[আব্বাসউদ্দীন আহমদের (১৯০১ – ১৯৫৯) অটোবায়োগ্রাফি “আমার শিল্পী জীবনের কথা” বইটা ছাপা হয় উনি মারা যাওয়ার পরে, ১৯৬০ সালে। এই বইটার কিছু অংশ বাছবিচারে ছাপানোর প্ল্যান করছি আমরা।]

…

প্রথম গানের প্রেরণা

॥ মোহররমের মর্সিয়া ॥

আমার নাম ছিল শৈশবে স্ত্রী সেখ আব্বাসউদ্দীন আহমদ। গ্রামে তথা সমস্ত কুচবিহারে মুসলমান সমাজে এক আন্দোলন উঠল—নামের পূর্বে এই ‘সেখ’ কথাটা ভুলে দিতে হবে। আমার তখন বয়স হবে আট বছর। পরিষ্কার মনে পড়ে আমাদের মহুকুমা তুফানগঞ্জে আমি সেদিন বাবার সাথে গিয়াছিলাম এক বিরাট সভায় যোগদান করতে। এক পয়সার কার্টিজ কাগজের শত শত কাগজে সবাই নাম লেখা আরম্ভ করল ‘সেখ’টা বাদ দিয়ে শ্রী অমুক বলে— সেই দস্তখত-নামা কাগজগুলো দরখাস্ত-সহ সেখানকার কাছারীতে জমা দেওয়া হয়েছিল। এর কারণ তখন বুঝিনি। পরে বুঝেছিলাম যে তখন সাধারণতঃ শিয়া মুসলমানরা নাকি নামের আগে ঐ শব্দটি ব্যবহার করতেন। অতএব আমাদের সুন্নীদের এটি পরিত্যাগ করতে হবে। গ্রামে আরও প্রচার হতে লাগল যে এবার যারা মোহররমের সময় বাড়ীতে তাজিয়া তৈরী করবে তাদের সংগে সামাজিকতা চলবে না। আমাদের গ্রামের সমাজে তখন সত্যিই বড় কড়াকড়ি নিয়ম ছিল। ছোটখাট মামলা-মোকদ্দমা আমার বাবা মৌলবী জাফর আলী আহমদ, বড় মামা ও কুচবিহার মহারাজার নাজিরের বংশধর কুমার গৌরনারায়ণ সিং এঁরাই মীমাংসা করে দিতেন। আমি অতশত বুঝতাম না, তবে মনটা বেশ খারাপ হল এই ভেবে যে গ্রামে আর তাজিয়া দেখতে পাব না। কী অপূর্বভাবে কাঁচি দিয়ে কাগজ কেটে সূক্ষ কারুকার্যের পরিচয় দিত আমের তাজিয়া তৈরী করার —এমন সুন্দর জিনিষ উঠে যাবে গ্রাম থেকে … আর বন্ধ হয়ে যাবে মোহররমের বাজনা এবং সংগে সংগে মোহররমের জারী!!

মোহররমের বাজনা সত্যিই গ্রামে বন্ধ হল কিন্তু ভিন গাঁয়ে উঠল কাড়া-নাকাড়া শানাইয়ের বাদ্য। তারা যখন আমাদের গ্রামের গঞ্জে দলে দলে এসে বাজনা এবং লাঠিসোটার খেলা দেখাতে লাগল তখন আমাদের গ্রামের যুবকরা যারা সমাজের ভয়ে দল ভেঙেছিল তারাও লুকিয়ে গিয়ে ‘ডম্প’ (এক রকম ঢোল বাদ্যবিশেষ) নিয়ে দলের সাথে ভিড়ে গেল। কিন্তু শেষ পর্যন্ত আমাদের গ্রামের আশেপাশে প্রায় দশ বারোখানা গ্রামের মোহররমের দল ধীরে ধীরে বন্ধ হয়ে গেল ।

বাড়ী থেকে প্রায় দুই তিন মাইল দূরে সত্য-পীরের গান শুনতে গেলাম একদিন। যেখানে সেই দলের মূল গায়েন গেয়ে উঠল,

ও ভাই আল্লা বলরে রসুলের ভাবনা
দিনে দিনে হইল ফারাজি সিন্নি খাওয়া মানা ।।

অবশ্য এ গান শুনেছিলাম মোহররম উপলক্ষ্যে। তাজিয়া দিয়েছিল কালজানি নদীর ওপারে বিরাটভাবে এক জোতদার । তখনকার দিনে শুনেছি পাঁচ টাকার নাকি গোলমরিচই কিনেছিল সেই মেজমানীতে লোক, খাওয়াবার জন্য। গান শুনে আমার মনে হয়েছিল যারা শিয়াদের রীতিনীতি পরিত্যাগ করে বাটি সুন্নীমত গ্রহণ করেছিল তাদের উদ্দেশ্য করেই এ গান রচনা। ফারাজি মানে নামাজী; সিন্নি মানে তাজিয়া উপলক্ষ্যে যে সিন্নি বা খাওয়ার আয়োজন করা হয়।

