দিন বেটায় থাকে কুয়াই!’

আমি তালইরে কই, ‘তালই সাব, চলউকা আমির সাবর লগে দেখা করি’। তালই ব্যস্ত মানুষ। যদিও, উনার খুবই কাছের একজন আমির সাহেবের খাছ ভক্ত। কইলেন, ওরে ফোন দিয়া একদিন লইয়া যাইবেন আমারে! সেইটা আর হইয়া উঠে না।

আমার এক বন্ধু থাকে এইখানে। তারে কইলাম আমার আগ্রহের কথা। সে কইল, ব্যবস্থা করবে। সেও আর ব্যবস্থা করতে পারে না।

একদিন, তালইয়ে হুট করি কইলা, ‘’ওবা, তুমরার.. মিয়া ত আমির উদ্দিনর ভক্ত। তানরে ধরলে যাইতায় ফারবায়।’’

কয়েক মাস আগে, মিয়া ভাইয়ের ভাতিজির বিয়াতে, উনার লগে দেখা। ভাইছাবের লগে আমার দেখা প্রায় পনেরো বছর পরে! আমি উনারে ভালা-বুরা জিকাইয়া কইলাম, ‘আমির উদ্দিন সাবর লগে দেখা করতাম’। আমি পজিটিভ আনসার পাইলাম। তখন আমির সাব দেশে। কবি ওয়াহিদ রুকনরে জিজ্ঞেস করলাম, উনি ব্যাক করছেন কি না। যেই শুনলাম করছেন, মিয়া ভাইরে আবার ফোন করলাম। উনি কইলেন, ঠিক আছে। আমার বিশ্বাস হইল না। এত কঠিন কাম এত সহজে হইয়া যাইতেছে কেমনে!

আমার লন্ডনের অই বন্ধু, কবি জয় আর আমি- আমরা তিনজন যাইতাম। এইরকম বন্দোবস্ত। ও মা, যাইবার দুই ঘন্টা আগে বন্ধুর কাম পইড়া গেল। জয় হইয়া পড়ল অসুস্থ। আমি মিয়া ভাইরে কইলাম, বড়ভাই, একলাই যাইমু আমি। কিছু ফল-ফুরুট নিলাম লগে।

এদিকে, মিয়া ভাইয়ের লাগি ওয়েইট করতেছি। আমির সাহেবের বাসার কাছেই। (এইটাও বলা দরকার, যে আমির সাহেব মাইল এন্ডেও থাকেন না। বার্কিংয়েও থাকেন না। থাকেন আমরার নয়া বাসার নিকটে!) ভাইয়ের আসতে লেইট হইতেছে। আমি পাশের ম্যাকডোনাল্ডসে গেলাম। পেশাব করতে। ম্যাকডনাল্ডসে কাম সাইরা গাড়িতে উঠমু, মোবাইলটা হাত থাকি পইড়া, অর্ধেক স্ক্রিন ভাইংগা গেল। এখন না পারি ভাইরে কল দিতে। না পারি আমির সাবের বাসার এড্রেস গুগল করতে। আমারে মেমোরি বেশ জ্বালায়। আমির সাবের বাসায় আইতে গিয়া, রাস্তায় ভুল করলাম। ফলে, আমার বাসার দিকে যাত্রা শুরু করলাম। যাতে আমার বাসা হইতে কেমনে গেছি, তা ফলো কইরা উনার বাসায় যাইতে পারি। এর ভিতরে, মিয়া ভাই ফোন দিলেন। দেখলাম কল আসে। ট্রাই করলাম রিসিভ করতে। তাও পারলাম। মনে মনে আল্লার লাখো শুকরিয়া আদায় করলাম! ভাইরে কইলাম, আপনে আমারে অমুক জায়গা হইতে নিয়া যাইতে হইব। উনি খুশীমনে আসলেন।

আমির সাবের ঘরে ঢুকলাম। আমারে একলা দেইখা বললেন, আরো না লোক আসার কথা! আমি তারার সমস্যার কথা কইলাম। দুইজনেই কইলেন তখন, আসলে যার নসিবে আছে, সেই আসবে। যার নসিবে নাই, সে আসবে কেমনে!

