[বদরুদ্দীন উমরের এই লেখাটা উনার “”বাংলাদেশের অভ্যুদয় (পূর্ব পাকিস্কানের ইতিহাস): দ্বিতীয় খন্ড (১৯৫৮-১৯৭১)” বইয়ের লাস্ট চ্যাপ্টার। মূল লেখা ইংরেজিতে, সেইটা বাংলায় ট্রান্সলেট করছেন মুঈদ্দীন আহমদ, সামিউল আলম রিচি। বইটা ছাপাইছেন বাতিঘর, ফেব্রুয়ারি ২০২৩ সালে। বইয়ের ৪১১- ৪২৪ পেইজে এই লেখাটা আছে।]
…
স্বাধীনতার ঘোষণা
পূর্ব পাকিস্তানের আঞ্চলিক স্বায়ত্তশাসন আদায়ের সাংবিধানিক আন্দোলনকে শেখ মুজিবুর রহমান একেবারে চূড়ান্ত পর্যায়ে নিয়ে গিয়েছিলেন। আওয়ামী লীগ যে ভাবে আঞ্চলিক স্বায়ত্তশাসনের স্বপ্ন দেখেছিল এবং সে অনুযায়ী দাবী তুলেছিল, পাকিস্তানের রাষ্ট্রীয় কাঠামোর মধ্যে থেকে তা প্রকৃতপক্ষে অর্জন করা যেত না। আন্দোলন মার্চ মাস নাগাদ এমন একটা পর্যায়ে পৌছায় যে সাংবিধানিক পথে থেকে তা আর এগিয়ে নিয়ে যাওয়া কোনো ক্রমেই সম্ভব ছিল না। কিংবা অন্য ভাবে বললে, আওয়ামী লীগের আত্মনিয়ন্ত্রণ ও স্বায়ত্তশাসনের সাংবিধানিক আন্দোলন অকার্যকর হয়ে ভেঙে পড়েছিল।
কিন্তু আন্দোলন আওয়ামী লীগের নিয়ন্ত্রণের বাইরে সমস্ত বাধা ভেঙে প্রবলভাবে এগিয়ে চলছিল। এই ঝোঁক আরও জোরালো হয়ে ওঠে যখন ইয়াহিয়া খান ১৯৭১-এর পয়লা মার্চ এক ঘোষণায় ৩ তারিখে অনুষ্ঠেয় জাতীয় পরিষদের অধিবেশন পিছিয়ে দিলেন।
৭ মার্চের পর আওয়ামী লীগ নিয়ম মাফিক প্রাদেশিক পরিষদের কোনো অধিবেশন আহ্বান করা ছাড়াই, পুলিশ, জেল প্রশাসনসহ, সমগ্র প্রাদেশিক প্রশাসনের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়ে নেয়। এ কাজ করা হয় গণতান্ত্রিক অধিকারের নামে এবং এমন ভাবে যে এর আর কোনো সাংবিধানিক চরিত্র থাকেনি। এই পদক্ষেপের ফলে সাংবিধানিক পথের এই আন্দোলন সাংবিধানিকতার সীমানার বাইরে সম্প্রসারিত হয় পড়ে। একটি সাংবিধানিক রাজনৈতিক দলের জন্য এ ছিল এক ব্যতিক্রমী অর্জন।
আওয়ামী লীগ কোনো সাংবিধানিক রাজনৈতিক দল না হলে এবং যার কর্মসূচি পাকিস্তানের রাষ্ট্রীয় কাঠামোয় স্বায়ত্তশাসনের মধ্যেই সীমাবদ্ধ না থাকলে বিপুল জনসমর্থনের ন্যায্যতার ওপর দাঁড়িয়ে ৭ মার্চ তারা স্বাধীনতা ঘোষণা করতে পারত। সেই সময়ে পূর্ব পাকিস্তানে সেনাবাহিনীতে বাঙালীরাই সংখ্যাগরিষ্ঠ ছিল এবং বাঙালি অফিসার আর জওয়ানরা পাকিস্তান রাষ্ট্র আর পশ্চিম পাকিস্তানী সেনাবাহিনীর বিরুদ্ধে বিদ্রোহ করতে প্রস্তুত ছিল। তাদের শুধু প্রয়োজন ছিল আওয়ামী লীগ নেতা শেখ মুজিবের কাছ থেকে একটি আহ্বান।
আওয়ামী লীগ সেই পথে যায়নি, কেননা সে রকম কোনো পরিকল্পনা তাদের ছিল না। বরং তারা অসহযোগ আন্দোলনের সাংবিধানিক পথেই চলছিল এমন একটা সময়ে, যখন পুরো দেশ পাকিস্তানী শাসকদের বিরুদ্ধে চরম ক্রোধে ফুঁসছিল এবং আওয়ামী লীগ স্বাধীন বাঙলাদেশ সরকার গঠনের ঘোষণা দিলে তাকে রক্ষার জন্য ঐক্যবদ্ধভাবে উঠে দাঁড়াত। তবে আওয়ামী লীগ, বিশেষত শেখ মুজিবুর রহমান, হতবুদ্ধি হয়ে পড়েছিলেন, সমস্ত বুলি ও বাগাড়ম্বর সত্ত্বেও একই জায়গায় আটকে ছিলেন এবং চূড়ান্ত পদক্ষেপটি গ্রহণে অসমর্থ ছিলেন।
পুরো পূর্ব পাকিস্তানের বেসামরিক প্রশাসনের ওপর পূর্ণ কর্তৃত্ব থাকার পরও দৃঢ়তার এই সংকটের কারণে আওয়ামী লীগের অবস্থান দুর্বল হয়ে পড়ে। জনগণের মধ্যে প্রবল অস্থিরতা, যার মধ্যে ছাত্ররাও ছিল, যারা খোলাখুলিভাবে স্বাধীনতার আওয়াজ তুলছিল, যা লক্ষ্য করছিল পাকিস্তানের সামরিক কর্তৃপক্ষ, রাষ্ট্রপতি ইয়াহিয়া খান এবং ভুট্টোও। ফলে আওয়ামী লীগ নেতৃত্বকে আলোচনার ফাঁদে আটকে রেখে সময়ক্ষেপণ করা তাদের জন্য কঠিন হয়নি, যার সুযোগে তারা যত দ্রুত সম্ভব পূর্ব পাকিস্তানে সামরিক শক্তি জোরদার করতে থাকে।
আলোচনার গতিপ্রকৃতি গভীরভাবে পর্যালোচনা করলে দেখা যায়, যতই দিন যাচ্ছিল আওয়ামী লীগের দর-কষাকষির ক্ষমতা কমে আসছিল এবং আলোচনায় সরকার পক্ষ আওয়ামী লীগকে ক্রমেই এঁটে ধরছিল। ২৪ মার্চ সন্ধ্যায় আলোচনা ভেঙে পড়ে।
২৫ মার্চ রাতে সামরিক হামলা শুরু হয় যার জন্য কোনো রকম প্রস্তুতিই আওয়ামী লীগের ছিল না এবং সে কারণে, এর জন্য কোনো নতুন পরিকল্পনা তৈরি করা তাদের পক্ষে সম্ভব ছিল না।
