This entry is part 1 of 2 in the series জুলাই রেকর্ডস

[জুলাই রেকর্ডসের পক্ষ থিকা সারাদেশে জুলাই আপ-রাইজিংয়ে আহত ও নিহতদের আত্মীয়-স্বজনদের অডিও ও ভিডিও ইন্টারভিউ নিতেছেন কয়েকজন; উনাদের ইন্টারভিউ’র কয়েকটা আমরা বাছবিচারে ছাপাবো… এইখানে জানুয়ারি মাসে নেয়া শেফায়েত কাদের সাজ্জাদের ইন্টারভিউ’র ট্রান্সক্রিপ্ট পাবলিশ করা হইলো, যিনি চিটাগাংয়ের বা‍ঁশখালি’তে ছাত্রলিগরে গুলিতে আহত হইছিলেন…]

আমরা জুলাই রেকর্ডস থেকে জুলাইয়ের শহিদ পরিবার আর আহতদের ইন্টারভিউ নেওয়ার প্ল্যান নিয়ে মাঠে নামি ডিসেম্বরের শেষের দিকে। জানুয়ারির শুরুর দিকে সাজ্জাদ ভাইয়ের ইন্টারভিউটা নিই আমরা। সাজ্জাদ ভাই একদম ১ম দিকের ইন্টারভিউই হওয়াতে উনার ঘটনাটা আমাদেরকে টাচ করছিল অনেক। দেশের আনাচে কানাচে জুলাইয়ে মানুষের ত্যাগ আর স্ট্রাগলের কথা কাছ থেকে জানতে শুরু করছি তখন মাত্র।

ওইদিন জুমার নামাজের পর এলাকার এক চায়ের দোকানে আমি, সুলাইম মাহমুদ আর খোবাইব হামদান, সাজ্জাদ ভাইকে নিয়ে বসি ৩ জানুয়ারি, ২০২৫; কল্পলোক আবাসিক, বাকলিয়া, চট্টগ্রামে। প্রায় ৪০ মিনিট ধরে উনি উনার এবং উনার এলাকার জুলাইয়ের জার্নির বর্ণনা আমাদেরকে দেন।

কাজী ওয়ালী উল্লাহ

…

কাজী ওয়ালী উল্লাহ: আপনি আন্দোলনে কিভাবে জড়াইলেন? ইন্সপিরেশন কোথা থেকে পাইলেন?

শেফায়েতুল কাদের সাজ্জাদ: প্রথম প্রথম যখন কোটা আন্দোলন শুরু হলো তখন আমরা ফেসবুকে লেখালেখি করতেসি কিন্তু আন্দোলনে যাবার সাহস পাচ্ছি না কারণ কার মাধ্যমে যাব এটার লিংক পাচ্ছিলাম না ৷ মুগ্ধ শহিদ হওয়ার অনেক দিন পর আমরা বন্ধুরা মিলে প্ল্যান করলাম, শহরে চলে যাব ৷ আন্দোলন করব ৷ আমাদের বাড়ি হলো পশ্চিম বড়গুনায় ৷ আন্দোলনের সময় আমরা গ্রামে ছিলাম ৷ আমাদের ওখান থেকে অনেক পোলাপান না বলে শহরে চলে গেসে আন্দোলনে যোগ দেবার জন্য ৷ পনের জনের বেশি হবে ৷ আমি একদিন কোচিংয়ে যাচ্ছিলাম দিদার স্যারের ৷ তখন আমি গুনাগরী কলেজের একটা গ্রুপে মেসেজ পেলাম, বাঁশখালি থেকে একটা মিছিল বের করার।

ওয়ালী: তখন কত তারিখ ছিল?

সাজ্জাদ: এক্সেক্ট তারিখটা ত মনে নাই ৷ তবে আগস্টের চার তারিখের তিন চার দিন আগে হবে৷ বা তখন সময়টা জুলাইয়ের শেষ বা আগস্টের শুরু৷

ওয়ালী: আপনাদের ওখানের ছাত্ররা কি তখন শহরে চলে গেছিল?

সাজ্জাদ: হ্যা, তখনই চলে গেসে ৷

ওয়ালী: ক্র্যাকডাউনের আগে কি অবস্থা ছিল?

সাজ্জাদ: তখনও আমরা তেমন সজাগ ছিলাম না ৷

ওয়ালী: বাইতুশ শরফের (দেওয়ানহাট, চট্টগ্রাম) কথা বলছেন যে সেটা কখন?