আমার মনে হইল, আছহাবে কাহাফের গল্পের ভিতরে ঢুইকা পড়ছি। ই গল্পে আমি হইলাম ‘’নির্বাচিত ব্যক্তি”।

আমি জিজ্ঞেস করলাম, ‘’ভাইছাব আপনার গানো আধুনিক কবিতার উপাদান খুব মিলে। বিশেষ করি, নজরুলর প্রভাব বেশ খিয়াল করা যায়’। ক্বারী ছাবে কইলা, ‘’ইতা কিতা কও! ইতা কিতা মাতরায়, আমি বুঝরাম না!’’ এই বইলা উনি উইঠা পড়লেন। হাতে সিগারেট লইয়া। মিয়া ভাই আর ক্বারী সাব বাইরে গিয়া সিগারেট খাইলেন। আমার হাতে উনার রচিত কিতাবের তিন নম্বর খন্ড দিলেন। চউখ বুলাইবার দায়।

ভিতরে আইসা উনি আমারে কইলেন, ‘’ইতা কবিটা-টবিতা বাদ দেও। তুমি কিতার লাগি আইছ, কও। তুমি কিতা চাও!’” আমি ত অনেক প্রশ্ন করতে চাই! সাংবাদিকদের মতন, আমার মনে অনেক প্রশ্ন। পরে গিয়া আমি বুঝতে পারি, তিনি ঠিক আমার কাছ হইতে সওয়াল আশা কর‍তেছেন না। তিনি প্রশ্ন কইরা কইরা, তার কথারে আগাইতে চাইতেছেন।

কারী ছাবে কইলা, ‘“দেখো তারেক, সাহিত্য কইরো না। সাহিত্য অইল ‘’সহিত”। তুমার পথ কিতা, তুমি কিতা চাও, তুমার মনে কিতা কয়- অকটারে ফলো করো। তউ তুমার যাত্রা অইব। আর অউ যে কইলায় আধুনিকতা! ইতা কিচ্ছু নায়। ইতা আলাফালা লইয়া ভাবলে অইত নায়। নিজরে জানো। তুমি কিতা, অখান ভাবো। মান আরাফা নাফছাহু, ফাকাদ আরাফা রাব্বাহু।”

আলাপের ফাকে ফাকে, উনারা বিড়ি খাইতে বাইরে যাইতে থাকলেন। এর ভিতরে আমি উনার দরাজের কিতাবাদির উপরে চউখ বুলাইলাম। দেখলাম, আব্দুল মান্নান সৈয়দ সম্পাদিত, ‘শেষ্ঠ নজরুলও’ শেলফে আছে! এদিকে, লালন জালাল ত আছেই। বেশীরভাগ কিতাবাদীই আরবি, উর্দু ইত্যাদি ভাষার। আমার মনে হইল, কিছু ফার্সি জবানের কিতাবও আছে। উনারে জিজ্ঞেস করলাম, এই কথা। যে, আরবি উর্দু ত বুঝতেছি, মনে হইতেছে ফার্সি কিতাবও আছে। আপনে এই তিনটা জবানেই কিতাবাদী পড়তে পারেন? উনি ঠিক হ্যা অথবা না কইলেন না। যদিও, উত্তরটা মনে হইল পজিটিভ। এদিকে, এও কইলেন, তিনি বাংলার চাইতে আরবিতে পড়তে পছন্দ করেন বেশী। কারণ, ইলিমের মূল সূত্রগুলা আরবিতে আছে।

কথাপ্রসংগে, তিনি ‘আমির’ কাছে আসলেন। নফস, আত্মা, শরীল এইসবে। আমি লালনের কথা কইলাম। যে, ফরহাদ মজহার নামে একজন আছইন। তাইন ত কইন লালন অউলা হউলা। তাইন কইলা, লালন কে, আর ফরহাদ মজহার কে! আমার বুঝ হইয়া গেল। এই আলাপ এইখানেই থামল।