পূর্ব বাঙলার জনগণের উপর যে যুদ্ধ পাকিস্তানী সরকার চাপিয়ে দিয়েছিল জনগণের দিক থেকে তার প্রতিরোধ শুরু হল। বস্তুত সেই অবস্থায় কোনো আনুষ্ঠানিক যুদ্ধ ঘোষণা বা স্বাধীনতার ঘোষণার প্রয়োজন ছিল না। ২৫ মার্চ রাতের আক্রমণ স্বয়ংক্রিয়ভাবে ও অনিবার্যভাবে জনগণকে এমন এক যুদ্ধের দিকে টেনে নিয়ে গেল যা স্বাধীনতা যুদ্ধের চেয়ে কম কিছু ছিল না।
যুদ্ধের শুরুতেই আওয়ামী লীগের প্রধান নেতা শেখ মুজিবর রহমান পাকিস্তানি সেনাবাহিনীর কাছে আত্মসমর্পণ করেন এবং তাঁর দলের লোক ও অনুসারীদের এক অংশ ‘পড়িমড়ি করে’ ভারতে পালিয়ে যায়।
আওয়ামী লীগ নেতাদের এই কাপুরুষোচিত ভূমিকা স্পষ্টতই দেখায় যে আলোচনা ব্যর্থ হলে স্বাধীনতার জন্য যুদ্ধের ঘোষণা প্রদান বা তা সংগঠিত করার কোনো পরিকল্পনাই তাদের ছিল না।
শেখ মুজিব তাঁর খ্যাতির সঙ্গে তাল মিলিয়ে ভূমিকা পালন করতে না পারলেও ১৯৭১ সালে তিনি পরিণত হন বাঙালী জাতীয়তাবাদের প্রতীক এবং পূর্ব বাঙলার স্বায়ত্তশাসনের সংগ্রামের মূল নায়কে। এই কারণে, বিকল্পের অনুপস্থিতিতে ও সামরিক আক্রমণের ওই সংকটজনক মূহূর্তে, তিনি ঐক্যের কেন্দ্র বিন্দু হিসেবেই থাকলেন।
পাকিস্তানি সেনাবাহিনীর কাছে শেখ মুজিবের এই আত্মসমর্পণ এতই বিস্ময়কর ছিল যে জনগণ ও এমনকি আওয়ামী লীগের বিপুল সংখ্যক কর্মীও অনেক দিন পর্যন্ত বিশ্বাস করতে পারেনি যে তাদের সংগ্রামের সঙ্গে তিনি (শেখ মুজিব) থাকেননি, বরং পাকিস্তান সরকারের নিরাপদ হেফাজতে সুদুর পশ্চিম পাকিস্তানে তিনি ছিলেন।
রেহমান সোবহান ২০০২ সালের এপ্রিল মাসে এক উন্মুক্ত বক্তৃতায়’ বলেন:
“যুদ্ধোত্তর বাঙলাদেশে স্বাধীনতার ঘোষক নিয়ে যে বিতর্ক রয়েছে সেটি তাই মূলত অপ্রাসঙ্গিক। যে কোনো কাণ্ডজ্ঞান সম্পন্ন লোকের কাছেই এটি স্বতঃপ্রমাণিত যে, কে স্বাধীনতার ঘোষণা করেছিল সেটি কার্যকর ইস্যু ছিল না। কার্যকর ইস্যু ছিল বাঙলাদেশিদের স্বাধীনতার জন্য নিজেরা প্রবলভাবে এগিয়ে আসা, যা তারা করেছিল ১৯৭১ সালের মার্চ মাসে।”
এই পর্যবেক্ষণের পূর্বেই তিনি অদ্ভুতভাবে আবার বলেছেন:
“বাঙালীদের ওপর ইয়াহিয়া খানের নির্দেশে সামরিক আক্রমণের প্রতিক্রিয়ায় ২৬ মার্চ বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণা ছিল বাস্তবে কার্যকর এবং আইনসংগত এক কর্তৃত্বকে স্বীকার করে নেওয়া এক বিচারিক পদক্ষেপ।”
স্বাধীনতার ঘোষক নিয়ে এই বিতর্কের অপ্রাসঙ্গিকতা সম্পর্কে রেহমান সোবহানের এই বক্তব্য সত্ত্বেও প্রকৃতপক্ষে আওয়ামী লীগের নেতারাই ১৯৭১ সালের পর এই বিতর্কের অবতারণা করেন এই দাবি করে যে শেখ মুজিবই ২৬ মার্চ স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন।
রেহমান সোবহানের মতে, শেখ মুজিব এই পদক্ষেপ নিয়েছিলেন ‘ইয়াহিয়ার নির্দেশে বাঙালীদের ওপর সামরিক আক্রমণের প্রতিক্রিয়া হিসেবে’। এই আক্রমণ শুরু হয় ২৫ এবং ২৬ মার্চ এবং মনে করা হয়েছিল যে ‘এর প্রতিক্রিয়া হিসেবেই’ শেখ মুজিব স্বাধীনতা ঘোষণা করেছিলেন। সুতরাং রেহমান সোবহানের মতানুসারে জনগণের ওপর আক্রমণের তাৎক্ষণিক প্রতিক্রিয়া হিসেবেই স্বাধীনতা ঘোষিত হয়েছিল, আওয়ামী লীগের কোনো পূর্ব সিদ্ধান্ত অথবা তাদের কোনো পরিকল্পনা অনুযায়ী নয়। এই অদ্ভুত অবস্থান ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলছেন, ‘১৯৭১-এর ২৫ মার্চ নাগাদ জনগণের মানসে বাঙলাদেশ একটি সার্বভৌম রাষ্ট্র হিসেবে আবির্ভূত হয়েছিল” এবং শেখ মুজিবের স্বাধীনতার ঘোষণা ছিল শুধুই ‘বাস্তবে কার্যকর এবং আইনসংগত এক কর্তৃত্বকে স্বীকার করে নেওয়া এক বিচারিক পদক্ষেপ’।
এটা এখন স্পষ্টভাবেই প্রতিষ্ঠিত যে শেখ মুজিবর রহমানের এই তথাকথিত ‘বিচারিক পদক্ষেপ’ এর ঘটনা কখনোই ঘটেনি, কেননা ২৫ মার্চ মধ্য রাতেই তাঁকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয়েছিল। তা ছাড়া এটি যে হওয়া সম্ভব ছিল না তার গুরুত্বপূর্ণ কারণ হলো ‘১৯৭১ এর ২৫ মার্চ নাগাদ জনগণের মানসে বাঙলাদেশ একটি সার্বভৌম রাষ্ট্র হিসেবে জায়গা করে নিয়েছিল’ এই সত্য বিদ্যমান থাকা সত্ত্বেও এমন কোনো তথ্য খুঁজে পাওয়া যাবে না যে এই সত্যকে স্বীকার করে নিয়ে আওয়ামী লীগ বা এর সর্বোচ্চ নেতা তাদের কেন্দ্রীয় কমিটির মিটিংএ অথ বা এমনকি ২৫ মার্চ সামরিক আক্রমণের প্রাক্কালেও স্বাধীনতার প্রশ্ন নিয়ে কখনো আলোচনা করেছিলেন।