গ্রামের অধিকাংশই ছিলেন শিয়া মতালী। তাঁরা রূপান্তরিত হলেন সুন্নী মুসলমানে। কাজেই গান বলতে মর্সিয়া আর মোহররমের বাদ্য গ্রাম থেকে নিল চিরবিদায়।

কিন্তু আমার ভাগ্য ভাল আমার গ্রামে ছিল বহু ভাওয়াইয়া গায়ক, সারা গ্রামটা সকাল থেকে রাত দশটা পর্যন্ত গানের সুরে মুখরিত হয়ে থাকত। বাড়ীর পূর্বে দিগন্তবিস্তৃত মাঠ। আমাদের আধিয়ারী প্রজারা হাল বাইতে বাইতে পাট নিড়াতে নিড়াতে গাইত ভাওয়াইয়া গান। সেই সব গানের সুরেই আমার মনের নীড়ে বাসা বেঁধেছিল ভাওয়াইয়া গানের পাখী।

ক’ ভাবী মোর বঁধুয়া কেমন আছে রে?
তোর বঁধুয়া আছে রে ভালে
দিন কতক কন্যার জ্বর গেইছে রে
ওকি কন্যা চায়া পাঠাইছে জিয়া মাগুর মাছ রে ।।

এ গানের সুর আমার সমস্ত সত্বায় এনে দিত আলোড়ন। গ্রামের চাষীর কণ্ঠের সুর অবিকল আয়ত্ব করে ফেলতে আমার এক মিনিটও লাগত না। বাড়ী থেকে ছাত্রবৃত্তি স্কুল পায়ে হেঁটে প্রায় বিশ মিনিটের রাস্তা। বাড়ীর আড়াল হয়ে বন্দরে কৃষ্ণ পালের দোকান ছাড়লেই ধরতাম সেই গান। ঠিক বন্দরের মুখেই করতাম গান বন্ধ—কারণ সেখানে থাকত লোকজন। এমনি ভাবে হঠাৎ একদিন বাবার সামনে পড়ে যেতাম, তিনি হয়ত বন্দর থেকে বাড়ীর দিকে ফিরছেন, আমি চলেছি স্কুলে। কিছুই বলতেন না গান শুনে। একটু হেসে আমার গালে একটা চুমু দিয়ে বলতেন, “ভাত খেয়ে এসেছে। তো বাবা, যাও, স্কুলে যাও।” আমার মামাদের সামনে পড়ে গিয়েছি অনেকদিন, তার মধ্যে অন্য মামাদের চাইতে বড় মামাই কেবল ধমক দিয়ে বলে উঠতেন, “পাজী ছেলে মুসলমানের গান গাইতে আছে ?” তাই বড় মামাকে বড্ড ভয় করতাম, কিন্তু বাবার মৌন সম্মতি আছে বুঝতে পেরে মামার এই ধমককে কোনো দিনও গ্রাহ্যের মধ্যে আনতাম না।

।৷ আমার প্রথম প্রেম ॥

বয়স যখন সতের কি আঠার বছর, তখন প্রেম এসেছিল জীবনে, নীরব চরণ ফেলে ।

তুফানগঞ্জে নদীর পারে রোজই বিকালে বেড়াতে যেতাম, যখন নদীর পার জনশূন্য হত, গলা ছেড়ে গান গাইতাম ৷ সন্ধ্যার ঠিক আগে হোস্টেলে ফিরছিলাম। বাগানে দাঁড়িয়ে একটি বারো বছরের অन সুন্দরী কিশোরী। চোখ পড়ল তার চোখে ৷ স্তব্ধ হয়ে দাড়িয়ে রইলাম। সেও তাকিয়ে আছে, আমিও তাকিয়ে আছি। ভাষা নেই। মুখে কারুর অনেকক্ষণ একভাবে দাঁড়িয়ে থাকার পর অকস্মাৎ বলে উঠলাম, “একট। ফুল দেবে?” বালিকার মুখে হাসি ফুটে উঠল। তার মুখের হাসি ফুলের হাসির চেয়েও মনে হল সুন্দর, নিষ্পাপ। এক পা, দু’পা করে হাতে একটি গোলাপ নিয়ে এগিয়ে আসতে লাগল। এসে হেসে হেসে বললে, “ফুল খুব ভালবাস?”

আমি বললাম, “যে ফুল দেয় তাকেও।”

ফুলটা আমার হাতে দিয়েই চঞ্চলা হরিণীর মত ছুটে পালিয়ে গেল বাগান থেকে বাড়ীর ভিতর। যাওয়ার পথে যেন ছড়িয়ে গেল হাজার ফুলের পাঁপড়ি।

সারাটা সন্ধ্যা বইয়ের ফাঁকে ফাঁকে উকি মারতে লাগল সেই চপল মেয়ের মিষ্টি হাসিটুকু।

কেমন এক মধুর আবেশে সারাটা রাত কাটল। পরদিন স্কুল ছুটির পর চললাম আবার নদী তীরে। সেদিনও সেই আগের পুনরাভিনয়। আমি বললাম, ‘তুমি কী পড়?”