তিনি সময়ের আলাপে আসলেন। কইলেন, পুলসিরাতের কঠিন পরীক্ষার কথা। পুলসিরাতের পুল হইল চুলের মতন সুক্ষ। তলোওয়ারের মতন ধারালো। কিন্তুক, আসল পুলসিরাত ত ‘এইখানে’। আমরা এইটার ভিতর দিয়া যাইতেছি..! উনি তখন এমন কথা বললেন, যাতে সময় যে অখন্ড, তা মিন করে। আমি এইটা জিজ্ঞেস করলাম। পরিস্কার হইবার দায়। উত্তরটা ঠিক বুঝি নাই যদিও। তখন তিনি কইলেন, দুনিয়ার সব ঘড়ির সেকেন্ডের কাটা এক তালে চলে। তিনি নিজে তান ম্যাকবুকে আমরারে দেখাইলেন তিন শহরের তিনটা ঘড়ি। সময় ভিন্ন। অথচ, সেকেন্ডের কাটা একলগে বাড়ি দেয়!

আমার প্রশ্নে হজরত আমির উদ্দিন জর্জরিত হইতে লাগলেন। বললেন, আমি বেশী কথা বলতেছি। বেশী কথা বলা ইলিমের লক্ষণ নায়। কিন্তুক, আমারে কথা বলতেই হবে। আমি জানি না, আর কবে উনার লগে দেখা হইব। বা, আদৌ হইবে কি না।

কইলাম, ‘’আপনে নিজরে কিতা কইতে পছন্দ করইন- বাউল না ফকির?’” কইলা, “আমি কিছু গানো পাগল কইছি, কিছু গানো ফকিরও কইছি। অইলে, আমি নিজরে বাউল কই না। বাউল আলাদা ধর্ম।”

এদিকে, অন্যান্য ধর্মের সত্যতা নিয়া প্রশ্ন করায় তিনি বললেন, একেক সময়ে একেক রকম বার্তা আইছে। এইগুলা আইছে মানুষের সাধ্যের কথা ভাইবা। আগের মানুষের সাধ্য-ক্ষমতা এখনকার মানুষের সাধ্য-ক্ষমতার মত আছিল না।

হজরত আমির উদ্দিনের মুর্শিদ আছিলেন। তিনি তার কথায় মুর্শিদের গুরুত্বের কথা বার বার বলতে লাগলেন। আমি কইলাম, মুর্শিদ ছাড়া কি দিশা পাওয়া সম্ভব নায়! তিনি প্রায় অসম্ভব বললেন। আলিফ, লাম আর হা ব্যতিত আল্লাহ সম্পর্কে আমরা কিছুই জানি না। এই জানার তরীকা কি! এদিকে, আগুন তিনরকমের হইতে পারে। একটা আগুন ভাষায়। একটা কানে। আর, একটা আগুন আমরা বাস্তবে দেখি। এখন, কুনটা সইত্য আগুন, তা কিভাবে বুঝব!

তিনি আরো কইলেন, আমির উদ্দিনের গান ত কতেই শুনে। শুইনা ভক্তও হয় উনার। হয়তবা রাস্তা দিয়া হাটার সময় কতদিনই আমির উদ্দিনের পাশ দিয়া গেছে তারা। অথচ চিনে নাই। কেউ যদি চউখে আংগুল দিয়া ধরাইয়া না কয় যে, ‘’অউ আমির উদ্দিন”, তাহলে ত সে তানরে চিনবে না!

