[কামাল সিদ্দিকী উনার “এক জীবনে” বইয়ের সেকেন্ড পার্টের ১৫৪–১৫৯ পেইজে, স্বাধীনতার আগে, মুক্তিযুদ্ধে এবং স্বাধীনতার পরে (১৯৭০–১৯৭৩) চ্যাপ্টারে এই কথাগুলা বলছেন; এখন এই কথাগুলারে হিস্টোরিকাল ফ্যাক্ট হিসাবে নেয়ার চাইতে, ঘটনাগুলার বেপারে উনার পারসোনাল স্টেটমেন্ট হিসাবে নিতে পারাটাই বেটার… তবে, উনার বয়ান থিকা এইটা অনেকটা টের পাওয়া যায় যে, ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বরের পরে যেই অরাজকতা বা ল;লেসনেস চলতেছিল সেইখানে ইনডিয়ান মিলিটারি’র লুটতরাজ যেমন একটা দিক ছিল, বিহারিদের নির্যাতনও তার বাইরের জিনিস ছিল না… ]
সাধারণ নৈরাজ্যঃ ষোড়শ ডিভিশনকে নিয়ন্ত্রণ এবং ভারতীয় বাহিনীর মুখোমুখি দাঁড়ানো
খুলনা জেলা মুক্ত হবার পরও ধ্বংস ও ক্ষয়ক্ষতি চলতেই থাকলো। প্রথম দুই মাসে আমার প্রধান কাজ ছিল সাধারণভাবে খুলনা জেলায় এবং বিশেষভাবে খুলনা শহরে বিরাজমান নৈরাজ্য প্রতিহত করা। মুক্তিবাহিনীর উচ্ছৃঙ্খল এবং বেয়াড়া সদস্য এবং তথাকথিত ষোড়শ ডিভিশনের (যারা ১৬ ডিসেম্বরের পরে বিভিন্ন জায়গা থেকে রাইফেল জোগাড় করে হঠাৎ করে মুক্তিবাহিনী সেজে গেলো) হয় পরিত্যক্ত বাড়িঘর থেকে অথবা নিরীহ বেসামরিক মানুষকে ভয় দেখিয়ে লুটতরাজ শুরু করলো। তাদের বিরুদ্ধে পাকিস্তান সেনাবাহিনীকে সহায়তা দেবার মিথ্যে অভিযোগ এনে তাদের বাড়িঘর থেকে গাড়ি, রেফ্রিজারেটার, কার্পেট, টেলিভিশন, ইলেকট্রিক সামগ্রী লুটপাট করা শুরু করে দিল। কেউ কেউ আরেকটু এগিয়ে বন্দুকের নলের মুখে জোরপূর্বক সুন্দরী তরুণী মেয়েদের বিয়ে করলো। সরকারের বারংবার আহ্বান সত্ত্বেও তারা তাদের অস্ত্র সমর্পণে রাজি হলো না।
এদের সঙ্গে পাল্লা দিয়ে খুলনায় সাময়িকভাবে নিয়োজিত ভারতীয় সেনাবাহিনীর একটি অংশ খুলনার বিভিন্ন শিল্পকারখানার মূলধনী পণ্য, খুচরা যন্ত্রাংশ এবং কাঁচামাল নির্বিচারে লুট করা শুরু করলো। এসব ঘৃণ্য কাজে ভারতের নেতৃত্ব যুক্ত না থাকলেও ভারতীয় সেনাবাহিনীর একাংশ এবং মারোয়াড়ি ব্যবসায়ীদের মধ্যে যে যোগাযোগ ছিল তা পরিষ্কার।
এই ঘৃণ্য কাজ বন্ধ করার লক্ষ্যে আমি কয়েকটি ব্যবস্থা গ্রহণ করলাম। প্রথমতঃ খুলনায় নিয়োজিত ভারতীয় সেনাবাহিনীর কমান্ডার ব্রিগেডিয়ার জিয়াল সিং এর কাছে এর তীব্র প্রতিবাদ জানালাম। তার জবাব ছিল, ‘জনাব ডেপুটি কমিশনার, এটি একদম বাজে অভিযোগ। আপনাকে সম্পূর্ণ ভুল তথ্য দেয়া হয়েছে। আমাদের সেনারা তাদের ঝোলার মধ্যে কতটুকু কি বহন করতে পারে?’