সাজ্জাদ: তখন আসলে আমরা আন্দোলনের ব্যাপারে তেমন কিছু জানতাম না ৷ বাঁশখালিতে তখন আন্দোলন বিষয়ে কোনো কথা ওঠে নাই ৷ এমনিতে সেই সময়টাতে আমি শহরে গেছিলাম একবার ৷

ওয়ালী: তখন শহরে থাকা অবস্থায় কি আন্দোলনে গেছিলেন?

সাজ্জাদ: না, তখন আন্দোলনে যাই নাই কোথাও ৷ বাইতুশ শরফে একজন বন্ধুর বাসায় ছিলাম ৷ কিন্তু পুলিশের ভয় কাজ করার কারণে আমি গ্রামে চলে যাই ৷

ওয়ালী: তারপরে আগষ্টের শুরুতে কি হলো?

সাজ্জাদ: আগষ্টের শুরুতে গুনাগরী কলেজের একটা পেইজ থেকে আমাদেরকে ডাক দিসিল ৷ উনারা বলল, আমরা বাশখালি থেকে একটা আন্দোলন বের করব ৷ আমি তথ্য যতটুকু শুনসি, বাশখালিতে একজন ভাইস চেয়ারম্যান ছিল হোসাইন নামে সে ছাত্রদের সরাসরি হুমকি দিসিল যে, তোরা যদি আন্দোলনে বের হস তাইলে ডাইরেক তোদের গুলি করে খাই ফেলায়ুম ৷ তখন ছাত্ররা আর সাহস পায় নাই৷ দুই থেকে তিনদিন চলে গেসে ৷

ওয়ালী: আপনারা আপনাদের বাজারে নামতে চাইসিলেন মিছিল নিয়ে?

সাজ্জাদ: হ্যা ৷ আগস্টের তিন তারিখ রাতে একটা মেসেজ আসলো, আমরা সবাই আন্দোলনে যাব চাম্বলবাজার থেকে, যারা বরগুনার আছে, বাশখালির আছে তারা চাম্বল ক্লাব থেকে শুরু করবে ৷ শেখেরখিলের যারা আছে তারা শুরু করবে রাস্তার মাথা থেকে আর জলদি বা গুনাগরী বাজার থেকে যারা যাবে তারা টাইমবাজার থেকে শুরু করবে ৷

ওয়ালী: এই জায়গাগুলার দূরত্ব কি বেশি, নাকি কাছে?

সাজ্জাদ: তিনটা জায়গার দূরত্ব হবে এখান থেকে (কল্পলোক আবাসিক) নতুন ব্রিজ পর্যন্ত। মানে তিন রাস্তার মোড়ে আসব আমরা, চকরিয়া আর কক্সবাজার ৷ (আমরা আন্দোলন নিয়ে চকরিয়া, কক্সবাজার তিন রাস্তার মোড়ে আসব৷) আমরা সবাই একত্রিত হব চাম্বলবাজারে৷ আমরা সবাই এসে ফাহিম-ক্লাবে অবস্থান নিসি, তখন দুইটা বা আড়াইটা হবে ৷ আমাদের অংশে ছিলাম তিনশ জনের বেশি ৷ তখন শেখেরখিলের একজনের সাথে আমাদের লীড দিচ্ছিলো যেই ভাই উনার সাথে যোগাযোগ হইলো, শেখেরখিলের ভাইটা বলতেসিল, আমরা সবাই জড়ো হইসি, রেডি আছি এখন মিছিল নিয়ে আসব ৷

ওয়ালী: আপনাদের মিছিল কোথা থেকে আসবে?

সাজ্জাদ: আমাদেরটা চাম্বলবাজার থেকে৷

ওয়ালী: আরেক পাশ থেকে কারা?

সাজ্জাদ: আরেকটা দল হচ্ছে, জলদি থেকে টাইমবাজার৷ টাইমবাজার থেকে চাম্বল আসবে৷

ওয়ালী: তারপর কি হলো?

সাজ্জাদ: তখন আমরা তাদের জন্য অনেক সময় অপেক্ষা করতেসিলাম৷ সাড়ে তিনটা বেজে গেসে তখনও শেখেরখিলের খবর পাচ্ছিলাম না ৷

ওয়ালী: আপনারা কখন বের হইসেন?