সে বললে, “বাড়ীতেই পড়ি, তা’ অনেক বই, এবার মাইনর পরীক্ষা দেব।”

বললাম, “এমনি সময় রোজ আসবে?”

সে বললে, “রোজ আসব, কিন্তু সাবধান, বেশীক্ষণ থেক না ওভাবে হাবার মত দাড়িয়ে, বাবার যে এ সময় অফিস থেকে ফেরার সময়। বাবা ভীষণ কড়া লোক, জান না?”

“কড়া লোক, কড়া লোক মানে?”

“কড়া লোক মানে তুমি যে ঐ নদীর পারে গান গাও, বাবা যদি জানতে পারে তবে আর এ রাস্তা দিয়ে পথ-চলা তোমার বন্ধ হবে।”

“আমি যে গান গাই কী করে বুঝলে?”

“বারে তোমার গান শুনবার জন্যই তো এখানে দাঁড়িয়ে থাকি।”

“ও দুষ্ট, মেয়ে, চুরি করে তুমি আমার গান শোনো।” সে হেসে বললে, “যা হবার হয়েছে, আর তোমার গান শুনবার জন্য দাঁড়াব না এসে” এই বলে সে নিমেষে ছুটে গেল চোখের আড়াল হয়ে।

পরদিন, তারপর দিন, আবার পরের দিন, এমনি করে বুঝতে পাচ্ছি, ওর অদর্শন আমাকে যেন অধীর করে তুলছে। যেদিন ওর দেখা পাইনা রাতটা যে কী বিশ্রীভাবে কাটে, কেন যেন বুক ছাপিয়ে আসে কান্না। মনে হত মেয়েটি আমার পাশে শুধু বসে থাক আর আমি সারাদিন শুধু পড়ব। ওর দিকে তাকাবও না।

ধীরে ধীরে ওর বাড়ীতে গিয়ে পরিচয়ের সূত্র মেলে দিলাম। ভালো ছাত্র বলে আমার খ্যাতি। কাজেই তার কঠিন কঠোর বাবা আমাকে ভালোভাবেই গ্রহণ করলেন। গান গাওয়াটা তিনি সত্যিই পছন্দ করতেন না, তবে প্রতি জুম্মার নামাজ পড়তে যেতাম বলে বোধ হয় মনে মনে গান গাওয়ার সামান্য অপরাধটা তিনি ক্ষমাই করেছিলেন, তাই বাড়ীতে তাঁর পাঠরত ছেলেদের উদ্দেশ্যে বলতে শুনেছি, “হ্যাঁ তোমরা হবে এর মত, কী সুন্দর পড়াশুনায় ফার্স্ট হয়, আবার নামাজ-বন্দেগীতেও ঠিক হাজির।”

আসে সারা প্রকৃতিতে আগুন ছড়িয়ে ফাগুন মাস। শুরু হয় দোলের মেলা। সন্ধ্যা হয়েছে। সেই দোলের মেলায় সওদাগরের দোকানে দেখি সেই মেয়ে বসে আছে তার বাবার সাথে। এটা ওটা কী যেন কিনছে। আমি একটু দূরে দাঁড়িয়ে। অকস্মাৎ মেলার লোকজনের ছুটোছুটি—কী, কী, ব্যাপার কী? কার যেন বাড়ীতে আগুন লেগেছে, লোকজন সেইদিকে ছুটছে।

ওর বাবা আমাকে দেখতে পেয়ে ইশারায় তাঁর কাছে ডাকলেন। কাছে গেলাম। ব্যস্তভাবে বললেন, “তুমি বাবা একে বাসায় নিয়ে যাও, আমি আগুন নেবাতে চললাম। কারো বাড়ীতে আগুন লাগলে যেতেই হয়।

আমার কল্পলোকের ছোট্ট রাণীকে নিয়ে আগেই চললাম এক মিষ্টির দোকানে। বললাম, “কী খাবে?” হেসে বললে, “দোকানে বে কিছুতেই খেতে পারব না… তার চেয়ে চল নদীর পারে খানিকটা বেড়াই, তারপর আমাকে বাসায় দিয়ে আসবে।”

তাই চললাম। ফাল্গুন মাসের পূর্ণিমা। নদীর পানিতে পড়েছে চাঁদের হাসি, এক চাঁদ শত চাঁদ হয়ে হাসছে ছোট ছোট ঢেউয়ের বুকে। নদীর ওপারে কুল বন। নির্জন নদীতীরে আমরা দু’জন একা একা। মনে হতে লাগল আজ প্রাণ ভরে কত কথা বলব। ওর একখানা হ ধরে বললাম, “দুষ্টু মেয়ে, বাড়ী এলে আমার দেখে পালিয়ে যাও কেন? তোমাদের বাসায় এত আসি কেন, জান?”

