[বাংলা ১৩৩২ সালে ঢাকার ফুলবাড়িয়ায় ইসলামিয়া প্রেসে ছাপানো “বাংলার বলশী” বই থিকা লেখাটা নেয়া হইছে…]

ঋণের দায়ে চাষা ভেঙ্গে পড়ছে। অতিরিক্ত হারে সুদ দিয়ে দিয়ে চাষা ঋণ কিছুতেই পরিশোধ ক’রে উঠতে পারে না। ১ টাকা ধার করে একজন চাষা সারা জীবন মহাজনের ঘরে উসুল ক’রে শোধ করতে পারেনি – তার ছেলে সেই জের টানতে শুরু করেছে। বাংলার পল্লী সমাজে এই চাষার ঋণ একটা দানবের খেলা বলে বোধ হয়। মহাজনের আসন পল্লী সমাজের মাথায় তোলা আছে। মহাজন টাকা না দিলে চাষার মরতে চব্বিশ ঘণ্টাও লাগে না। সে মহাজনের গোলা হ’তে ধান আনছে খাচ্ছে আর চষে খুঁড়ে যা পাচ্ছে তা পিঠে ক’রে নিয়ে মহাজনের গোলা ভরছে। এইরূপে চাষার দুনিয়াটা সত্য সত্য ঘুরছে। বৎসরে এক একবার ঘুরে এসে অমনি মহাজনের প্রাঙ্গণে তার এক আবর্তন পূর্ণ করে। চাষা মহাজনের বাড়ী হ’তে যাত্রা আরম্ভ করে আর মাঠ ঘুরে এসে মহাজনের গোলার মুখে ‘তুচ্ছ দিনের ক্লান্তি মানি’ নিমেষে দূর করে। চাষার সঙ্গে এই মহাজনের এমনি সম্বন্ধ হ’য়েছে যে, কেহই কাহাকেও ছাড়তে পারছে না। চাষা ক্রমেই মহাজনের বাড়ীতে ব’সে যাচ্ছে। মহাজনও সুযোগ বুঝে তার স্কন্ধে চেপে বসছে খুব ভাল ক’রে। চাষা ফিরে বাড়ী যেতে পারছে না। এখন চায়াকে বাড়ী নিতে হ’লে, তার মাঠের ধান নিজের গোলায় উঠাতে হ’বে, মহাজনের গোলার খুঁটি হ’তে তার পায়ের শৃঙ্খল মুক্ত করতে হবে। সে যে নানা উপায়ে সেখানে বাধা পড়েছে। তার জমি ক্ষেতগুলিও মহাজনের বাক্সের মধ্যে আটকান। সে গুলিও বের করে দিতে হবে। মহাজনের সঙ্গে চাষার কোন সম্পর্কই যাতে ক’রে না থাকতে পারে তার একটা ব্যবস্থা করতে হবে।

ভারত গভর্ণমেন্ট এ যে ‘করতে হবে, অনেক দিন পূর্ব্বে বুঝে কো-অপারেটিভ ক্রেডিটের জারি করলেন। অমনি হাজার হাজার কর্মচারী নিযুক্ত হ’য়ে গেল। দেশে দেশে সোসাইটী গঠিত হ’ল। বাংলাদেশে শ্রমন শত শত সোসাইটী হয়েছে। এর উদ্দেশ্য হচ্ছে চাষার ঋণ কমিয়ে দিয়ে তাকে ঋণযুক্ত কর – তাকে মহাজনের গ্রীবা (কবল) হ’তে নিষ্কৃতি ক’রে দেওয়া। আজ প্রায় একুশ বৎসর হ’তে এই অনুষ্ঠান বাংলা দেশের জেলা মহকুমায় বৎসর বৎসর সম্পন্ন হচ্ছে। ব্যাঙ্ক খোলা হয়েছে চাষাকে টাকা দেওয়ার জন্য। ব্যাঙ্কের ডিরেক্টর সেক্রেটারী বড় বড় শিক্ষিত উকিল মোক্তার ইত্যাদি। তাঁরা চাষাকে ঋণ মুক্ত করবার জন্য ব্যবস্থা করতে লেগেছেন। কো-অপারেটিভ ক্রেডিট কাকে বলে সে সম্বন্ধে আমি বলব না। তবে এই চাষার ‘ঋণগ্রস্ত হওয়া’ রোগটাকে সারবার জন্য অল্প সুদে ঋণের যে ব্যবস্থা খোলা হয়েছে তাতে চাষা র রোগ সারছে কি বাড়ছে সে সম্বন্ধে সংক্ষেপে একটু বলে এই প্রবন্ধের উপসংহার করতে চাই।