‘না ব্রিগেডিয়ার সাহেব, আপনার সেনারা হ্যাভারস্যাকে করে নয়, মারোয়াড়ি ব্যবসায়ীদের সঙ্গে যোগসাজশে বড় ট্রাকে করে সব পার করে নিচ্ছে।’ তিনি এই অপরাধ স্বীকার করলেন না, আর আমিও আমার বক্তব্য থেকে সরলাম না। ফলে আমাদের কথাবার্তা তিক্ততায় গড়ালো।
দ্বিতীয়তঃ আমি আমার পুলিশ সুপার পি কে মিত্রকে অবিলম্বে একটি জরিপ করে স্থান-ভিত্তিতে লুটকৃত পণ্য ও পরিমাণ এবং লুটপাটকারীদের নাম এবং লুটপাটের পদ্ধতি বিষয়ে একটি লিখিত প্রতিবেদন দাখিল করার জন্য নির্দেশ দিলাম। অত্যন্ত দেশপ্রেমী মানুষটি আমি যেসব তথ্য চেয়েছিলাম তার একটি বিশদ বিবরণ সাইক্লোস্টাইল কপি করে রেকর্ড সময়ের মধ্যে চমৎকারভাবে তৈরি করে আমার কাছে দাখিল করলেন। সেই সময়ে ফটোকপি মেশিন না থাকায় এভাবে প্রতিবেদনটি প্রস্তুত করতে হলো। এই প্রতিবেদন সীল-কভারে বিশেষ বাহককে দিয়ে অবিলম্বে স্বরাষ্ট্র এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ে পাঠিয়ে দেয়া হলো। তৃতীয়তঃ বিষয়টি আমার সঙ্গে কর্মরত আইএএস অফিসার ধ্রুব দাসকে অবহিত করলাম। তিনি তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি দ্রুত জানাবেন মর্মে আমাকে আশ্বাস দিলেন।
এরই মধ্যে মেজর জলিলকে ফোন করে বললাম, তার সঙ্গের লোকজন নিজ নিজ ক্যাম্প থেকে বের হতে পারবে না, কারণ তাদের কেউ কেউ লুটপাট এবং সমাজবিরোধী কাজে লিপ্ত হয়েছে। তিনি শুধু আমাকে উপেক্ষাই করলেন না, একজন যুদ্ধবাজ সেনাপতির মতো আচরণ করতে থাকলেন। তার এই আচরণেরই প্রতিষেধক হিসেবে আমি সব পেট্রল পাম্প মালিকদের ডেকে আমার দেয়া স্লিপ ছাড়া কোন জ্বালানী সরবরাহ না করার জন্য নির্দেশ দিলাম। ‘কারো কাছ থেকে যদি হুমকি আসে, তাহলে পেট্রোল পাম্প বন্ধ করে দেবেন এবং কিছু সময়ের জন্য সেখান থেকে সরে থাকবেন। শেষ পর্যন্ত কেবলমাত্র আপনারাই দৃশ্যপটে থাকবেন, কোনো মেজর জলিল সেখানে থাকবে না,’ খুব শক্ত ভাষায় আমি তাদের জানিয়ে দিলাম। কিছু সময়ের মধ্যেই পেট্রল নেবার স্লিপ সরবরাহের জন্য মেজর জলিল আমাকে অনুরোধ করা শুরু করলেন। অন্য ভাষায় বললে, বেসামরিক কর্তৃপক্ষকে সমীহ করা শুরু করলেন। আমি বলে দিলাম, পেট্রোলের জন্য স্লিপ দেয়া হবে তখনই যখন আমি নিশ্চিত হবো যে তার লোকজন আর লুটতরাজে লিপ্ত হচ্ছে না। এর ফলে সে আমার বেসামরিক কৌশলের উত্তাপ অনুভব করা শুরু করলো।
চতুর্থতঃ, জেলা জনসংযোগ কর্মকর্তাকে নির্দেশ দিলাম সব জায়গায় ব্যাপকভাবে মাইকিং করে এবং লিফলেট বিতরণ করে জনগণকে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য অনুরোধ করতে এবং আইন ভঙ্গকারীদের বিষয়ে গোপনে আমার কাছে তথ্য পাঠাতে। যাদের হাতে অস্ত্র আছে তাদেরকে অস্ত্র সমর্পণ করার জন্য আহ্বান জানানোর ব্যবস্থা করার নির্দেশ দেয়া হলো। নির্দেশ অনুযায়ী ব্যবস্থা নেয়ার পর থেকেই পরিস্থিতির উন্নতি ঘটতে শুরু করলো। আওয়ামী লীগের এমপিদেরকে এই অতি গুরুত্বপূর্ণ শান্তি শৃঙ্খলা বজায় রাখার কাজে যুক্ত করলাম। এদের অনেকে নিজেরাই ছিল দুর্বৃত্ত। আর যারা এই কাজে লিপ্ত হয়নি তারা চোরাচালানে যুক্ত হয়ে মারোয়াড়িদের সাথে আঁতাত করে দ্রুত কিছু অর্থ আয়ের পথে নেমে গেছে। বস্তুত আমার খুলনা অবস্থানের প্রথম মাসে দিন রাত নির্বিশেষে প্রতি মিনিটে একটি করে গুলির শব্দ শুনতে পেতাম।