২৪ মার্চ নাগাদ এবং নিশ্চিতভাবেই ২৫ মার্চ সবার কাছেই এটা পরিষ্কার হয়ে যায় যে একটি সামরিক আক্রমণ অত্যাসন্ন। এই অনিবার্যতার মুখোমুখি দাঁড়িয়ে শেখ মুজিব কারও সঙ্গেই আলাপ করেননি, রেহমান সোবহানের সঙ্গেও না, যিনি ২৫ মার্চ বিকেলে স্বাধীনতার ঘোষণার ব্যাপারে তাঁর সঙ্গে আলাপ করতে গিয়েছিলেন। তাজউদ্দিন আহমদ, আমীর-উল ইসলাম বা কামাল হোসেন, যাঁদের সঙ্গে তাঁর প্রতিনিয়ত যোগাযোগে ছিল, এমনকি তাঁদের সঙ্গেও তিনি কোনো আলাপ করেননি
২৫ মার্চ বিকেলে, রেহমান সোবহান বলেন:
“বঙ্গবন্ধু আমাদের বলেছিলেন যে সামরিক বাহিনী হামলা করার সিদ্ধান্ত নিয়েছে। আমি যতদূর মনে করতে পারি, তিনি আরও বলেছিলেন, ‘ইয়াহিয়া মনে করে আমাকে হত্যা করে সে আন্দোলনকে গুঁড়িয়ে দিতে পারবে। কিন্তু সে ভুল করছে। আমার কবরের ওপরে স্বাধীন বাঙলাদেশ দাঁড়াবে।’ বঙ্গবন্ধুকে দেখে মনে হচ্ছিল নিজের আসন্ন মৃত্যুকেই নিয়তি হিসেবে গ্রহণ করার মনোভাব তিনি পোষণ করছিলেন। তিনি ইঙ্গিত দিয়েছিলেন যে নতুন প্রজন্ম মুক্তির সংগ্রামকে এগিয়ে নিয়ে যাবে।”
সামরিক আক্রমণের পূর্ব মুহূর্তে রেহমান সোবহান ব্যক্তি শেখ মুজিবকে যেভাবে চিত্রিত করেছিলেন সেখানে এমন কাউকে খুঁজে পাওয়া যায় না যিনি সব কিছু জানা সত্ত্বেও ‘সামরিক আক্রমণের প্রতিক্রিয়া হিসেবে’ স্বাধীনতা যুদ্ধের ঘোষণা দিতে পারতেন, যে আক্রমণের বিষয়ে ইতিমধ্যেই তিনি কিছুটা জেনেছেন বলে মনে হয়। দেশের স্বাধীনতার ডাক দেওয়া ছিল, কার্যত ব্যাপকভাবে অস্ত্রসজ্জিত শত্রুর বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দেওয়ার শামিল এবং তা এমন কোনো ব্যক্তির কাজ ছিল না, যিনি ‘নিজের আসন্ন মৃত্যুকেই নিয়তি হিসেবে গ্রহণ করার মনোভাব পোষণ করছিলেন’। এটি ছিল এমন এক ব্যক্তির মনোভাব যাঁর ব্যক্তিগত এবং সাংগঠনিক নেতৃত্ব পুরোপুরিই ধসে পড়েছে।
স্বাধীনতার ঘোষণা হলো একটি বড় রাজনৈতিক প্রশ্ন এবং তা ঘটতে পারে জনগণের দীর্ঘ সংগ্রাম ও জনগণের আকাঙ্ক্ষার প্রতিনিধিত্বকারী একটি সুসংগঠিত রাজনৈতিক দল বা শক্তির আনুষ্ঠানিক সিদ্ধান্তের ফলাফল হিসেবে। সুতরাং তা কোনো বিশেষ ব্যক্তির কাজ নয়, তা তিনি যে-ই হোন না কেন।
কতিপয় আওয়ামী লীগ নেতা (যদিও তাঁদের সবাই নন) এবং আওয়ামী লীগের ঘনিষ্ঠ বুদ্ধিজীবীরা দাবি করেছেন যে ১৯৭১-এর ২৬ মার্চের ভোর রাতে শেখ মুজিবুর রহমান সামরিক আক্রমণের প্রতিক্রিয়া হিসেবে স্বাধীনতা ঘোষণা করেন। সুতরাং, আমাদের দেখা দরকার তাঁর অনুসারীরা এই কাহিনিটি কীভাবে বর্ণনা করেছেন।
এ প্রসঙ্গে একটি মজার ব্যাপার লক্ষণীয় যে ‘স্বাধীনতার ঘোষণার’ এই গল্পের উৎপত্তিস্থল কিন্তু ঢাকা নয়, যদিও আওয়ামী লীগের নেতারা এবং শেখ মুজিবের ঘনিষ্ঠ সহচররা সবাই ২৫ মার্চ তাঁর সঙ্গেই ছিলেন। কামাল হোসেন ও আমীর-উল ইসলামের মতো কেউ কেউ ২৫ মার্চ রাত সাড়ে দশটা পর্যন্ত তাঁর বাড়িতে তাঁর সঙ্গে ছিলেন। এ রকম কোনো প্রমাণ নেই যে আওয়ামী লীগের কেন্দ্রীয় কর্মপরিষদের কোনো বৈঠকে স্বাধীনতার ঘোষণা নিয়ে আলোচনা করা হয়েছিল কিংবা তাজউদ্দিন আহমদ, কামাল হোসেন, আমীর-উল ইসলাম, সৈয়দ নজরুল ইসলাম, মোশতাক আহমদের মতো নেতা বা অন্যরা অনানুষ্ঠানিকভাবে হলেও এ ব্যাপারে আলোচনা করেছিলেন।
শেখ মুজিবের ‘স্বাধীনতার ঘোষণার’ কাহিনির উৎপত্তিস্থল হলো চট্টগ্রাম এবং চট্টগ্রাম আওয়ামী লীগের নেতারাই এটি প্রচার করেছিলেন। তাহলেও তাদের উপস্থাপিত সাক্ষ্য প্রমাণ থেকে এটা প্রতিষ্ঠিত করা কঠিন যে এ রকম কোনো অবস্থানের ব্যাপারে শেখ মুজিবের কোনো অঙ্গীকার ছিল।
১৯৭১ সালের মার্চে এম আর সিদ্দিকী ছিলেন চট্টগ্রাম জেলা আওয়ামী লীগের সভাপতি এবং জাতীয় পরিষদের সদস্য। তাঁর বক্তব্যের দীর্ঘ উদ্ধৃতি এ বিষয়ে সহায়ক হবে।
তখনকার পরিস্থিতি বর্ণনা করতে গিয়ে এম আর সিদ্দিকী বলেছেন:
“এম. ডি. সোয়াত নামের একটি জাহাজ অস্ত্র, গোলাবারুদ, বিস্ফোরক এবং সৈন্য নিয়ে চট্টগ্রামে পৌছুল। আওয়ামী লীগের অ্যাকশন কমিটি সতর্ক হয়ে বন্দরের শ্রমিকদের আহ্বান জানাল যেন তারা কোনো মালামাল খালাস না করে। সেনারা অস্ত্রের মুখে তাদের কাজ করতে বাধ্য করার চেষ্টা করে, কিন্তু ব্যর্থ হয়। তারা ইপিআর জওয়ানদের গুলি চালাতে বলে, কিন্তু জওয়ানরা অস্বীকার করে। সেন্যরা ঘটনাস্থলেই ৭ জন ইপিআর জওয়ানকে গুলি করে। এর পর তারা ক্যান্টনমেন্টে অবস্থানরত সৈনিকদের এই জাহাজ খালাস করতে বলে। ব্রিগেডিয়ার মজুমদার কী করা উচিত এ ব্যাপারে আমার কাছে পরামর্শ চান। আমি সিদ্ধান্ত দিতে পারছিলাম না, কেননা হুকুম অগ্রাহ্য করলেই বিদ্রোহ শুরু হবে এবং পাক সেনাদের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের পরিস্থিতি তৈরি হবে।”