তখন সে নিরুত্তর! দেখছি তার চোখ থেকে নিশব্দে অশ্রু, গড়িয়ে পড়ছে। একটু ভড়কে গেলাম । কান্নার এতে কী আছে। কী এমন বললাম। ভয়ানক অভিমানী মেয়ে তো!

শুধু বললে, “কই তুমি তো রোজ আসনা, সেই কবে একদিন এসেছিলে, তারপর তো আর দেখা নেই।”

হেসে ফেললাম। “ও ……….তাহলে খুব ঘন ঘন আসতে বল তোমাদের বাসায়, কেমন? কিন্তু কি জান, আমার হয়েছে বিপদ….. তোমার যে সেই ভাই দু’টো কেমন যেন ভাব দেখায় আমার সাথে, তারা বোধ হয় আমার আসাটা ঠিক পছন্দ করে না।”

সে বললে, “কেন তোমার তাতে কি? জান, তুমি যেদিন আসনা সে রাত আর ঘুমুতে পারি না। আচ্ছা বলতো এ আমার কী হল?”

আমিও ঠিক ওই কথাই বললাম, “তুমি বলতে পার আমারো এ হল কী? মন তো বলে রোজই আসি —।”

সে বললে, “দেখ, তুমি যাই বল না কেন রোজ ঠিক সন্ধ্যার আজানের সময় বাগানের ওই ধারটায় একবার এসে দাঁড়াবে, তোমাকে একটিবার শুধু দেখে যাব—কেমন?”

আমি বললাম, “ঠিক, ঠিক, ঠিক, এর আর নড়চড় হবে না। কিন্তু বলতে পার, এমনি করে তোমার সাথে প্রাণ খুলে কথা বলবার সুযোগ আর জীবনে ক’দিন আসবে?”

কী আশ্চর্য, কি অদ্ভুত উত্তর-ই না দিলে এ কথার। বললে, “কথা বলার চাইতে তোমার ওই মুখের দিকে চেয়ে থাকতেই যে আমার ভালো লাগে।”

দু’টি হৃদয় যখন পূর্ণ—কথা তখন নির্বাক ।

অনেকক্ষণ পরে আমি বললাম, “আচ্ছা একটা কথা। নাঃ থাক।” সেই মিষ্টি হাসি হেসে সে বললে, “কী, থেমে গেলে কেন বল? আচ্ছা, আমিই বলি। বলি যে তুমি পড়াশুনায় তো ভালো ছেলে, তা এমন তুষ্ট ছেলে হয়ে গেলে আর পড়বে কখন?”

এবার অকস্মাৎ আমার কান্না এল। কান্নার বেগ থেমে গেলে ধরা গলায় বললাম, “জানিনা তোমাকে ছাড়া আমি আর জীবনের কূলে পাড়ি জমাতে পারব কি না।

এবার সে হেসে উঠল। এতটুকু একরত্তি বারো বছরের মেয়ে বলে উঠল কিনা, “বড় জিনিষ লাভ করতে হলে বড় ত্যাগ আর সাধনা চাই।” কে জানে সে রাতের সেই কথা আমার জীবনে মহাসত্যাদর্শ হয়ে দেখা দেবে।

এর পর… ওর কথা মত ঠিক সাঁঝের আঁধারে ওদের বাগান বাড়ীর উত্তর পাশে যেদিকে লোকচলাচল নেই সেখানে গিয়ে চুপটি করে দাঁড়াতাম আর সে চুপি চুপি পাশে এসে দাঁড়িয়ে আমার একটা হাত ধরে আবেশে বিহবল হয়ে যেত, আর হাতে একটি ফুল দিয়ে বলত, “আচ্ছা যাও, অনেকরাত পর্যন্ত পড়, আমার গোলাপটা —।”

“তা আর বলতে হবে না”— প্রতি সন্ধ্যার গোলাপই হত আমার রাতজাগার সাথী। পড়াশুনা শেষ করে সেই গোলাপের সাথে শুরু করতাম কত না প্রলাপ।

এরপর শুরু হল পত্র-বিনিময়!! বাড়ী ওদের ঠিকই যাই, কিন্তু কথা তো আর অত হয় না! দুটো চারটে ছিন্ন কথার টুকরো এধারে ওধারে ফেলে দেওয়া। তাই কথার মালা গেঁথে চললাম, রাত জেগে চিঠির মাধ্যমে।

প্রাণে প্রেমের জোয়ার এলে বিশ্ব হয় মধুময়, আকাশের চাঁদ আসে মাটীতে নেমে, প্রিয়ার মুখ হয় তখন চাঁদের চেয়েও সুন্দর। নদীর কুলুকুলু-তান তখন মিলনের উলুধ্বনি হয়ে ওঠে। কোকিলের গান মিলনের আগমনী শোনায়।