শেষতঃ একদিন অফিসে মিটিং করছি। আচমকা আমার ব্যক্তিগত সহকারীকে ঠেলে একটি সাব-মেশিনগান (এসএমজি) হাতে ষোড়শ ডিভিশনের একজন আমার কক্ষে ঢুকে পড়লো। তৎক্ষণাৎ সিদ্ধান্ত নিলাম সেই উন্মত্ত ষাঁড়টির শিং চেপে ধরতে হবে। খুব ঠান্ডা অথচ দৃঢ় কণ্ঠে তাকে জানালাম, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের দপ্তরে অস্ত্র নিয়ে প্রবেশের কোন সুযোগ নেই, তাই তাকে আধ ঘন্টা পর এসএমজিটা রেখে তাকে এখানে ফিরে আসতে হবে। কিন্তু সে আমার কথা পাত্তা দিলো না। আমি সেকেন্ডের ভগ্নাংশের মধ্যেই ঠিক করে নিলাম কী ব্যবস্থা নেবো। মৃদু হেসে যে চেয়ারে সে বসেছে সেদিকে এগিয়ে গেলাম। এমন ভাব করলাম যেন আমি তার সঙ্গে কথা বলতে চাই। তারপর আচমকা প্রচন্ড শক্তিতে তার চেয়ারে ধাক্কা দিলাম। সে মাটিতে পড়ে গেল এবং আমি তার এসএমজির বাট দিয়ে তাকে সমানে পেটাতে থাকলাম। এর মধ্যে কাছাকাছি থাকা পুলিশের লোকজন এবং অন্যরা তাকে ধরে ফেললো। কিন্তু যতক্ষণ পর্যন্ত প্রচুর রক্তক্ষরণ না হচ্ছে, আমি তাকে পেটাতেই থাকলাম। এর মধ্যে শত শত মানুষ আমার কক্ষ এবং আশেপাশে ভিড় জমিয়ে ফেললো। তাতে আমি যে বার্তা দিতে চেয়েছিলাম তা দেয়া হয়ে গেল।
মেজর জলিলকে নিয়ে বিভ্রান্তি
মেজর জলিলের ‘ভারতবিদ্বেষী’ একটি ভাবমূর্তি ছিল। শেখ মুজিব এবং আওয়ামী লীগ তার প্রতি অন্যায় করেছে এই মর্মে একটি কথা তখন প্রচলিত ছিল। কিন্তু এই ধারণার সঙ্গে বাস্তবতার কোন মিল নেই। জলিল শুরু থেকেই ছিল একজন কুখ্যাত অপরাধী। খুলনায় আমার যোগদানের সঙ্গে সঙ্গেই ট্রেজারি অফিসার আমাকে লিখিতভাবে জানালেন যে, একদিন আগে সে বন্দুকের মুখে এক লাখ টাকা চাঁদা আদায় করেছে। ট্রেজারি অফিসার এই ঘটনার অনেক প্রত্যক্ষদর্শীর নামও উল্লেখ করেন। বিষয়টির খুঁটিনাটি উল্লেখ করে আমাকে একটি চিঠি দেবার জন্য তাকে বললাম। ভবিষ্যৎ রেফারেন্সের জন্য বিষয়টি লিখিতভাবে সবাইকে জানিয়ে রাখলাম। জলিল একজন ব্যবসায়ীর কাছ থেকে জোর করে একটি টয়োটা গাড়ি ছিনিয়ে আনে। আমি শাসি নম্বর থেকে শুরু করে অন্যান্য তথ্য ভবিষ্যতে প্রমাণের জন্য লিখে রেখে দিই। আমি যখন তার লোকজনকে লুটপাটে লিপ্ত থাকার কারণে শহরে ঘোরাঘুরি না করার নির্দেশ দিয়েছিলাম তখন আমার সঙ্গে তার ব্যবহারের কথা ইতোমধ্যেই উল্লেখ করেছি।