সাজ্জাদ: আমি কখন বের হইসি, আমারটা বলি৷ আন্দোলনে যাবার আগে আমি আম্মুকে বলতেসিলাম যে আন্দোলনে যাব, মা বলতেসিল, ও পুত নামায পড়ছো? আমি তখন আম্মুকে বললাম আপনি ভাত রেডি করেন, আমি নামায পড়ে এসে খাব৷ খেয়ে যাব৷ নামায পড়ে বাড়িতে ঢুকলাম কিন্তু আমার খেতে ইচ্ছা করতেসিল না, লাগতেসিল আমি কি জানি হারাইসি, আমার ক্ষুধা আসতেসিল না ৷ আমি পকেটে মানিব্যাগটা নিতেও ভুলেও গেসি ৷ দুই তিনজন বন্ধুকে ফোন করে বলসি আমার সাথে যাবার জন্য, কেউ আসছে কেউ আসে নাই। আমার বাড়ির আশপাশ থেকে সাতজন বা আটজন আসছিল। আমরা যে বন্ধু বান্ধব নিয়ে আন্দোলনে বের হইসি সেটা আম্লীগের পোলাপান রিপোর্টও করসে অলরেডি৷ আমরা যখন ফাহিম-ক্লাবের ওখানে জড়ো হইলাম তখন দুইটা বা আড়াইটা হবে ৷ অনেকে আমাদের বলতেসিল, তোরা এখানে আন্দোলন করতে কেনো আসছিস৷ ওরা ত মারবে তোদের৷ অনেক গুলিটুলি নিয়ে আসছে ওরা। তখন আমাদের একজন বলতেসিল, গুলি করলে করবে সমস্যা কি৷ এত ভাই মরসে আমরা মরতে পারব না? আমরা প্রস্তুত হয়েই আসছি। তারপর শেখেরখিলের যারা ছিল তারা বলে যে, আমরা সবাই একসাথে গেলে ওরা ক্ষতি করতে পারবে না ৷

ওয়ালী: তখন কি শেখেরখিলের ছাত্ররা চলে আসছিল?

সাজ্জাদ: তারা তাদের সাইডে অবস্থান করতেসিল ৷ প্রায় কাছাকাছি ছিল ৷ তখন ছাত্রলীগ যারা ছিল, তারা ছিল যে চাম্বল মেইন রোডে ৷ আমাদের লক্ষ্য ছিল চাম্বল বাজার মেইন রোডে ওঠা, মেইন রোড ব্লক করা৷ আর ছাত্রলীগরা বলতেসিল, তোরা মেইন রোডে উঠলেই তোদেরকে মেরে ফেলব ৷ মেইন রোড ব্লক করা মানেই কক্সবাজার চকরিয়ার মেইন রোড ব্লক করা ৷ কিন্তু তখনও জলদী থেকে যাদের আসার কথা তাদের খবর পাওয়া যায় নি৷ ওরা পরে আসছে কিন্তু আমরা নোটিস করতে পারি নাই৷ তখন আমরা শেখেরখিলের ভাইদের সাথে যোগাযোগ করে মেইন রোডে ওঠার চেষ্টা করতেসি ৷ স্লোগান দিয়ে একটুখানি যাবার পর আম্লীগের একজন বলতেসে, তোদেরকে আমি চিনি, তোরা মেইন রোডে উঠতে যাইস না, উঠতে চাইলে তোদের খবর আছে৷ এখান থেকে আমাদের একজন বললো, আংকেল আপনি সরেন, আমাদের মেইন রোডে উঠতে দেন৷ আমাদেরকে মরতে হলে মরব কিন্তু আমরা যখন প্রতিজ্ঞা করে আসছি আমরা মেইন রোডে উঠবই৷ আপনি যা মনে করেন ডাজেন্ট মেটার৷ উনারা মানতেসিল না, বলে, শোন, আমাদের কথা শোন। তখনও আমাদের উঠতে দিচ্ছিল না৷ আমাদের পশ্চিম বরগুনার ছেলেরা সামনের দিকে ছিলাম, আমি তখন ভাইটাকে বললাম দেখি কি বলতে চায় শুনি, উনারা যদি আমাদের শান্তিপ্রিয়ভাবে মিছিল করতে দেয় তাহলে আমরা ত কিছু করব না৷ যদি বাধা দেয় তখন প্রতিরোধ করব৷ কথাটা বলার সাথে সাথে ছাত্রলীগের একটা আমাদের এক ভাইকে কপালে ইট মেরে দিসে। সাথে সাথে গলগল করে রক্ত বের হচ্ছিল। তখন আমাদের ছেলেরা মানে নাই, ওদেরকে তাড়ায়ে নিয়ে গেসে৷ শেখেরখিল আসতেসে কিনা সেটা দেখে নাই ৷ আম্লীগরা অর্ধেক পালায় গেসিল৷ তখন আমরা মেইন রোডে উঠে গেসি৷ তখন মেইন রোডের আশপাশ থেকে ছেলে একটা বলতেসে, ওদের সাথে কথা বলে লাভ নাই ৷ ওদেরকে ডাইরেক গুলি কর। তখন ওরা দুই তিনটা ফায়ার করে।