এমনি কোকিল-ডাকা এক রাতে কি যেন একটা কাজে ওদের বাড়ীতে গিয়েছি, তখন আমি ফার্স্ট ক্লাশে পড়ি, বাদায় গিয়ে এক চাকরের কাছে শুনলাম বাড়ীশুদ্ধ সবাই গেছে কার বাড়ীতে দাওয়াত খেতে। চাকরটা বললে বাসায় শুধু আছে ‘সে’ এবং এক বুড়ী দাদী ।

তাকে বললাম, “চুপটি করে ওকে বলতো আমার কথা।”

বাইরে এলো। বললাম, “কি ব্যাপার? তুমি যাওনি যে বড়?” বললে, “তুমি একটুখানিক দাড়াও আমি আসছি।” মিনিট দুয়েকের ভেতরই আবার এল, বললে, “চাকরটাকে দাদীর ঘরে দিয়ে এলাম। বলে এলাম আমি পাশের ঘরে বসে পড়ব, আমাকে ডেকো না।” তারপর এমন এক জায়গায় গিয়ে বসলাম যেখানে থেকে বাড়ীর চাকরের আসা আর বাইরের দিকে লোক আসা যাওয়া সবই লক্ষ্য করা চলে।

সে বললে, “আচ্ছা, এবার তোমার ম্যাট্রিক দেবার বছর। এরপর? অর্থাৎ ম্যাটিক পাশের পর?”

আমি বললাম, ‘ম্যাটিক পাশের পর বিয়ে দেব। তারপর আই,এ, তারপর ইংরাজী বি,এ, তারপর দেখা যাবে।”

“ও, তাহলে ম্যাটিক পাশ করেই বিয়ে দিচ্ছ? আর ওদিকে যে, মানে বুঝতেই পারছ!”

আমি বললাম, “কী, ব্যাপার কি ?”

সে বললে,“দেখ একতরফা কিছুই হয়না, আমি এমন কেঁদে কেঁদে।” বলেই সে কী কান্না! কান্নার বেগ প্রশমিত হলে বললে, “যাও তুমি আর এসো না, এ বাড়ী এলে অপমানিত হবে।”

“বল লক্ষ্মীটা, কি ব্যাপার বল!” চুপ করে রইল সে, কিছুই বলতে পারছে না, শুধু থেকে থেকে দীর্ঘশ্বাস পড়ছে । আমি হঠাৎ বলে উঠলাম, “তবে কি আমার চিঠিপত্র—-কেউ….।”

বললে, ‘ঠিকই ধরেছ। জানই তো আমার ভাইদুটো কী হিংসুটে। তুমি বাসায় এলেই ওদের আরও হয় যেন সি আই ডি’র চোর ধরার মত এদিক-ওদিক সতর্ক দৃষ্টি। সেই আমার এক ভাইয়ের চোখে আর ধূলো দিতে পারলাম না। তোমার চিঠিগুলো তো সাধারণত: আমি অতি গোপনে লুকিয়ে লুকিয়ে পড়ি। তিনদিন আগে তোমার চিঠি পড়ছিলাম, আমার সেই ভাইটি একদম দরজা খুলে সামনে উপস্থিত। হাত থেকে চিঠি নিয়ে পড়ে ফেলে বললে, “হ্যা আমি বহুদিন থেকে টের পেয়েছি । আচ্ছা এবার যদি ও আসে তবে ওরই একদিন কি আমারই একদিন।” চিঠিখানা এখনো ওর কবলে। বহু সাধ্যসাধনা করেছি, দেয়নি….এখনো বাবা কিছুই বলে নি। কিন্তু আমার ভয় হয় তোমাকে কখন কি করে বসে, কাজেই কাজ নেই তোমার আর এখানে এসে নিজের জীবনকে বিপদাপন্ন করার। জানি আমি, আমাকে না দেখে তোমার – ”।

আর বলতে পারল না সে। দুজনের চোখের জলে বুঝি বিশ্ব ভেসে যায়। বুকে উঠেছে দু’জনারি সাত সাগরের ঝড়।

ম্যাট্রিক পরীক্ষা দিয়েছি । তুফানগঞ্জ থেকে এসেছি গ্রামের বাড়ীতে। আমার এই ভালোবাসার কাহিনী বন্ধুবান্ধব মহলে এক আধটু যে ছড়িয়ে পড়েনি, তা নয়। অবস্থাটা তখন আমার দিক থেকে যেমন উগ্র, অপর দিক থেকেও ঠিক ততখানি। আমি খাওয়াদাওয়া একরকম ছেড়েছি। বাড়ীতে মা বললে, “কি বাবা, কি হল তোর, শরীর দিন দিন শুকিয়ে যাচ্ছে, খাস না কেন?” মাকে একদিন সব বললাম । বলতে বলতে কেঁদেই ফেললাম। মা বললেন, “বেশ তো বাবা, তোর বাবাকে বলব তোর বিয়ের কথা।”