তিনি ভারতীয় সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় কমান্ডের জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) জেনারেল জগজিৎ সিং অরোরার জন্য একটি নাগরিক সংবর্ধনার আয়োজন করেন। এতে আমার কোন সমস্যা ছিল না। কিন্তু কোন এক জায়গা থেকে ছিনতাই করা দুটি নতুন গাড়ি সরকারের অনুমতি ছাড়া তাকে তো উপহার দেয়া যায় না। আর কেমন করে ‘বাংলাদেশের মহান বন্ধু’ উপহারের বৈধতা এবং সূত্র না জেনেই তা গ্রহণ করতে পারলেন? সেই ঘটনাটিকেও আমি জলিলের বিরুদ্ধে আমার অভিযোগের তালিকায় অন্তর্ভুক্ত করলাম। তখন আরো শুনলাম, আওয়ামী লীগের শীর্ষস্থানীয় কিছু নেতা, কতিপয় মারোয়াড়ি ব্যবসায়ীর সঙ্গে হাত মিলিয়ে জলিল সুন্দরবনের কাঠ কেটে সেগুলো ভারতে পাচার করছেন।
জলিলের বিষয়ে আমার ধৈর্যের বাঁধ ভেঙ্গে গেল যখন একজন বিহারী মা জলিলের আদেশে অপহরণ করা তার তিন কিশোরী কন্যাকে ফিরিয়ে দেবার জন্য আমার কাছে মিনতি করলেন। আমি সঙ্গে সঙ্গে তাকে ফোন করলাম। নৈর্ব্যক্তিক কণ্ঠে সে আমাকে জবাব দিল, ‘এতে এমন কি ঘটে গেল? তারা আমাদের নারীদের ধর্ষণ করেছে। এখন আমাদের প্রতিশোধ নেবার পালা।’ উত্তরে বলেছিলাম, একজন নীতিবান মানুষ এবং সুশৃঙ্খল বাহিনীর সদস্য হয়ে এরকম যুক্তি দাঁড় করানো যায় না। তিনি যদি এখনি তিন কিশোরীকে তাদের মায়ের কাছে ফিরিয়ে না দেন তাহলে তিনি আমার চিরদিনের শত্রুতে পরিণত হবেন। তিনি আমাকে জাহান্নামের পথ ধরতে বললেন।
আমি বিশদ তথ্য সম্বলিত করে এই কুকর্মকারীকে খুলনা থেকে অপসারণ করার জন্য তাজউদ্দিন আহমেদকে (তখনো তিনি কলকাতায়) একটি চিঠি লিখলাম। চিঠিটি যেন দ্রুত প্রধানমন্ত্রীর কাছে পৌঁছে সেটিও নিশ্চিত করলাম। সম্ভবত ঘটনার দু’তিন দিন পর লেঃ কঃ মঞ্জুর (পিএএফ সারগোদা স্কুলে আমার জ্যেষ্ঠ ছিলেন) অসামরিক পোশাকে একটি বেসামরিক বাহনে করে যশোর ক্যান্টনমেন্ট থেকে আমার সঙ্গে দেখা করতে এলেন। তিনি জানালেন, মেজর জলিলকে গ্রেফতার করার আদেশ তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকে পেয়েছেন। আমি তাকে এই বিষয়ে সহায়তা করতে পারি কিনা জানতে চাইলেন। অত্যন্ত আগ্রহ সহকারে সহায়তা করতে প্রস্তুত রয়েছি বলে মঞ্জুর ভাইকে বললাম। এমন পরিস্থিতিতে আমি মেজর জলিলের সেকেন্ড ইন কমান্ড মেজর জয়নুল আবেদীনকে ফোন করে বললাম যে কর্নেল মঞ্জুর মেজর জলিলকে ফোন করে পাচ্ছেন না। তাকে জানাতে হবে পরদিন সকাল এগারোটায় যশোর ক্যান্টনমেন্টে অনুষ্ঠিতব্য সেক্টর কমান্ডারদের সভায় উপস্থিত থাকার জন্য। পরদিন খুলনা থেকে যশোর যাবার পথে লুকিয়ে বসে থাকা সেনাবাহিনীর লোকজন তাকে পাকড়াও করে ফেললো। নানা বিষয়ে মতবিরোধ হওয়ায় ভারতীয় বাহিনী তাকে আটক করেছে বলে যা চাউর হয়েছে তা ছিল নির্জলা মিথ্যা। (মাইনুল হোসেন চৌধুরী রচিত ‘দ্য সাইলেন্ট উইটনেস বাই এ জেনারেল : ফার্স্ট ডিকেড অব এ জেনারেল’ বইতে তিনি লিখেছেন, ‘ডিসেম্বরের শেষদিকে মেজর জলিলকে গ্রেপ্তার করে খুলনা থেকে এনে আমার কাছে ন্যস্ত করা হয়। …খুলনার ডেপুটি কমিশনার কামাল সিদ্দিকী, (পরবর্তীকালে খালেদা জিয়ার সচিব) মেজর জলিলের বিরুদ্ধে আনীত অভিযোগগুলোর বিষয়ে জানতেন। যদিও দাবি করা হয়েছে, ভারতীয় সেনাবাহিনী কর্তৃক অস্ত্র লুটপাটের প্রতিবাদের কারণে তাকে গ্রেফতার করা হয়েছে। (পৃষ্ঠা-২১) এডর্ন পাবলিকেশন্স, ঢাকা, ২০১২)।’ দৃশ্যপট থেকে জলিলের চলে যাবার পরে পরিস্থিতি অনেক ভালো হলো, কিন্তু জলিলের সাথে আমার সমস্যার তখনো সমাধান হয়নি।