ফলে পাকিস্তানী সামরিক বাহিনীর বাঙালী অফিসাররা এবং বন্দরের খালাসিরা ওই সংকটজনক পরিস্থিতিতে মুখোমুখি সংঘর্ষের জন্য প্রস্তুত থাকা সত্ত্বেও আওয়ামী নেতৃত্বের সেই প্রশ্নে কোনো পূর্ব প্রস্তুতি ছিল না।
এ বিষয়টি বর্ণনা করতে গিয়ে তিনি আরও বলেন, বঙ্গবন্ধুর সঙ্গে আলোচনা এবং তাঁর নির্দেশনা পাওয়ার জন্য আমি ২৩ মার্চ গাড়ি চালিয়ে সরাসরি ঢাকা চলে যাই। আমি তাঁর সঙ্গে তাঁর বাড়িতে দেখা করি। তিনি বললেন যে আলোচনার একটি সন্তোষজনক সমাধান হবে এবং তিনি মনে করেন না যে ইয়াহিয়া যতক্ষণ পর্যন্ত প্রেসিডেন্ট থাকবে ততক্ষণ পর্যন্ত কোনো যুদ্ধ হবে।
এম আর সিদ্দিকী ছিলেন চট্টগ্রাম আওয়ামী লীগের সর্বোচ্চ পর্যায়ের নেতা এবং পরবর্তী সময়ে শেখ মুজিবের মন্ত্রিসভার সদস্য। আশ্চর্যজনকভাবে তাঁর বক্তব্য থেকে এটাই দেখা যাচ্ছে যে ‘আলোচনার একটি সন্তোষজনক সমাধানে’ ইয়াহিয়া খানের সদিচ্ছা এবং সামর্থ্যের বিষয়ে শেখ মুজিবের পূর্ণ আস্থা ছিল। এমন এক পরিস্থিতিতে মুজিব ইয়াহিয়ার ব্যাপারে এভাবে বলছেন যখন প্রাপ্ত সমস্ত তথ্য অনুযায়ী ইয়াহিয়া খান অপারেশন সার্চলাইটের অনুমোদন দিয়ে ফেলেছেন।
ইয়াহিয়ার ওপর শেখ মুজিবের এই অগাধ আস্থা সত্ত্বেও সিদ্দিকীর চিন্তা ছিল ভিন্ন। তিনি বলেন, আমি তাঁকে বললাম যে চট্টগ্রামে যুদ্ধ শুরু হয়ে গেছে এবং আমি পুরোদমে আক্রমণের প্রস্তুতি দেখতে পাচ্ছি। তিনি আমাকে দ্রুত চট্টগ্রাম ফিরে যেতে এবং জনবল জোগাড় করে চট্টগ্রামকে রক্ষা করতে বললেন।
যদি আক্রমণ শুরু হয় তাহলে তিনি চট্টগ্রাম পালিয়ে গিয়ে সেখানে যুদ্ধে যোগ দেবেন।
যে ব্যক্তি সিদ্দিকীকে ২৩ মার্চ বলছেন, যদি ঢাকায় আক্রমণ হয় তবে তিনি চট্টগ্রামে পালিয়ে গিয়ে যুদ্ধে যোগ দেবেন তিনিই ২৫ মার্চ রাত সাড়ে ১০টায় আমীর-উল ইসলাম ও কামাল হোসেনকে বলছেন যদি তিনি বাড়ি ত্যাগ করেন তাহলে সেনাবাহিনী ঢাকায় সবাইকে হত্যা করবে এবং তিনি তা হতে দিতে পারেন না, এবং তাই তিনি বাড়িতে অবস্থান করে পাকিস্তান সামরিক বাহিনীর কাছে আত্মসমর্পণের সিদ্ধান্ত নিয়েছেন।
এই আলোকে বিচার করলে দেখা যাবে যে, শেখ মুজিব সিদ্দিকীকে যুদ্ধে অংশ নেওয়ার কথা বললেও আদৌ এ ব্যাপারে তাঁর চিন্তা ছিল না। তদুপরি, যেভাবে তিনি এক বার ইয়াহিয়ার ওপর পূর্ণ আস্থা প্রকাশ করছেন, আবার সিদ্দিকীকে দ্রুত চট্টগ্রাম ফিরে গিয়ে জনবল জোগাড় করে প্রতিরোধের নির্দেশনা দিচ্ছেন-তাতে তিনি সিদ্দিকীকে যা কিছু বলছেন তার কোনো বিশ্বাসযোগ্যতা ছিল না।
সিদ্দিকী আরও বলেন যে যুদ্ধ করার ব্যাপারে শেখ মুজিবের আগ্রহের কথা শুনে, ‘আমি জানতে চাইলাম আর্মি, ইপিআর, পুলিশ এবং বেসামরিক প্রশাসনকে কোনো সবুজসংকেত দেব কিনা। তিনি এ ব্যাপারে নিশ্চিত ছিলেন না’। এটা স্পষ্ট ছিল কারণ প্রতিরোধের বিষয়টি তিনি কখনোই গুরুত্ব দিয়ে বিবেচনা করেননি।
এর পর, কর্নেল ওসমানীকে সিদ্ধান্তের জন্য ডাকা হলো এবং তিনি প্রস্তাব করলেন যে যখন রেডিও সম্প্রচার বন্ধ হবে ঠিক তখনই আক্রমণের সময় ধরে নিতে হবে। কিন্তু আমি বললাম বিদ্যুৎ বিভ্রাটের কারণেও সম্প্রচার বন্ধ হয়ে যেতে পারে। এর পর তিনি বললেন যে, যখন তারা বাঙালীদের নিরস্ত্র করা শুরু করবে তখনই যুদ্ধ শুরু হয় গেছে মনে করতে হবে এবং প্রতিরোধ করতে হবে। এরপর আমি দ্রুত চট্টগ্রাম চলে গেলাম কিন্তু তখন অনেক দেরি হয়ে গিয়েছে।
রেডিও সম্প্রচার বন্ধ হয়ে যাওয়াটা হবে একটা সংকেত এই চিন্তাটাই ছিল উদ্ভট। কেননা, মধ্য রাতে যদি আক্রমণ শুরু হয় তাহলে রেডিও সম্প্রচারের কোনো ব্যাপার থাকবে না, কারণ মধ্যরাতের পর রেডিও সম্প্রচার তখন এমনিতেই বন্ধ হয়ে যায়। পাকিস্তানী সৈন্যরা যখন বাঙালীদের নিরস্ত্র করা শুরু করবে তখনই আক্রমণ শুরু হবে এই কথা বলার মানে হচ্ছে, জনগণ এবং বাঙালী অফিসারদের ওপর পূর্ণ মাত্রায় এবং সর্বাত্মক আক্রমণ শুরু না হওয়া পর্যন্ত কোনো প্রতিরোধ হবে না। বিশেষ করে, চট্টগ্রামের পরিস্থিতির ব্যাপারে শেখ মুজিবের কাছে এম আর সিদ্দিকীর রিপোর্ট শোনার পরও এ বক্তব্য ছিল বিস্ময়কর একটা ব্যাপার, যে রিপোর্টে তিনি বলেছেন, আবাধ্য খালাসিদের গুলি করতে অস্বীকার করায় পাকিস্তানী সেনারা ৭ জন ইপিআর জওয়ানকে গুলি করে হত্যা করেছে।