বাবা শুনে রাগ করেননি, তবে খুব মর্মাহত হয়েছিলেন। তিনি আমার ভগ্নীপতিকে ডেকে বলে দিলেন, “দেখ বাবা, ছেলে আমার সেখানে বিয়ে করলে সুখী হয়, নিশ্চয়ই সেখানে বিয়ে দেব। কিন্তু কথাটা হচ্ছে এই বড় আশা ছিল ওর উপর। ব্যারিষ্টার হবে। হয়ে যাবে। সে বি, এ, পাশ করবে, এই অল্পবয়সে বিয়ে করলে সে সব আশা আমার চুর্ণ যাক, যখন গোঁ ধরেছে তুমি বিয়ের প্রস্তাব নিয়ে যাও।”

ওদিকে মেয়ের বাপকে ওর ভাই আমার সেই চিঠি দেখিয়েছে এর ভিতরই চিঠিতে অবশ্য চিরশাশ্বত প্রেমের কথাই। তার বাপ পড়েছেন জানতে পারলাম, মনে মনে খুশীই হয়েছেন, কারণ মনে মনে নাকি তিনি এমনিই একটা সেতু রচনা করেছিলেন। এটা জানতে পারলাম আমার ভগ্নীপতি যখন খবর নিয়ে এসে আমার বাবাকে বললেন, “হ্যাঁ, এ প্রস্তাব তাঁরা সানন্দে গ্রহণ করেছেন । এখন দিনক্ষণ ঠিক করে দেওয়া, দেনা পাওনা ইত্যাদি।”

আমার মা ভাই-বোনেরা সবাই আনন্দে মাতোয়ারা। আমি খবরটা -শুনে কেমন যেন ঝিম ধরে রইলাম।

মনে পড়ে বৈশাখ মাস। রাতে এসেছিল সারা চুনিয়া কাঁপিয়ে কালবোশেখীর ঝড়! ঘণ্টাখানেক ছিল সে ঝড়ের বেগ। ঝড় থেমে গেছে। প্রকৃতি শাস্ত। গ্রাম ঘুমে অচেতন। আমি আমার ঘর ছেড়ে বাইরে এলাম। পূবের দিগন্ত-বিস্তৃত মাঠে আকাশের চাঁদ ফেলেছে তার মায়াময় স্নিগ্ধ কিরণ! তাকিয়ে রইলাম পূর্ব দিকে। পূর্ব দিকেই আমার প্রিয়ার দেশ। কত কথা, কত কান্না, কত হাসি – তিন বছরের হাজারো দিনের লাখো স্মৃতি বায়োস্কোপের ছবির মত ভেদে উঠতে লাগল মনের পরদায়। শত সুরে গেয়ে উঠল অন্তর-বীণা। সে আসবে, সে আসবে, আমার কিশোর জীবনের কিশোরী প্রিয়া আসবে রাণীর বেশে, বধূর বেশে। আসবে ঘোমটা দিয়ে, লাজনত আখি তুলে তাকাবে আমার মুখের পানে, বাহুবন্ধনে তাকে আনব আমার কাছে মধুযামিনী হবে শেষ।

কিন্তু তারপর, তারপর এ কি? ভাবতেও যে শরীর শিউরে উঠে। “আমার মনমোহিনী রাণী নেমে আসবে ধরার ধূলায় আটপৌরে শাড়ী পরে কোমর বেঁধে ঢুকবে রান্নাঘরে— আমার ভাবী, বোন এদের মত সংসারের কাজে দেবে নিজেকে বিলিয়ে। রাণীর আসন থেকে নেমে এসে সন্মার্জনী হাতে আমার ঘরের স্তূপীকৃত জঞ্জাল আসবে সরিয়ে দিতে।

না না এ হতেই পারে না। আমার মানস প্রতিমা, আমার জীবনের প্রথম প্রেমের কল্পতরুকে কিছুতেই পারব না স্বর্গ হতে ধরার ধূলায় নামিয়ে আনতে৷

নেমে আসুক আমার কণ্ঠে বিরহের সুর, ফুটে উঠুক আমার কল্পনার ভুলিতে বিরহী যক্ষের মেঘদূত, চাই না আমি আমার ধ্যানের ছবিকে ধূলাবলুন্ঠিত করতে।

সারারাত ঘুমুতে পারলাম না। ভোরের দিকে ঘুমিয়ে পড়লাম। স্বপ্ন দেখেছিলাম। স্পষ্ট মনে আছে, সে আমার শিয়রে এসে হেসে হেসে বলছে, “বড় জিনিষ লাভ করতে হলে বড় ত্যাগ আর সাধনা চাই। “ঘুম ভেঙে গেছে, কিন্তু বিড় বিড় করে বলছি, “বড় জিনিষ লাভ করতে হলে বড় ত্যাগ আর সাধনা চাই।” আমার ভগ্নীপতিকে গিয়ে বললাম, “হল ন। মিঞাভাই, হবে না, বাবাকে বলে দেবেন, তাঁর মনের গোপন বাসনাই আমি পূর্ণ করব। বড় জিনিষ লাভ করতে হলে বড় ত্যাগ আর সাধনা চাই ।”