কয়েক মাস পরে যখন আমি শিক্ষা মন্ত্রণালয়ে উপ-সচিব পদে কাজ করছি তখন মেজর জলিলের বিচারের জন্য গঠিত সামরিক আদালতের চেয়ারম্যান কর্নেল তাহেরের কাছ থেকে একটি সমন পেলাম। আমি সাক্ষ্য দেবার জন্য মানসিক প্রস্তুতি নিচ্ছিলাম এবং এই পোশাকধারী অপরাধীর বিরুদ্ধে সব সত্য কথা বলে দেবার জন্য দৃঢ়প্রতিজ্ঞ ছিলাম, যদিও জানতাম এতে গোটা জীবন তার ক্রোধের শিকার হবো। খুলনার ট্রেজারি অফিসারের বক্তব্যসহ প্রয়োজনীয় সকল কাগজপত্র খুলনা থেকে সংগ্রহ করে সকল প্রামাণিক দলিলপত্র নিয়ে প্রস্তুত হয়ে ওখানে গেলাম। আমার সাক্ষ্য নেবার একদিন আগে হঠাৎ করে আমার নতুন বস শিক্ষামন্ত্রী অধ্যাপক ইউসুফ আলী আমাকে ডেকে পাঠালেন। আমাকে পাঠানো সমনটি বাতিলের একটি চিঠি আমার হাতে ধরিয়ে দিলেন। এর মর্মার্থ মন্ত্রীর কাছে জানতে চাইলাম। তিনি জানালেন যে শেখ আবু নাসেরের মধ্যস্থতায় সরকারের সঙ্গে জলিলের রফা হওয়াতে সরকার তাকে মুক্তি দেবার সিদ্ধান্ত নিয়েছে। সরকারের এই সিদ্ধান্তের আলোকে কর্নেল তাহের এর সামরিক আদালত সাক্ষ্য প্রমাণ না দেখে তাকে সামরিক দায়িত্ব থেকে অব্যাহতি এবং বন্দীদশা থেকে মুক্ত করে দিল।
…
[সাথে মেজর জলিলের “অরক্ষিত স্বাধীনতাই পরাধীনতা” (১৯৮৮) বইয়ে উনি যা বলছিলেন, সেইটাও পড়তে পারেন, মেজর জলিল রচনাবলী’র (২০০৬), ৬৭-৭০ পেইজে আছে লেখাটা…]
মেজর জলিল
বাংলাদেশে ভারতীয় বাহিনীর পরিকল্পিত লুণ্ঠন
১৬ ডিসেম্বর ভারতীয় সেনাবাহিনীর কাছে পাকিস্তানী সেনাবাহিনীর আত্মসমর্পণের সূত্র ধরেই যদি বলা যায়, তাহলে ১৬ ডিসেম্বরের পরে বাংলাদেশে ভারতীয় সেনাবাহিনী কর্তৃক ব্যাপক লুণ্ঠন প্রক্রিয়া ভারত এবং তার তাবেদার গোষ্ঠীর দৃষ্টিতে তা মোটেও অপরাধযোগ্য ছিল না। কারণ, বিজিত ভূখণ্ডে বিজয়ী সেনাবাহিনী কর্তৃক সম্পদ লুটতরাজ করাকে আনন্দ-উল্লাসেরই স্বতঃস্ফূর্ত বহিঃপ্রকাশ বলে বিবেচনা করা হয়।
স্বাধীনতার ঊষালগ্নে ভারতীয় সেনাবাহিনী কর্তৃক বাংলাদেশের সম্পদ লুণ্ঠন প্রক্রিয়াকে যারা উপরোক্ত দৃষ্টিভঙ্গিতে বিবেচনা করেন তাঁরা প্রকারান্তরে এ সত্যটিই স্বীকার করে নিয়েছেন যে, বাংলাদেশ ভারতীয় সেনাবাহিনী কর্তৃক একটি বিজিত ভূখণ্ড মাত্র।
আর যাঁরা ১৬ ডিসেম্বরকে বাঙালীর ‘বিজয় দিবস’ এবং বাংলাদেশ সত্যিকার অর্থে স্বাধীন-সার্বভৌম বলে মনে করেন এবং এ কথাও বলেন যে, স্বাধীনতার পরে বাংলাদেশে ভারতীয় সেনাবাহিনী কোন সম্পদ লুটতরাজ করেনি, তাঁরা যে বন্ধু ভারতের কোন দোষ-ত্রুটিই অনুসন্ধান করতে রাজী নয়—এ কথা বলার আর অপেক্ষা রাখে না।