এম আর সিদ্দিকী তাঁর বর্ণনায় আরও বলেন, পঁচিশ তারিখ চট্টগ্রামের পরিস্থিতি ছিল থমথমে। আমরা জানতাম না ঢাকায় কি হচ্ছে। সন্ধ্যা সাতটার দিকে শেখ সাহেবের প্রতিবেশী জনাব মোশাররফ হোসেন এবং জনাব নঈম গওহর মারফত আমি শেখ সাহেবের সঙ্গে যোগাযোগ করতে সমর্থ হই। তিনি তাদের বলেন যে আমাকে যেন এই খবর পৌছে দেওয়া হয় যে, আলোচনা ব্যর্থ হয়েছে। সেনা, ইপিআর এবং পুলিশকে অস্ত্র সমর্পণ না করতে বলুন এবং জনগণকে প্রতিরোধের ডাক দিন। এর পর ঢাকার সঙ্গে সব যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।১৯
সুতরাং এ থেকে মনে হয় যে ২৫ মার্চের ওই সংকটজনক সন্ধ্যায় শেখ মুজিব এবং আওয়ামী লীগের কোনো নেতা চট্টগ্রামে যোগাযোগ করার কোনো চেষ্টাই করেননি। এম আর সিদ্দিকী শেখ মুজিবের প্রতিবেশী মারফতে তাঁর সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে তিনি তাঁদের মাধ্যমে একটি বার্তা পান যাতে শেখ মুজিব তাঁকে প্রতিরোধ সংগঠিত করতে বলেছিলেন।
শেখ মুজিবের এই ধরনের তথাকথিত ‘প্রতিরোধের’ বার্তা কোনো নতুন ব্যাপার ছিল না। এই ধরনের কথাবার্তা তিনি সাতই মার্চ রেসকোর্স ময়দানে স্বাধীনতা যুদ্ধের কথা বলতে গিয়েও বলেছেন। কিন্তু পরদিনই তিনি বেসামরিক অসহযোগের কর্মসূচি ঘোষণা করেন এবং তিনি নিজে ও দলীয় সহকর্মীদের নিয়ে ইয়াহিয়া খান ও তাঁর লোকদের সঙ্গে আলোচনার টেবিলে ব্যস্ত থাকেন।
এম আর সিদ্দিকীর বক্তব্য অনুসারে, তিনি আরেকটি বার্তা পেয়েছিলেন যেটা মনে হয়েছিল শেখ মুজিবের পাঠানো:
“২৬ তারিখ আমার স্ত্রী একটি টেলিফোন পান যে ফোনটি করেন জনাব মইনুল ইসলাম (ইত্তেফাক-এর চট্টগ্রাম প্রতিনিধি। যিনি তাঁকে বঙ্গবন্ধুর একটি বার্তা দেন, যেটি আবার তিনি পেয়েছিলেন চট্টগ্রামের বেতারকর্মীদের মারফত। বার্তায় লেখা ছিল ‘বাঙলাদেশের জনগণ এবং সারা বিশ্বের মানুষের প্রতি বার্তা। পাক সেনারা আকস্মিকভাবে মধ্যরাতে রাজারবাগ পুলিশ ক্যাম্প ও পিলখানা ইপিআর আক্রমণ করেছে। ভয়ংকর যুদ্ধ চলছে। আমাদের মুক্তির সংগ্রামে সহায়তা করার জনা সারা বিশ্বের কাছে আহ্বান জানাচ্ছি। যে যেভাবে পারো প্রতিরোধ করো। আল্লাহ তোমাদের সহায় হোন। জয় বাংলা। শেখ মুজিবের বার্তা।’ এই বার্তাটি আমার কাছে জরুরিভাবে পাঠানো হয়েছিল।”
তা হলে এই হলো সেই ‘স্বাধীনতার ঘোষণা’ যেখানে বাঙলাদেশের স্বাধীনতা প্রকৃতপক্ষে ঘোষিত হয়নি! সেখানে প্রতিরোধের কথা আছে এবং বিশ্বের কাছে ‘আমাদের মুক্তি সংগ্রামে’ সহায়তা করার আবেদন আছে।
স্বাধীনতার ঘোষণা কি এ রকম কোনো তুচ্ছ বিষয় যে একটি স্থুল বার্তাকে স্বাধীনতার ঘোষণা হিসেবে গুরুত্ব দিয়ে গ্রহণ করা যায়? ঢাকা রেডিও আর টেলিভিশনের মাধ্যমে পুরো দেশে প্রচার না করে এভাবে কেন? কেন একজন অপরিচিত রেডিও অপারেটরের কাছে গোপনে বার্তা পাঠানো হলো তা-ও আবার ঢাকার জাতীয় দৈনিকের প্রতিনিধি মারফত এম আর সিদ্দিকীকে পৌঁছে দেওয়ার জন্য? এটি একটি অপ্রাসঙ্গিক প্রশ্ন, কারণ ঢাকা রেডিও এবং টেলিভিশন সেন্টার ২৫ মার্চ অন্ততপক্ষে রাত ১০টা পর্যন্ত বাঙালীদের নিয়ন্ত্রণে ছিল। এই ঘোষণা শেখ মুজিবের নিজের হাতে তৈরি করাই বাঞ্ছনীয় ছিল। যখন জানাই হয়ে গেছে যে আলোচনা ভেস্তে গেছে এবং একটি সামরিক আক্রমণ অনিবার্য সে সময় তাঁর বাসায় তাঁর দলীয় সহকর্মীদের উপস্থিতিতেই একটা সাধারণ রেকর্ডারে এই ঘোষণা রেকর্ড করা যেত।
শেখ মুজিবের পক্ষে এ রকম একটি বার্তা রেডিও মারফত পাঠানোর সম্ভাবনা – প্রায় শূন্য, কারণ ওয়্যারলেস মারফত সে রকম কোনো বার্তা পাঠানোর কোনো উপায় তাঁর ছিল না। প্রাপ্ত সব তথ্য অনুসারে মধ্য রাতের অনেক আগেই তিনি যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছিলেন, এবং অন্যদের সঙ্গে যোগাযোগ করার কোনো উপায় তাঁর ছিল না। এম আর সিদ্দিকী নিজে বলেছেন যে শেখ মুজিবের প্রতিবেশী মারফত তাঁর বার্তা পাওয়ার পরে সন্ধ্যে সাতটার কাছাকাছি সময়ে ঢাকার সঙ্গে সব যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