হজরতের সমস্ত আলাপে মোল্লাদের কথা বার বার আইছে। আমি কইলাম, “ইতারে আমরা মোল্লাতন্ত্র কই।” তাইন কইলা, তুমরার মোল্লাতন্ত্র কত বড় জাহিল দেখো। আল্লারে মূর্খ বানাইলিছে! শুইনা মনে মনে কই, আমির সাহেবে কয় কি! জিকাইলাম, ‘’কিলা, ভাইছাব!” কইলা, ‘“তারা কোরান শরীফর তর্জমা করছইন তারার বুঝ অনুযায়ী। আল্লায় কইছইন ‘আমরা’। তারা ইকটারে ভুল মনে কইরা, অনুবাদ করিলিছইন ‘আমি’। তাইলে কিতা আল্লায় ভাষা জানতা না নি! ইবায়দি, কোরানর উফরে (কাভারে) লেখছইন কোরানর তর্জমা। আর, ভিতরে তর্জমার মাঝে হারাইলিছইন (ব্রাকেটর ভিতরে) নিজেরার জবান। ইকান আর কোরান থাকল নি!” আমি পরে জানতে পারলাম, হজরত আমির উদ্দিন নিজে আরবি ভাষা হইতে আলকোরান তর্জমা করছেন। (আমারে কিছু পইড়াও শোনাইলেন!) উনি নিজে নিজে কিতাবখানা বাহির করতে চান। উপযুক্ত ডোনার খুজতেছেন। তর্জমা শুইনা মনে হইল, এই আলকোরান যদি আমাদের মা-খালাদের হাতে হাতে পইছাইতে পারত, কত বড় ঘটনাই না হইত সেইটা! এদিকে, লন্ডন হইতে কোরানের একটা তর্জমা বাহির হইছে। নাম, ‘আমার শখের কোরান’। তিনি এদেরকেও একহাত নিলেন। বললেন, কোরান তাদের কাছে ‘শখের বস্তু’!

মাজার নিয়া মোল্লাতন্ত্রের সমস্যার কথাও বললেন। মোল্লারা মাজারের গাইঞ্জুট্রিদেরকে নিয়া সমস্যা বোধ করে। মাজার ভাংতে চায়। যদিও, মাসুম বাচ্ছাদের ‘’পুটকি মারে” যেই মাদ্রাসায়, সেই মাদ্রাসারে ভাংতে পারে না। তিনি বলেন, পীর ফকিরেরা মানুষের মইদ্যে তফাত করতেন না। কাউরে নিকটে আসতে মানা করতেন না। উনাদের কাছে সকল ধর্ম ও বর্ণের মানুষ আসত। হজরত শাহজালাল এইসব গাইঞ্জাখোরদের তাড়াইয়া দেন নাই। উনারা বাবার কাছে থাকতে চাইছে। বাবা উনাদের তাড়ান নাই। তবে বলছেন, “গাইঞ্জা গিয়া দূরে খাইও, বাবা অখল”।

কথা প্রসংগে তিনি দেশ ছাড়ার কথায় আসলেন। আমি আব্দুস সালাম আল মাদানীর কথা বললাম। তিনি কইলেন, আসলে সালাম সাহেব মেইন ফিগার আছিলেন না। উনিও আছিলেন, যদিও। এইখানে মোল্লাদের বড় একটা অংশ একলগে কাম করছিল। তারা উনার বিরুদ্ধে একযোগে ফতোয়া দিছিল। ফুলতলীর ছাহেব কিবলা উনার খুব কাছের মানুষ আছিলেন। ছাহেব কিবলা নাকি, আমির সাবরে ফতোয়ারে খন্ডাইয়া উত্তর দিতে বলেন। উনি উত্তর দিছিলেন। মাথামোটা মোল্লাদের সেইটা মনে ধরে নাই। আমারে হাত দিয়া দেখাইয়া কইলেন, মোল্লাদের দেওয়া ফতোয়াটা এখনো উনার ড্রয়ারে আছে! আমি অবশ্য এই প্রশ্ন করতে ভুইলা গেছিলাম, ফুলতলীর ছাহেব কেন এই ঘটনায় জড়াইলেন না! কেন তিনি মোল্লাদেরকে বাধা দিলেন না! তিনি এইটাও কইলেন, ‘সালাম মাদানি একটা বাইচ্ছা মানুষ’।