ত্যাগ আমি করলাম কিনা জানি না, তবে সাধনার পথে পা -বাড়ালাম তার স্মৃতিকে আমার ধ্রুবতারা করে।

…

কলেজ জীবন

…


॥ বি. এ’র দরজা থেকে ॥

আগেই বলেছি ছাত্র হিসাবে আমি নাম করা ছাত্রই ছিলাম। আই. এ পাশ করে বাবাকে বললাম লক্ষ্মৌ মরিস মিউজিক কলেজে পড়তে যেতে চাই, সেখানে গানও শিখব, কলেজে বি. এও পড়ব। কিন্তু আমার এ আবেদন তিনি মনযুর করেন নি। তখন কুচবিহার ছেড়ে নতুন এক পরিবেশে লেখা-পড়া করার জন্য মনে জেগেছে আকুল স্পৃহা। রংপুর কলেজে ভর্তি হব বলে রংপুরে গেলাম। দিগন্তবিস্তৃত মাঠের মাঝখানে কলেজের সুদৃশ্য ইমারত, দূরে দূরে বাংলো প্যাটার্নের প্রফেসরদের কোয়াটার্স, সুন্দর সুন্দর ছাত্রাবাস। বড় ভালো লাগল। রাতে মুসলমান ছাত্রাবাসে এক বন্ধুর কামরায় ঘুমাব বলে একখানা খাটে শয্যা গ্রহণ করলাম। বন্ধুবর মশারী খাটিয়ে দিব্যি নাক ডাকাতে শুরু করলেন। আমি আর ঘুমুতে পারলাম না। মনে হল সারা বাংলার মশককুল রংপুর হোষ্টেলে সেদিন এক ঐকতান বাদনের জন্য আহুত হয়েছে।

তাদের পুনঃ পুনঃ গুণ গুণানি এবং আমার সশব্দ আক্রমণ হয়েই অতিষ্ঠ হয়ে উঠলাম। মনে মনে প্রতিজ্ঞা করলাম রাত পোহালে কলেজের গণ্ডী ছেড়ে যেদিকে দু’চোখ যায় বেরিয়ে পড়ব। এলাম রাজশাহী। বেশ লাগল বাড়ী ফিরে এসে। রাজশাহী কলেজে বি. এ. পড়ব এ বাসনাটা বাবাকে জানতে তিনি মনযুর করলেন।

রাজশাহী কলেজে চার মাস বি. এ. থার্ড ইয়ারে পড়েছিলাম। ফুটবল খেলা, গান-বাজনা, লেখাপড়া তিনটাই সমানভাবে চালিয়েছিলাম। জনবরেণ্য প্রফুল্ল রায় রাজশাহীতে এলেন। ছাত্রদের সভার তিনি বক্তৃতা দিলেন। আমি গেয়েছিলাম সে সভায়, “ঘোর ঘোর রে আমার সাধের চরকা ঘোর।” আজো যেন আমার পিঠে তার সাবাস্ বলে ধপাস ধপাস্ করে কিলের ব্যথাটা ব্যথা-মধুর হয়ে জেগে আছে!

রাজশাহীর জলবায়ু সইল না। গ্রীষ্মের বন্ধে বাড়ী এসে দীর্ঘ একমাস রেমিটেন্ট ফিবারে ভুগলাম। আর বাবা আমাকে রাজশাহী যেতে দিলেন না, ভর্তি হলাম আবার কুচবিহারে।

বি. এ. পরীক্ষা দিয়ে বড়খাতায় (রংপুর ) গিয়েছি আমার এক বন্ধু আবুল হোসেনের বাড়ীতে। গান, পাখীশিকার, ফুটবল খেলে দিন পনের কেটে গেছে, অকস্মাৎ আমার বড় ভাইয়ের পেলাম টেলিগ্রাম — “বাবা মৃত্যুশয্যায় শীঘ্র এসো”, সেই দিনই ছুটলাম বাড়ী ৷

তিন চারদিন পরে এক রাত্রে বাবার অবস্থা সত্যিই সংগীণ হয়ে উঠল। হাত-পা ঠাণ্ডা হয়ে এল, শুধু নিঃশ্বাসটুকু বইছে। ঘর শুদ্ধ সবারই কান্নাকাটি উঠল। তখন রাত চারটা। আমি অকস্মাৎ ঘর থেকে বেরিয়ে এসে বাড়ীর সামনের পুকুরে ওজু করে বাহির বাড়ীর দলিয়ে জায়নামাজে সেজদায় গিয়ে খোদার কাছে আকুল হয়ে কেঁদে কেঁদে বললাম, “অন্তর্যামী, জীবনে জ্ঞানোম্মেষের সাথে সাথেই এই জ্ঞান দিয়েছ যে বি. এ. পাশ করে মানুষ হতে হবে। এই বি. এ. পাশের জন্য তুমি জান মালিক ছুটে চলেছি। এই ছুটি অক্ষর জীবনের জন্য তুমি ছিনিয়ে নাও। বিনিময়ে তুমি বাঁচাও আমার জন্মদাতাকে।”