কাজেই সমূহ সম্ভাবনা এটাই যে এই তথাকথিত বার্তা ছিল পুরোই ভুয়া এবং চট্টগ্রামের কোনো সদিচ্ছাসম্পন্ন বেপরোয়া ব্যক্তি সেই সংকটময় মুহূর্তে কিছু একটা করতে হবে এমন তাগিদ থেকে বার্তাটি তৈরি করে পাঠিয়েছিলেন।
চট্টগ্রাম আওয়ামী লীগ নেতাদের কাছে এটাই ছিল ডুবন্ত মানুষের কাছে খড়কুটোসম এবং তারা একেই তাদের নেতা শেখ মুজিবুর রহমানের স্বাধীনতার ঘোষণা হিসেবে শক্ত করে আঁকড়ে ধরেছিলেন।
এম আর সিদ্দিকী ২৬ মার্চ সকালে এই বার্তাটি চট্টগ্রাম সংগ্রাম পরিষদের কাছে পাঠিয়ে দেন। তাঁর কথায়:
সংগ্রাম পরিষদ তৎক্ষণাৎ এই বার্তা নিয়ে আলোচনা করে এবং আহ্বানটি প্রচার করার সিদ্ধান্ত নেয়। এর মধ্যে আগ্রাবাদ রেডিও স্টেশনটিতে যাওয়ার কোনো উপায় ছিল না, কারণ সেটি ছিল পাক বাহিনীর দখলে। আমরা বেলাল চৌধুরী, সুলতান আলী ও চট্টগ্রামে পাকিস্তান রেডিওর অন্যান্য কর্মচারীদের জমায়েত করি যারা প্রস্তাব দেন কালুরঘাট সম্প্রচার কেন্দ্র থেকে এটি সম্প্রচার করা হোক। মজার ব্যাপার হলো জাতির উদ্দেশে দেওয়া ‘শেখ মুজিবের বার্তাটি’ ছিল ইংরেজিতে! তাই:
“ডা. আবু জাফর ও অন্যরা ঘোষণাটি বাংলায় অনুবাদ করলেন এবং সিদ্ধান্ত হলো জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ হান্নান এই ঘোষণা পাঠ করবেন।”
সেই অনুযায়ী ২৬ মার্চ বেলা ২টা ৩০ মিনিটে জনাব হান্নান শেখ মুজিবের পক্ষে সেই ঐতিহাসিক ঘোষণা পাঠ করলেন যা স্বাধীনতার ঘোষণা হিসেবে সবাই জানে।
এ ব্যাপারে এম এ হান্নান বলেন, কালুরঘাট থেকে ফেরার পর সিদ্ধান্ত হলো বঙ্গবন্ধুর এই স্বাধীনতা ঘোষণা রেডিও-তে সম্প্রচার করতে হবে। সেই সিদ্ধান্ত অনুযায়ী আমি কালুরঘাট সম্প্রচার কেন্দ্র থেকে বঙ্গবন্ধুর পক্ষে স্বাধীনতার ঘোষণা দিই। এ ব্যাপারে আমাকে সহায়তা করেন রেডিও অফিসের রাখাল চন্দ্র বণিক, এমপি ও এমএনএ আবু মনসুর, আতাউর রহমান কায়সার এবং মোশাররফ হোসেন।
চট্টগ্রাম বিশ্ববিদ্যয়ের উপাচার্য অধ্যাপক এ আর মল্লিক বলেছেন যে তিনি চট্টগ্রাম, রেডিওতে এম এ হান্নানের এই ঘোষণা শুনেছেন। অন্য অনেকেই চট্টগ্রামে এই ঘোষণা শুনেছেন, কিন্তু বাইরের কেউ এই ঘোষণা শুনেছেন বলে কোনো তথ্য নেই। ঘটনা যাই হোক না কেন, এই ঘোষণা জনগণের ওপর কোনো প্রভাব ফেলতে একেবারেই ব্যর্থ হয়েছিল। তার কারণ হতে পারে স্বাধীনতার ঘোষণা হিসেবে এই বার্তার মধ্য অস্পষ্টতা ছিল, দ্বিতীয়ত যে ব্যক্তি এই ঘোষণা দিচ্ছেন তাঁর গুরুত্ব। এই ঘোষণা জনগণকে কার্যকরভাবে ঐক্যবদ্ধ করতে পারত যদি ঢাকা থেকে কেন্দ্রীয় কোনো প্রভাবশালী নেতা তা দিতেন।
২৭ মার্চ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের মেজর জিয়াউর রহমান আরেকটি স্বাধীনতার ঘোষণা দেন এবং প্রাপ্ত তথ্য অনুযায়ী এটা নিশ্চিত করে বলা যায় না যে কে তাঁকে এই কাজ করতে প্ররোচিত করেছিল। ২৬ তারিখে চট্টগ্রাম ক্যান্টনমেন্টের কাছে অবস্থানকালে তাঁর সঙ্গে এম এ হান্নান, আতাউর রহমান কায়সার, এম এ মান্নানের মতো কিছু আওয়ামী লীগ নেতার যোগাযোগ ছিল, কিন্তু হান্নান কোথাও উল্লেখ করেননি যে তাঁর সঙ্গে স্বাধীনতার ঘোষণা নিয়ে অথবা যে বার্তা তাদের কাছে এসেছিল সে ব্যাপারে কোনো আলোচনা হয়েছে। যাই হোক সিদ্ধান্ত হলো মেজর জিয়া ২৭ তারিখ কালুরঘাটে আসবেন।
এর পর আওয়ামী লীগের নেতাদের সঙ্গে মেজর জিয়ার আর কোনো যোগাযোগই ছিল না, ২৭ তারিখ তিনি কালুরঘাট গেলেন এবং রেডিও সম্প্রচার কেন্দ্রে প্রবেশ করে নিজের পক্ষে ‘স্বাধীনতার ঘোষণা’ দেন- যে ঘোষণায় তিনি নিজেকে দেশের রাষ্ট্রপতি হিসেবে দাবি করেন।
ফলত দুটি স্বাধীনতার ঘোষণা আসে দুইজন আলাদা ব্যক্তির কাছ থেকে, কিন্তু একই কালুরঘাট সম্প্রচার কেন্দ্র থেকে।
মেজর জিয়ার ‘স্বাধীনতার ঘোষণা’র ব্যাপারে এম আর সিদ্দিকী বলেন, মেজর জিয়া ও তাঁর বাহিনী কালুরঘাট রেডিও স্টেশনের নিরাপত্তার দায়িত্বে ছিলেন।