আলাপ করতে করতে ক্বারী ছাব একটু টায়ার্ড হইলেন, খিয়াল করলাম। আমি উনারে দিয়া বেশীই বলাইলাম। উনিও, উনার লম্বা একখান গান আমারে দিয়া পড়াইলেন। আমি ত গানের তালে তালে পড়লাম না। আমার পাঠ উনার ভাল লাগল না।

শেষের বার সিগারেটটা তিনি ঘরেই খাইলেন। আমার অনুমতি নিলেন না। (একটু আনইজি ফিল করতেছিলেন অবশ্য)। মিয়াভাই তখনও বাইরে গিয়াই সিগারেটটা খাইলেন।

আলাপের সূত্রে, কিছু গূড় সুফি কালামও তিনি আমারে কইলেন। ধ্যান বিষয়ে। এইসব আলাপ সব জায়গায় করা উচিত নয় বইলা, আমরা এই বিষয়ে এইখানে কিছু লেখতেছি না।

শেষদিকে, আমি উনারে আবারো খেপাইলাম। উনার দীর্ঘ গান যেইটা পড়ছিলাম, সেইটা তত্ত্বালাপে ভরপুর। আমি কইলাম, আপনার আগের গানে মানুষ, পরিবেশ, পকরিতি ইত্যাদির কথা থাকত। এখন এইসব কম, বা আসেই না প্রায়। এমনটা কেন! উত্তরে তাইন কইলা, ‘’ইতা পরিবেশ পকরিতি কিতা কইরায়, আমি বুঝরাম না। অত উপরি উপরি আলাপ কিতা করো বুঝি না..’” পরে অবশ্য তিনি বুঝাইতে চাইলেন, তার সকল গানেই ভাব আছে। তবে, গানের প্রকারভেদ আছে।

গানের সুরের বৈচিত্র নিয়েও বললেন তিনি। আব্দুল করিম বা দুর্বিন শাহরা দুইটা তালে গান লেখছেন। উনারা লেখছেন বিচিত্র তালে। আমি কইলাম, আপনারা কারা কারা! উনি বললেন, উনারা বলতে, উনার গানে সংগত করা অন্যরাও এতে শরীক আছেন!

উঠার আগে কইলাম, একটা ছবি তুলতাম। উনি কইলেন, পরের বার!

প্রায় সাড়ে তিন ঘন্টা আলাপ হইল। রাইতে। বাসায় আসতে আসতে প্রায় চাইরটা হইল।

ফিরতি পথে মনে হইতে লাগল একটা গানের কথা, ‘’আমার মন মজাইয়া রে, দিল মজাইয়া মুরশিদ নিজের দেশে যায়..”

…

ক্বারী আমিরউদ্দিনের লেখা কয়েকটা পপুলার গান –

১. আরে ও মদিনা জানেওয়ালা
২. শিখাইয়া পিরিতি করিল ডাকাতি
৩. লোকে বলে আমার ঘরে নাকি চাঁদ এসেছে
৪. তোমারে দেখিবার মনে চায়
৫. আমানত খিয়ানত অইবো রে
৬. অচিন দেশের মাঝি ভাই রে
৭. হাছা কথায় শরম করে, মিছা মাতলে আরাম পাই
৮. হেলায় হেলায় মনের আনন্দে দিন ফুরাইলো সই
৯. বন্ধু যাইও না রে
১০. আমারে খুঁজিয়া দেখি আমি নাই

উনার তিন খন্ডে ছাপানো বই আমিরী সঙ্গীত।

The following two tabs change content below.
Avatar photo

আবু তাহের তারেক

আবু তাহের তারেকের জন্ম সুহিতপুর, ছাতক; সুনামগঞ্জ। ইউরোপে থাকেন। প্রকাশিত বই: অনুবাদ - ফের্নান্দ পেসোয়ার কবিতা (২০১৬), নাগরি প্রকাশ। কবিতা: আইয়ো রেগো ময়না (২০১৮), প্রিন্ট পোয়েট্রি। আম্মা নদী (২০২১), বুকিশ।