কতক্ষণ জায়নামাজে পড়েছিলাম মনে নেই। হঠাৎ মনে হল বাড়ীতে কান্নাকাটি থেমে গেছে, সূর্য উঠছে লাল হয়ে। ভাবলাম সব শেষ গেছে, তাই সবাই চুপ হয়ে গেছে। ভয়ে ভয়ে বাবার ঘরে গেলাম। ঘর থেকে রোকমান সবাইকে বের করে দেয়া হয়েছে। বাবার সমস্ত শরীরে স্বাভাবিক উত্তাপ ফিরে এসেছে। এদিক-ওদিক চাইছেন, আমাকে দেখে বললেন, “বাবা ফজরের নামাজ পড়লে? ওঃ কী যেন একটা দুঃসহ পাথর এতক্ষণ আমার বুক চেপে ধরেছিল। এখন ভাল মনে হচ্ছে।”

খোদা আমার প্রার্থনা মনযুর করেছেন। কোটী শুকুর তাঁর দরগায়, বাবা আমার নবজীবন লাভ করলেন। এরপর শারীরিক নানা অসুখ থাকা সত্ত্বেও তিনি দীর্ঘ ১১৫ বৎসর বয়স পর্যন্ত বাঁচেন। ১৯৪৫ সালে বলরামপুরে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে…….রাজেউন ) । কিন্তু সেবারে বাবার নবজীবন লাভের সাথে সাথে কলেজের নামকরা ছেলের নামটা আর গেজেটে ছাপার অক্ষরে বের হল না।

বন্ধু-বান্ধব, আত্মীয় স্বজন সবাই অবাক। আমি বিন্দুমাত্রও বিচলিত হই নি। খোদার উপর আমার বিশ্বাস আরও প্রগাঢ় হয়ে উঠল ।

অনেক যুক্তিতর্ক দিয়ে বুঝিয়ে বাবা আমাকে পাঠালেন আবার বি. এ’র দরজায়। আবার ভর্তি হলাম।

বি. এ. ফেল করে মাস তিনেক বাড়ীতে বসেছিলাম। সেই তিনমাস অমানুষিক পরিশ্রম করেছি। বাড়ী থেকে পাঁচ মাইল দূরে কৃষ্ণপুর নামে এক জায়গায় আমাদের এক হাটের ইজারা ছিল। সপ্তাহে দু’দিন প্রতি শনি ও মঙ্গলবারে এই পাঁচ মাইল পথ হেঁটে যেতাম দুপুরের কাঠফাটা রোদ্দুরে সেই হাটে পয়সা তহশীল করতে। বাড়ীতে ফিরতে ফিরতে কোন কোন দিন রাত দশটা এগারোটা বেজে যেত। দুপুরে অসম্ভব গরম, রাতে ফিরবার সময় হয়ত আসত ভীষণ জোরে বৃষ্টি মাথায় করে পথ হাঁটতাম। কালজানি নদী একুল ওকুল দেখা যায় না। খেয়াপারে পাটনীর জন্য অপর পারে দাঁড়িয়ে অপেক্ষা করতাম ঘণ্টার পর ঘণ্টা। এক বৃদ্ধ মাড়োয়ারী রামরতন ঠাকুর তার নাম ৷ সহানুভূতির সুরে আমাকে বলতেন, “তোমার এমন মিষ্টি গলা –তোমার কি আর এই সব কাজ পোষায়? কলকাতা যাওনা — সেখানে কলের গানে গান দাও, কত টাকা পয়সা হবে।” আমি বলতাম “আমি ত’ যেতে চাই ঠাকুর — বাবা যে যেতে দেন না।” বর্ষার মেঘের পরদা ফাঁক করে আকাশে চাঁদ উকি মারত। ঠাকুর মশায়ের কথার ইংগিতে যেন আকাশের মায়াময় চাঁদের হাসি দেখতে পেতাম। ঠাকুর মশায় বলতেন, আরে ভাই, গান গাও একখানা—বেটা নৌকা নিয়ে আসবে তাহলে তাড়াতাড়ি। গান ধরতাম—নদীর ঢেউয়ের উপর দিয়ে সে সুরের কাঁদন হয়ত কাঁপতে কাঁপতে দূরে মিলিয়ে যেত। বাড়ী থেকে কলকাত৷ দক্ষিণ দিকে। দক্ষিণের আকাশে উদাস দৃষ্টি মেলে চেয়ে থাকতাম — ভাবতাম, কলকাতায় কত লোক কুলিমজুরী করেও দিন কাটায় আমি কি কোন কাজ করে জীবন যাপন করতে পাব না সেখানে গেলে?

(টু বি কন্টিনিউ…)

The following two tabs change content below.

বাছবিচার

এডিটর, বাছবিচার।