দুই তিনজনের গুলি লাগে। তাদেরকে মিছিল থেকে সরায়ে নিয়ে একটা ঘরে রাখা হয়৷ তখন আমরা বলি যে গুলি ওরা খাইতে পারসে আমরা পারবো না? ইটের কণা নিয়ে ওদেরকে ধাওয়া দিই। তখন আমাদেরকে ঝাঝরা করে গুলি করে ৷ উনষাট বা ষাটজন মত আমাদের ছেলেরা গুলি খাইসে৷ কারো ফুসফুসে, কারো পায়ে গুলি লাগে৷ আমি গুলি খাওয়ার পরে আমার পাশের ছেলেরা বলতেসিল, আল্লা! তুই শেষ তুই শেষ। মাথায় যেটা লাগসে সেটা থেকে রক্ত ঝরতেসিল। কিন্তু পিঠে যেগুলা লাগসে সেগুলার হালত কেমন তা ত দেখতে পারতেসিলাম না।

ওয়ালী: আপনার কোন কোন জাগায় কয়টা কয়টা গুলি লাগসে?

সাজ্জাদ: আমার গুলি লাগসিল মাথায় দুইটা, দুই উরুতে তিনটা, মেরুদণ্ডে একটা।

ওয়ালী: আপনি কখন গুলি খাইসেন?

সাজ্জাদ: যখন সবাইকে গুলি করতেসিল সমানে ৷ আরো অনেকের সাথে তখন গুলি খাইসি ৷

ওয়ালী: তখন কি আপনারা ধাওয়া পাল্টা-ধাওয়া দিচ্ছিলেন?

সাজ্জাদ: হ্যা প্রথমে একবার ধাওয়া পাল্টা ধাওয়া হয়ে গেসে৷ ওরা প্রথমে আমাদের একবার গুলি করসে৷ দুই তিনটা ফায়ার করসে৷ কয়েকজনের গুলি লাগসে৷ তখন ওদেরকে নিয়ে একটা ঘরে রাখা হইসে। তখন আমরা বলি কি, গুলি ওরা খাইতে পারসে আমরা পারব না? তখন আমরা ইটের কনা-টনা নিয়ে আবার গেসি ৷ তখন আমাদের লাগাতার ফায়ার করা শুরু করসে ৷ তাই তখন আর কুলাইতে পারি নাই৷ সামনে যারাই ছিলাম সবাই একত্রে গুলিবিদ্ধ হয়ে গেসি ৷

ওয়ালী: সেখানে কি কেউ মারা গেসে?

সাজ্জাদ: না, কেউ মারা যায় নাই ৷

ওয়ালী: ওখানে তখন কি পুলিশ ছিল নাকি পুরাটা ছাত্রলীগ?

সাজ্জাদ: ওখানে শুধু ছাত্রলীগ ছিল৷ পরে আবার নোটিস পাইসি যে, শেখেরখিলের ওরা আসতে পারে নাই যে পুলিশের কারণে৷ পুলিশ গুলি করসে৷ ওদের আসতে দেয় নাই ৷

ওয়ালী: সেখানে (শেখেরখিল) কেমন কতজন আহত হইসে?

সাজ্জাদ: সেখানে অনেক বেশি আহত হইসে। আমরা যখন গুলি খাইসি তখন ওখানে ছিলাম অনেকক্ষণ। আশেপাশে যাদের ঘর ছিল তারা আমাদের যথেষ্ট পরিমাণ হেল্প করসে৷ ত ওরা আমাদের ঘরে ঢুকায়ে ফেলসে৷ তারপর আম্লীগের ছেলেরা এসে তল্লাশি চালাইসে৷ ওরা তখনও রাস্তাতে ছিল, যদি বের হই তাহলে আবার গুলি করবে৷ ওরা আমাদের চিকিৎসা করতে দেয় নাই৷

একটা পল্লিচিকিৎসক ছিল প্রদীপ, আমরা উনার কাছে যাই, উনি খুব কনফিউশনে পড়ে গেসিল। করবে নাকি করবে-না, আওয়ামী লীগের ভয়ে ৷ তখন বাংলাবাজারের ভাইরা যারা ছিল তারা ডাক্তারকে বলতেসিল, আমরা তোমাকে আমাদের জীবন দিয়ে হলেও সেটাপ দিব, সমস্যা নাই৷ তুমি চিকিৎসা করাও৷ তখন উনি একটু একটু চিকিৎসা করাইসে।

ওয়ালী: যারা গুরুতর তাদের কিভাবে চিকিৎসা হলো?