“পরদিন ২৭ মার্চ মেজর জিয়া রেডিওতে নিজেকে রাষ্ট্রপতি হিসেবে ঘোষণা করলেন এবং স্বাধীনতা যুদ্ধের আহহ্বান দিলেন। এটি আওয়ামী লীগ নেতাদের ও জনগণকে বিভ্রান্ত করেছিল। এ কে খান এই ঘোষণা শুনে বললেন এটাকে সামরিক ক্যু হিসেবে ধরে নেয়া হবে এবং দেশে এবং আন্তর্জাতিকভাবে এর পক্ষে কোনো সমর্থন পাওয়া যাবে না। তিনি ইংরেজিতে আরেকটি নতুন খসড়া তৈরি করলেন। মেজর জিয়া নিজের ভুল বুঝতে পারলেন এবং নতুন খসড়াটি পাঠ করলেন যেখানে বলা হয় যে শেখ মুজিবর রহমান-ই রাষ্ট্রপতি এবং তাঁর পক্ষে এই আহ্বান জানানো হচ্ছে।”
আগের ঘোষণার ক্ষেত্রে যা হয়নি, মেজর জিয়ার দুটি ঘোষণার ক্ষেত্রে দেখা গেল যে সারা দেশের মানুষ তা শুনেছে এবং এর এক ভীষণ প্রভাব তাদের ওপর পড়েছে।
ফারুক আজিজ খান, যিনি পরে কলকাতায় প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের সহকারী ছিলেন, তখন পার্বত্য চট্টগ্রামের রাঙ্গামাটি জেলার একটি ছোট শহর কাপ্তাইতে অবস্থান করছিলেন। তিনি তাঁর Spring’71 বইতে মেজর জিয়ার ঘোষণার যে বর্ণনা দিয়েছেন সেটি একটু ভিন্ন।
“ঢাকা ও অন্যত্র আক্রমণের খবর পেয়ে মেজর জিয়া দ্রুত শহর ত্যাগ করে কক্সবাজারের দিকে অগ্রসর হন এবং পথে কালুরঘাটে ক্যাম্প করেন… আওয়ামী লীগের কয়েকজন নেতা ও চট্টগ্রাম রেডিওর কয়েকজন কর্মকর্তা, যারা ভাবছিলেন একজন সামরিক কর্মকর্তাকে দিয়ে যদি রেডিও বার্তা প্রচার করা যায় তাহলে পাকিস্তানী আক্রমণের বিরুদ্ধে সামরিক বাহিনীকে সংগঠিত করা সহজ হবে তাঁরা, মেজর জিয়ার কাছে গেলেন এবং প্রস্তাব দিলেন তাঁদের তৈরি খসড়া ঘোষণাটি পাঠ করার জন্য, মেজর জিয়া সঙ্গে সঙ্গে রাজি হলেন এবং ২৭ তারিখ সেই ঘোষণা দেওয়া হলো, যে ঘোষণা তাঁকে ওই মূহূর্তের নায়ক হিসেবে প্রতিষ্ঠিত করল। মেজর জিয়ার ২৭ মার্চ ১৯৭১-এর এই ঘোষণা ঐতিহাসিকভাবে তাৎপর্যপূর্ণ। কিন্তু স্বৈরাচারী ইয়াহিয়ার বিরুদ্ধে আমাদের গণতন্ত্রের সংগ্রাম বাকি বিশ্বের কাছে শুধু একটি সামরিক বিদ্রোহ হিসেবে চিহ্নিত হওয়ার ঝুঁকিটাও বেড়ে গেল। রেকর্ড করা ঘোষণাটি পরের দিনও আবার সম্প্রচার করা হলো। এবার একটু পরিবর্তন করে, যা আমি অনেক পরে জানতে পারি।”
ফারুক আজিজ খান আরও বলেন:
“২৭ তারিখ সন্ধ্যায় … আমরা চট্টগ্রাম বেডিও থেকে মেজর জিয়ার ঘোষণা শুনতে পাই যেখানে তিনি নিজেকে স্বাধীন বাঙলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দাবি করেন। পরদিন এই ঘোষণাটি বারবার প্রচার করা হয়। তিনি বলেন যে, বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের অনুমোদনক্রমেই তিনি নিজেকে ‘স্বাধীন বাঙলাদেশ’-এর অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে ঘোষণা করছেন।”
মেজর জিয়া ২৭ মার্চ চট্টগ্রাম রেডিও মারফত স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন এবং এ নিয়ে কোনো বিতর্কের অবকাশ নেই যে হান্নান নয়, তাঁর ঘোষণাটিই সারা দেশে শোনা গিয়েছিল এবং এর বিশাল প্রভাব তৈরি হয়েছিল। কি শেখ মুজিব, কি আওয়ামী লীগের কোনো প্রভাবশালী নেতা, ঢাকার কারও কাছ থেকে কোনো ঘোষণার অনুপস্থিতিতে পাকিস্তানী বাহিনীর আক্রমণের ওই সংকটজনক মুহুর্তে জনগণের কাছে আর আঁকড়ে ধরার মতো কিছুই ছিল না। মেজর জিয়ার এই ঘোষণা জনগণের ভেতর যথেষ্ট উদ্দীপনা তৈরি করেছিল, বিশেষ করে তাদের ভেতর যারা প্রতিরোধ শক্তিতে সক্রিয়ভাবে যোগদানের জন্য অপেক্ষা করছিল।
মেজর জিয়ার ঘোষণাটি আসলে ঘটনাচক্রে হয়েছিল। ২৫ মার্চের সামরিক আক্রমণের পর সমগ্র বাঙলাদেশ জুড়ে জনগণের ভেতর, বিশেষ করে পাকিস্তানী সামরিক বাহিনীর বাঙালী সৈন্য ও অফিসারদের মধ্যে, বিদ্রোহ এবং প্রতিরোধের এক তাড়না সৃষ্টি হয়েছিল। তাই, মেজর জিয়ার মতোই, তখন অনেকেই ছিলেন যাঁরা তাৎক্ষণকিভাবে প্রতিরোধযুদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছিলেন। চট্টগ্রামে ব্রিগেডিয়ার মজুমদার ২৩ মার্চই এই প্রতিরোধ শুরু করতেন যদি না আওয়ামী লীগের নেতারা তাঁকে এই কাজে বিরত রাখত। মেজর খালেদ মোশাররফ, মেজর শওকত আলী, মেজর আবু তাহের, মেজর শফিউল্লাহ, ক্যাপ্টেন জলিলসহ অন্যরা সঙ্গে সঙ্গেই যুদ্ধে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। এমনকি মেজর কাজী নুরুজ্জামানের মতো অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাও সক্রিয়ভাবে প্রতিরোধে অংশ নিয়েছিলেন। তাঁদের মধ্যে কারও যদি রেডিওতে যাওয়ার উপায় ও সুযোগ থাকত তাহলে তাঁরাও তাই করতেন, যা মেজর জিয়া করেছিলেন।