পল্লী মহাজন যে চাইত তাকেই টাকা দিত, তবে সুদের হার বেশী। আর ক্রেডিট ওয়ালারাও টাকা দিচ্ছে তবে তাদের সুদের হার খুব কম। প্রভেদ শুধু সুদের অল্প হারেই দেখা যাচ্ছে তা নয় আর একটু বৈসাদৃশ্য আছে। মহাজনের নিকট একজন দুইজন দশজন ব’লে কোন বাঁধা বাঁধি নিয়ম নাই – সে প্রত্যেককে ভিন্ন ভিন্ন টাকা দেয়। কিন্তু ক্রেডিট্ দাতৃগণ ‘গাতা’ ক’রে অর্থাৎ দশ বিশজন একসঙ্গে না গেলে টাকা ছাড়েন না। গ্রামের মাতব্বর যাঁরা তাঁরাই জামিন হয়ে সোসাইটী গঠন ক’রে টাকা বিতরণ করেন। পূর্ব্বে যে ঋণ করত না বা ঋণের ভয় করত ও মহাজনের নাম শুনে আতঙ্কে কাঁপত, অল্প সুদের লোভে সেও নির্ভয়ে ধীরে ধীরে সোসাইটীর খাতায় নাম লেখাচ্ছে। টাকা আদায়ে করতে ডিরেক্টরদের কোন কষ্টই নাই। গ্রামের মাতব্বরগণ ঋণীদের কে কেমন অবস্থাপন্ন সমস্তই জানেন। তাঁরা অমনি তাদের গরু বাছুর ধান চাল আটক ক’রে টাকা আদায় করে লন। আবার ঋণীরা এসে নূতন বৎসরে নূতন ক’রে টাকা ধার করে। তাতে ক’রে ঋণ কমছে না বা প্রথম ঋণীরা ঋণমুক্ত হ’য়ে পায়ে ভর দিয়ে দাঁড়াতে শিখেনা। তাদের স্বভাবও পরিবর্তন হয় না। সুদের হার কম হওয়াতে তারা টাকা বেশী গ্রহণ করে; কিন্তু জমিতে জন্মায় পূর্ব্বাপেক্ষা বেশী নয়, কাজেই তারা মহাজনের নিকট কম টাকা গ্রহণ ক’রে যে পরিমাণ সুদ দিত সোসাইটিতেও তারা সেই পরিমাণ সুদই দিচ্ছে কারণ টাকা বেশী এখানে। তা ছাড়া যারা মহাজনের কাছে ঘেঁসত না, তারাও সোসাইটীতে এসে ঋণী হয়ে বসেছে শুধু অল্প হারের লোভে। চাষাদের অভাব সকলেরই। তবে টাকা পাওয়া কঠিন হ’লে তাদের অনেক কষ্ট সহ্য করেই কাটাতে হয়; কিন্তু টাকা পাওয়া সহজ হ’লে সে কষ্টটুকু আর করতে হয় না। অতএব দেখতে পাওয়া যায়, ক্রেডিট সোসাইটি ঋণ কমাচ্ছে না বরং ঋণীর সংখ্যা অনুপাতে বেশী করছে। সোসাইটী আরও বৈজ্ঞানিক উপায়ে টাকার ব্যবসায় করতে বসেছে। পল্লী মহা জনের পরিবর্তে আমরা শহুরে বৈজ্ঞানিক মহাজন পেয়েছি। তাতে চাষারা বৈজ্ঞানিক উপায়ে ঋণগ্রস্ত হ’তে শিখছে।

কিন্তু আমরা ত তা চাই না, চাষাকে ঋণী হ’তে আমরা দিব না। সে নিজে উপায় ক’রে আয় উৎপন্ন ক’রে স্বচ্ছন্দ সচ্ছল সম্পদশালী হোক্ এই আমরা চাই। সুদ কমিয়ে তাকে ঋণ করতে অভ্যস্ত করালে সে ত ঋণের হাত হ’তে মুক্তি লাভ করতে পারবে না। সে ঋণই ক’রে চলবে। সে ঋণ ছাড়াতে হয় কিরূপে তা ত শিখতে পারছে না। ক্রেডিট সোসাইটীর পরিদর্শকবর্গ অনেক সময় সত্য ন্যায় ধর্ম্মের মস্তকে পদাঘাত করতে ইতস্ততঃ করেন না; কাজেই তাঁরা চাষার কর্তব্যগুলিও দেখিয়ে দিতে চান না অতখানি কষ্ট স্বীকার ক’রে। সবাই শোষণ করবেন তবে আর পুরণ করবে কে?

The following two tabs change content below.

বাছবিচার

এডিটর, বাছবিচার।