সাজ্জাদ: তাদের চিকিৎসা করসে পল্লিচিকিৎসক প্রদীপ৷ তখনই বাসায় যেতে পারেনাই কেউ। গুলি খাওয়ার একঘন্টা পর্যন্ত আমরা কোনো হাসপাতালে যাইতে পারি নাই, চিকিৎসা নিতে পারি নাই। একটা নাপাও খেতে পারি নাই৷ রক্ত ঝরতেসে একাধারে৷ কে বন্ধ করবে রক্ত, কেউ ত কিছু জানি না। গুলি খাবার পর আমাদের মনোবল একদম নষ্ট হয়ে গেসিল৷ কি গুলি খাইসি সেটা ত জানি না৷ গুলি আর রক্ত এগুলা দেখে আমরা পুরাপুরি বিভ্রান্ত হয়ে গেসি৷ আমরা ত গুলি আগে দেখি নাই ৷

ওয়ালী: আপনাকে কি টার্গেট করে মারসে?

সাজ্জাদ: আমাদের সবাইকে টার্গেট করে মারসে ৷ ওরা ত আসলে ওখানকার সন্ত্রাসী ৷ ওরা যদি ওপর দিক থেকে কয়টা ফায়ার দিত ৷ আমরা চলে যাইতাম আর আরো সতর্ক হয়ে মনোবল নিয়া ফিরা আসতাম। কিন্তু ওরা ত সেটা করে নাই৷ ওরা ডাইরেক আমাদের টার্গেট করে মারসে, তার মানে ওরা আমাদের মেরে ফেলতেই চাইসে৷

ওয়ালী: গুলি খাইসে কতজন?

সাজ্জাদ: আমরা মোট গুলি খাই উনষাট বা ষাট জন তবে কেউ কেউ বলে পয়ষট্টি জন ৷ তবে এটার লিস্ট আছে। লিস্টটা আমি সংগ্রহ করে আপনাদের দিব।

 

পোস্ট-জুলাই

ওয়ালী: তারপর আপনি শহরে কিভাবে আসলেন, চিকিৎসা কিভাবে করলেন?

সাজ্জাদ: আমি পল্লিচিকিৎসকের কাছে চিকিৎসা নিয়ে ঘরে চলে গেসি। সেই চিকিৎসাতে কি কোনো কাজ হয়? রক্ত বন্ধ হইসে কিন্তু ডাক্তারটা গুলি বের করতে পারে নাই৷ কারোর গুলিই বের করতে পারে নাই৷ ওইদিন রাতে আমাদের ভয় ছিল, আমাদের নাম লিস্ট করা হয়ে গেসিল। ছাত্রলীগই করছে। আমি আপনাদের বলতেসি, কিন্তু আপনারা পাবলিশ করতে পারবেন না ৷ উনি মহানগর দক্ষিনজেলার ছাত্রলীগ সভাপতি… উনি এখানের নেতা ছিল… উনি আমাদের ভাই হয়। উনার পোলাপান যারা ছিল, আমাদের নাম লিস্ট করে দিয়ে দিসে। এটা আমরা শুনসি।

ওয়ালী: এটা বলতে পারবেন না কেন?

সাজ্জাদ: এটা আপনারা পাবলিশ করতে পারবেন না কারন উনি আমার চাচা লাগে৷ সেদিন রাতে আমার প্রচণ্ড ব্যথা। আমার চাচত ভাই একটা গুলি খাইসে, উনাকে রাতে পালায়ে অন্য জাগায় পাঠায় দিসে৷ আমার অবস্থা ত বেশি খারাপ, পায়ে ব্যথা উরুতে গুলি লাগার কারণে। হাটতে পারতেসিলাম না৷ আমি বাড়িতে রয়ে গেসি, ভাবতেসিলাম ধরলে ধরুকগা, নিয়ে যাকগা৷ যারা হাঁটতে পারসে তারা বাসায় থাকে নাই৷ পুলিশ এসে যদি ধরে নিয়ে যায় সেই ভয়ে৷ নানান আত্মীয়ের বাসায় গেসে৷