যাই হোক, মেজর জিয়াই ২৭ মার্চ ঐতিহাসিক স্বাধীনতার যুদ্ধের ঘোষণা দিয়েছিলেন যা এমন মুহূর্তে প্রতিরোধের শক্তিকে সংগঠিত করেছিল যখন রাজনৈতিক নেতৃত্ব পুরোপুরি ব্যর্থ হয়েছিলো। বাঙালী সামরিক অফিসাররা যুদ্ধে অংশ নিলে এতে বেসামরিক ব্যক্তিদেরও আত্মবিশ্বাস তৈরি হলো। যে সব সামরিক ব্যক্তিরা দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে ছিলেন তাঁরা অনুভব করলেন যে তাঁদের সামনে স্বাধীনতা যুদ্ধ সংগঠিত করার এবং অংশ নেওয়ার এক নতুন সুযোগ তৈরি হয়েছে। মেজর জিয়ার ২৭ মার্চ, ১৯৭১-এর ঘোষণা দেওয়ার ঐতিহাসিক তাৎপর্য ছিল মূলত এটাই।
এ রকম কোনো সিদ্ধান্ত টানা পুরোপুরিই ভুল হবে যে মেজর জিয়া না থাকলে প্রতিরোধ যুদ্ধ শুরু হতো না অথবা জিয়াউর রহমান হঠাৎ করেই একজন অচেনা সামরিক অফিসার থেকে একেবারে জাতির নেতৃত্ব হিসেবে আবির্ভূত হলেন, যিনি জনগণকে পাকিস্তানী রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য পরিচালনা করতে পারতেন।
ইতিহাসে এই ধরনের ম্যাজিকের কোনো স্থান নেই।
একটি লিখিত উন্মুক্ত বক্তৃতায় রেহমান সোবহান যথার্থই বলেছেন
“১৯৭১-এর বাঙলাদেশে এক জন অচেনা আর্মি অফিসার কোনো রকম এখতিয়ার ছাড়াই ৭৫ মিলিয়ন বাঙলাদেশির পক্ষে স্বাধীনতা ঘোষণা করবেন এবং সবাই একে গুরুত্বের সঙ্গে নেবে এটা কল্পনা করাটাই একটা অব্যম্ভব ব্যাপার ছিল। বরং এ ধরনের কোনো বেনামী ঘোষণা আন্তর্জাতিক পর্যায়ে এই ধারণাই তৈরি করত যে বাঙলাদেশের পরিস্থিতি নৈরাজ্যের দিকেই যাচ্ছে। সেই সময় আইনত গ্রহণযোগ্য অর্থে একজন ব্যক্তিরই স্বাধীনতার ঘোষণা দেওয়ার মতো বিশ্বাসযোগ্যতা ছিল তিনি হলেন বঙ্গবন্ধু, কারণ তাঁর নির্বাচনী বৈধতা এবং বাঙলাদেশের জনগণের পক্ষে কথা বলার জন্য রাজনৈতিক এখতিয়ার দুই-ই ছিল।”
তবে, এই যথাযথ এখতিয়ার থাকা সত্ত্বেও শেখ মুজিবর রহমান সেই পরিস্থিতি অনুযায়ী সাড়া দিতে ব্যর্থ হয়েছিলেন এবং স্বাধীনতার ঘোষণা দেওয়ার পরিবর্তে তিনি শত্রুর কাছে আত্মসমর্পণ করাই শ্রেয় মনে করেছিলেন। এই রকম পরিস্থিতিতে বেপরোয়া সামরিক আক্রমণের মুখে লাখ লাখ মানুষ প্রতিরোধ গড়ে তোলার তাড়না অনুভব করছিলেন এবং নিজেদের কাছে নিজেরাই বাঙলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন। তাঁদের এই তাড়নাই মেজর জিয়ার ঘোষণায় প্রতিফলিত হয় এবং এ কারণেই এর একটি বিরাট প্রভাব তৈরি হয় জনগণের মধ্যে-যাঁরা ছিলেন সামরিক আক্রমণের মুখে এবং আরও লাখ লাখ মানুষ যাঁরা স্বাধীনতা যুদ্ধে অংশ নেওয়ার তাগিদ বোধ করছিলেন।
এখানে লক্ষ রাখা জরুরি যে জাতির জীবনে ওই রকম গভীরতম সংকটের মুহূর্তে একজন সাহসী নেতা হিসেবে ভূমিকা পালনের ক্ষেত্রে শেখ মুজিবুর রহমানের হতবুদ্ধিতা এবং ব্যর্থতা সত্ত্বেও উপযুক্ত বিকল্পের অভাবে তিনিই সেই সময় ঐক্যের প্রতিভূ এবং রাজনৈতিক নেতৃত্ব হিসেবে সর্বোচ্চ গুরুত্বের জায়গায় ছিলেন। এ জন্যই মেজর জিয়ার ঘোষণার সঙ্গে তাঁর নাম যুক্ত করা অপরিহার্য ছিল, যদিও প্রথম ঘোষণাটি তাঁর নামোল্লেখ ছাড়াই দেওয়া হয়েছিল।
আনুষ্ঠানিক ‘স্বাধীনতার ঘোষণা’ এবং আনুষ্ঠানিক ‘স্বাধীনতা যুদ্ধের ঘোষণা’ এই নিয়ে অনেক বিভ্রান্তি শুরু থেকেই ছিল। স্পষ্টতই এই দুটি একই ব্যাপার ছিল না, কেননা প্রকৃত স্বাধীনতা আসতে পারে স্বাধীনতা যুদ্ধ শেষ হয়ে যাওয়ার পরে যখন শত্রু পুরোপুরি পরাজিত হয়। ফলে প্রথমেই একটি স্বাধীনতা যুদ্ধ হতে হবে যার শুরুটা জনগণ নিজেরাই করেছিলেন ২৫ মার্চ ১৯৭১-এর রাতে সামরিক আক্রমণ শুরু হওয়ার পরপরই, কোনো নেতার আনুষ্ঠানিক ঘোষণার জন্য অপেক্ষা না করেই। মেজর জিয়ার ঘোষণাকে ‘স্বাধীনতার ঘোষণা’ হিসেবে আখ্যা দেওয়া চলে না। এটা ছিল প্রকৃতপক্ষে ‘স্বাধীনতাযুদ্ধের ঘোষণা’। প্রকৃত স্বাধীনতার জন্য অপেক্ষা করতে হয়েছে ১৬ ডিসেম্বর, ১৯৭১ পর্যন্ত যেদিন পাকিস্তানী সামরিক বাহিনী ভারতীয় ও বাঙলাদেশী সশস্ত্র বাহিনীর তথাকথিত যৌথ কমান্ডের কাছে আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করে।
বাছবিচার
Latest posts by বাছবিচার (see all)
- তর্ক-বিতর্ক ও বাদানুবাদ – সৈয়দ আহমদ - October 17, 2026
- সুলতান – কামাল সিদ্দিকী - September 28, 2026
- ফিকশন: গ্রীন রোড – আবদুল মান্নান সৈয়দ - September 5, 2026