কিন্তু যারা দেশপ্রেমে সমৃদ্ধ মুক্তিযোদ্ধা, সত্যান্বেষী এবং মুক্তিপিপাসু তারা নিজেদের ভূখণ্ডকে মুক্তিযুদ্ধের মধ্য দিয়েই স্বাধীন করেছে বলে বিশ্বাস করে, তারা বাংলাদেশকে ভারতের বিজিত ভূখণ্ড বলে কখনই মনে করে না। তারা মনে করে ভারতের সম্প্রসারণবাদী প্রতিক্রিয়াশীল শাসকগোষ্ঠী মুক্তিযুদ্ধের শেষ পর্বে সমগ্র মুক্তিযোদ্ধার ভয়ে ভীত হয়েই বাঙালীর স্বাধীনতার গৌরবকে জবর দখলের মধ্য দিয়ে নিজেদের হীন স্বার্থ উদ্ধার করেছে মাত্র। উপরোক্ত ধ্যান-ধারণায় পুষ্ট দেশপ্রেমিক মুক্তিযোদ্ধারা ১৬ ডিসেম্বরের পরে মিত্রবাহিনী হিসেবে পরিচিতি ভারতীয় সেনাবাহিনীকে নব্য স্বাধীন বাংলাদেশের বিভিন্ন সম্পদ মালামাল লুণ্ঠন করতে দেখেছে। সে লুণ্ঠন ছিল পরিকল্পিত লুণ্ঠন সৈন্যদের স্বতঃস্ফূর্ত উল্লাসের বহিঃপ্রকাশ স্বরূপ নয়। সে লুণ্ঠনের চেহারা ছিল বীভৎস-বেপরোয়া। সে লুণ্ঠন ছিল একটি সচেতন প্রক্রিয়ারই ধারাবাহিক কর্মতৎপরতা। মুক্তিযুদ্ধের নবম সেক্টরের অধিপতি হিসেবে আমি সেই ‘মটিভেটেড’ লুণ্ঠনের তীব্র বিরোধিতা করেছি—সক্রিয় প্রতিরোধও গড়ে তুলতে চেষ্টা করেছি। লিখিতভাবেও এই লুণ্ঠনের প্রতিবাদ জানিয়ে প্রধানমন্ত্রী জনাব তাজউদ্দীন, কর্নেল ওসমানী এবং ভারতীয় পূর্ব অঞ্চলের সর্বাধিনায়ক লেঃ জেনারেল অরোরার কাছে জরুরী চিঠিও পাঠিয়েছি। তাজউদ্দীন সাহেবের পাবলিক রিলেশন্স অফিসার জনাব আলী তারেকই আমার সেই চিঠি বহন করে কোলকাতায় নিয়েছিলেন। ১৭ ডিসেম্বর রাতেই সেই বিশেষ চিঠিখানা পাঠানো হয়েছিল। খুলনা শহরে লুটপাটের তাণ্ডব নৃত্য চলেছে, তা তখন কে না দেখেছে। ভারতীয় সেনাবাহিনী কর্তৃক সেই লুটপাটের খবর চারিদিক থেকে আসা শুরু করে।
পাকিস্তানী বাহিনী কর্তৃক পরিত্যক্ত কয়েক হাজার সামরিক-বেসামরিক গাড়ি, অস্ত্র, গোলাবারুদসহ আরো অনেক মূল্যবান জিনিসপত্র ট্রাক বোঝাই করে নিয়ে যাওয়া হচ্ছিল। ‘প্রাইভেট কার’ পর্যন্ত যখন রক্ষা পায়নি, তখনই কেবল আমি খুলনা শহরের প্রাইভেট গাড়িগুলো রিকুইজিশন করে খুলনা সারকিট হাউস ময়দানে হেফাজতে রাখার চেষ্টা করি। এর পূর্বে যেখানে যে গাড়ি পেয়েছে, সেটাকেই পাঠিয়ে দেয়া হয়েছে সীমান্তের ওপারে। যশোর সেনানিবাসের প্রত্যেকটি অফিস এবং কোয়ার্টার তন্ন তন্ন করে লুট করেছে। বাথরুমের ‘মিরর’ এবং অন্যান্য ফিটিংস পর্যন্ত সেই লুটতরাজ থেকে রেহাই পায়নি। রেহাই পায়নি নিরীহ পথযাত্রীরা। কথিত মিত্র বাহিনীর এ ধরনের আচরণ জনগণকে ভীত-সন্ত্রস্ত করে তুলেছিল। বাংলাদেশে প্রবেশের সাথে সাথেই যাদের শ্রী এমন, তারা যদি বাংলাদেশ ত্যাগ না করে বাংলাদেশের মাটিতেই অবস্থান করতে থাকে তাহলে কি দশা হবে দেশ ও জাতির? একটি রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে এ কোন ধরনের স্বাধীনতা অর্জন করলাম আমরা—এ ধরনের নানান প্রশ্ন দেখা দিল জনমনে। আমি জনগণ থেকে যেহেতু মোটেও বিচ্ছিন্ন ছিলাম না, সুতরাং ভারতীয় সেনাবাহিনীর আচরণে আমি শুধু বিক্ষুব্ধই হয়ে উঠিনি এবং তাদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করার পর্যায়ে চলে গেলাম। খুলনার নিউজপ্রিন্ট মিলের রেস্ট হাউজে অবস্থানরত আমার প্রতিপক্ষ ভারতীয় সেনাবাহিনীর অধিনায়ক মেজর জেনারেল দালবীর সিংকে আমি সতর্ক করে দিয়ে বল্লাম, ‘দেখামাত্র গুলীর হুকুম দিয়েছি আমি। ভারতীয় সেনাবাহিনীকে লুটতরাজ করা হতে বিরত রাখুন।’
জেনারেল দালবীর আমার হুশিয়ার বাণী খুবই হালকাভাবে গ্রহণ করে এমন ভাবখানা দেখালেন যেন আমি তারই অধীনস্থ একজন প্রজামাত্র। তারপরের ইতিহাস খুব দ্রুত ঘটে গেছে। খুলনার বিভিন্ন জায়গায়, যশোর বর্ডারে, সাতক্ষীরা-ভোমরা বর্ডারে ভারতীয় বাহিনীর এ ধরনের আচরণ সম্পর্কে সতর্ক করে দেয়ার জন্য আমি ২০ ডিসেম্বর তারিখ রাত্রে একটা স্টীমার যোগে বরিশাল যাওয়ার উদ্যোগ গ্রহণ করি।
খুলনা পরিত্যাগ করতে হলে না-কি ভারতীয় সেনাবাহিনী কমান্ডের হুকুম নিতে হবে—এ কথা শোনার পরে ভারতের আসল মতলবখানা আমার কাছে পরিষ্কার হয়ে উঠল। অগত্যা, আমি সেক্টর কমান্ডার হিসেবে ভারতীয় নির্দেশ মেনে চলতে মোটেও বাধ্য ছিলাম না। পাকিস্তান সেনাবাহিনীর ব্যূহ ভেঙে দেশ মুক্ত করলাম ভারতীয় সেনাবাহিনীর নির্দেশ মেনে চলার জন্য নয়। একটি মুক্তিপিপাসু জাতির ভাবাবেগ অনুধাবন করতে ভারতীয় কর্তৃপক্ষ কেবল চরমভাবে ব্যর্থই হয়নি, বরং অনুধাবন করার সামান্যতম ধৈর্য্যও প্রদর্শন করেনি তারা। অন্য কথায়, তারা কোন কিছুর তোয়াক্কাই করেনি। সংগ্রামী বাংলাদেশ নয়, ভারত যেন একটা মগের মুল্লুক বিজয় করেছে বলে মনে হল আমার কাছে। সে যা-ই হোক, ভারতীয় কর্তৃপক্ষের বাধা-নিষেধ উপেক্ষা করেই আমি দলবলসহ ‘ইনভেসটিগেশন’ জাহাজটিতে চড়ে ২১ ডিসেম্বরই বরিশাল অভিমুখে রওয়ানা হই। বরিশাল, পিরোজপুর, ভোলা, পটুয়াখালী ইত্যাদি জায়গাগুলোতে জনসভার আয়োজন করা হয় এবং জনগণকে ভারতীয় বাহিনীর আচরণ সম্পর্কে সতর্ক করে দেই। আওয়ামী ছাত্র লীগের যৌথ আয়োজনেই সেই জনসভাগুলো অনুষ্ঠিত হয়। ভারতীয় সেনাবাহিনীর কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছিল অবিলম্বে মুক্তিযোদ্ধাদের নিরস্ত্র করবে এবং সকল অস্ত্র জমা করে সীমান্তের ওপারে নিয়ে যাওয়া হবে।
ভারতীয় বাহিনীর এ ষড়যন্ত্রের বিরুদ্ধেও আমি জনসভাগুলোতে সোচ্চার হয়ে উঠলাম। আমার পরিষ্কার নির্দেশ ছিল, পশ্চিম পাকিস্তানে বন্দী স্বাধীন বাংলার স্থপতি জনগণের প্রাণপ্রিয় নেতা শেখ মুজিবুর রহমানকে মুক্ত না করা পর্যন্ত বাঙালী জনগণের মুক্তিযুদ্ধ চলতে থাকবে। শেখ মুজিবের হস্তেই কেবল মুক্তিযোদ্ধারা তাদের অস্ত্র সমর্পণ করে দেবে।
আমার এই আহ্বান এবং নির্দেশ মুক্তিযোদ্ধা এবং জনগণের মনে ব্যাপক উদ্দীপনার জন্ম দেয়। বাংলাদেশে অবস্থিত ভারতীয় গোয়েন্দাবাহিনী এবং কট্টর ভারত সমর্থকগোষ্ঠী আমার চেতনা এবং অনুভূতির তাৎপর্য সঠিকভাবে বুঝে উঠতে সক্ষম তো হয়নি, বরং ভুল বুঝেছে। এখানে একটা বিষয়ে সকলেরই পরিষ্কার হওয়া প্রয়োজন এবং তা হচ্ছে, স্বাধীনতার সেই ঊষালগ্নে বিধ্বস্ত বাংলাদেশের সম্পদ রক্ষা করার যে আগ্রহ এবং বাসনা আমরা প্রদর্শন করেছি, তা ছিল আমাদের জাতীয় সম্পদ রক্ষা করারই স্বার্থে কেবল, ভারতবিরোধী হয়ে ওঠার জন্য নয়। জাতীয় সম্পদ রক্ষার চেষ্টা কেবল নিঃস্বার্থ দেশ প্রেমেরই লক্ষণ, কারো বিরুদ্ধে শত্রুতা সৃষ্টি করার ষড়যন্ত্র মোটেও নয়। বন্ধু ভারত এখানে হিসেবে ভুল করেছে আর তাই দেশপ্রেমের পুরস্কার হিসেবে আমাকে যশোর থেকে ‘এমবুশ’ করে অর্থাৎ গোপনে ওৎপেতে থেকে ভারত বাংলাদেশ যৌথ বাহিনীর সশস্ত্র উদ্যোগে গ্রেফতার করে।
আমারই সাধের স্বাধীন বাংলায় আমিই হলাম প্রথম রাজবন্দী। ৩১ ডিসেম্বর বেলা ১০টা সাড়ে ১০টায় আক্রমণকারী বাহিনীর হাতে বন্দী হয়ে বাংলাদেশের স্বাধীনতার আসল রূপের প্রথম দৃশ্য দেখলাম আমি। ভারতীয় সৈন্য বাহিনীর মদদে বাংলাদেশ স্বাধীন করার অর্থ এবং তাৎপর্য বুঝে উঠতে আমার তখন আর এক মিনিটও বিলম্ব হয়নি।
১৯৭১ সনের সেই ৩১ ডিসেম্বর রাত ১২টা ১ মিনিটের কথা আমি কোনদিনও ভুলতে পারব না। যশোর সেনা ছাউনির অফিসার কোয়ার্টারের একটি নির্জন বাড়িতে আমাকে সকাল ১১টায় বন্দী করা হয়। বাড়ি না যেন হানাবাড়ি। ঘুট ঘুটে অন্ধকার, আশেপাশে বেশ কিছু নরকংকাল পড়ে আছে। ঘরের রুমে মানুষের রক্তের দাগ। কোন ধর্ষিতা বোনের এলোমেলো ছেঁড়া চুল, বাইরে কাক, শকুন, শেয়াল এক যোগে ব্যস্ত। ভেতরে মশারা কামান দাগিয়ে আছে। বাথরুমে পানি নেই। ডিসেম্বরের ভিজে শীত। বাইরে সেনা সেন্ট্রির বুটের কট্মট্ আওয়াজ। সারা দিন গেল, কোন খাওয়া বা খাবার পানি পর্যন্ত এলো না। ৫ রুম বিশিষ্ট বাড়িটির রুমে রুমে যেন কান্না আর হাহাকার। সন্ধ্যা হতেই প্যাঁচার গোঙগানী শুরু হয়। সহযোগী ভুতুমও পেছনে পড়ে নেই। বাড়িটির একটা রুমেও লাইট নেই। একটা খাটের ওপরে একটা আধ ছেঁড়া কম্বল এবং তখন সেটাই আমার আপন একমাত্র আশ্রয়স্থল। কোনমতে কম্বলটা জড়িয়ে বসে আছি। রাত ১২টা ১ মিনিটে যশোর সেনা ছাউনি নতুন বছরের উজ্জীবনী গীতিতে মুখর হয়ে উঠল। নারী-পুরুষের যৌথ কণ্ঠের মন মাতানো সংগীত, নাচ, হাততালি, ঘুঙুরের ঝনঝনানী, উল্লাস, উন্মাদনা সবই ভেসে আসছিল কর্ণকুহরে। আমার মাটিতে প্রথম নববর্ষেই আমি অনুপস্থিত। এ কথা ভাবতেই আমি কানে আর কিছুই শুনতে পেলাম না। শুনলাম কেবল একটা ব্যঙ্গাত্মক অট্টহাসি—”রক্ত দিয়ে এই স্বাধীনতা আনলে তোমরা” যার অর্থ দাঁড়ায় কতকটা এরকম।
রাতের ঘুটঘুটে সেই অন্ধকারে আমি সেদিন কম্বল জড়িয়েও ঘেমে উঠেছিলাম, শিউরে উঠেছিলাম পুনঃ পুনঃ। স্বাধীনতার সতের বছর পরেও আমি নিশ্চিত হতে পারছিনে, অন্ধকারে আজো আমি একই ভাবে শিহরে উঠি আর যেন শুনতে পাই—”রক্ত দিয়ে এই স্বাধীনতা আনলে তোমরা।”
বাছবিচার
Latest posts by বাছবিচার (see all)
- মেজর জলিল’রে নিয়া কামাল সিদ্দিকী’র বয়ান - November 20, 2026
- তর্ক-বিতর্ক ও বাদানুবাদ – সৈয়দ আহমদ - October 17, 2026
- সুলতান – কামাল সিদ্দিকী - September 28, 2026