শহরে যাইতে পারে নাই। তখনও ত সরকার পতন হয় নাই। আমরা মেডিকেল যেতে পারতেসিলাম না। তখন একজন ঘরোয়া চিকিৎসক, আমাদের বাড়ি থেকে অতদূর হবে, এখান থেকে (কল্পলোক আবাসিক) জিইসি মোড় যতদূর ৷ সরল নামে একটা জাগায় গেসি৷ পশ্চিম বরগুনা থেকে গন্ডামারার লাস্ট মাথায় চলে গেসি৷ ওখানে যাবার পর ডাক্তারটা একটা গুলি বের করতে পারসিল। উনি গুলি বের করা শিখসে যে, আগে যে দাঙ্গা হত, সেখান থেকে প্রশিক্ষন নিয়ে উনি ডাক্তার হইছে৷ আমার ভয় ছিল জন্য মেডিকেল যেতে পারতেসিলাম না৷ যদি ধরে আর ছাড়বে না। কারন অনেক ভাইকে এভাবে নিয়ে যাবার সময় পিটাইসে, গাড়ি থেকে নামায়েই পিটাইসে।

ওয়ালী: আহতদের পিটাইসে?

সাজ্জাদ: হ্যা, আহতদেরকেই পিটাইসে৷ রাতটা অনেক কষ্টে কাটসে। একদিকে পুলিশের ভয় আরেকদিকে শরিলে যন্ত্রণা।

ওয়ালী: রক্ত বন্ধ করার জন্য কি করসিলেন?

সাজ্জাদ: রক্ত বন্ধ হয়ে গেসিল৷ কারন গুলি যখন ঢুকে শরিলের ভিতর তখন রক্ত যা বের হবার হয়ে যাবে, কিন্তু ছিদ্র যেটা হবে সেখান থেকে পরে রক্ত বের হয় না গুলি আটকে থাকার কারণে। বরফ থেকে যেভাবে গলে গলে পানি বের হয় সেভাবে৷ তেমনই একটু একটু রক্ত বের হইসিল কিন্তু প্রচুর ব্যথা হয়ে গেসিল ক্ষতগুলাতে। আঙুল একটাতে ইট পরসিলো। সেটা এখনো ঠিক হয় নাই। আরো অনেক ছেলে ছিল যারা আরো গুরুতর আহত হইসিল। ফুসফুসে গুলি লাগসিল একজনের ,আমরা তার চিকিৎসা করতে পারি নাই। তাকে চট্টগ্রাম মেডিকেল এনে এলাকার কিছু ভাই-বেরাদাররা চিকিৎসা করসিল৷

আর আহতদের ফান্ড নিয়ে যে টাকার কথা বলসেন, আমরা সেগুলা কিছু পাই নাই। আব্দুর রহিম নাম একজনের, উনি দক্ষিনজেলার শিবির সভাপতি, উনি খবর নিসে আর একজন ছিল আব্দুর রহমান ভাই, নেতৃত্ব দিসিল আন্দোলনে, উনি আমাদের জন্য অনেক কষ্ট করসে। এরপরে আমি অনুদান পাই যে সানমারে সার্জিস ভাই আসছিল ৷

ওয়ালী: তখন আপনি গেসিলেন?

সাজ্জাদ: হ্যা, উনি আমাকে কল দিসিল যাবার জন্য। আমি গেসি ত অনেক ভয়ে ভয়ে, আমাদের ওখানে আরেকজন গুলি খাইসে পায়ে যে, উনার আব্বা নাই। বাঁশখালি থেকে আমার নাম আসছিল উনারটা আসে নাই৷ তখন উনাকে বললাম যে, টাকা ত আমাকে দিবে শিউর, সেই টাকা আমরা দুইজনে মিলে ভাগ করে নিব। ভাইটার ফ্যামিলিতে একটু সমস্যা। তখন আমি ওদের ফোন করে জানাইসিলাম যে, আমার এক গুলিবিদ্ধ ভাই আছে আমি উনাকে নিয়ে আসব। টাকা দিয়েন যতটা পারেন ৷

ওয়ালী: কোন ফাউন্ডেশন দিসে?

সাজ্জাদ: সেটা নির্দিষ্ট করে বলতে পারবো না ৷ টাকাটা আমাদেরকে সার্জিস আলম ভাই-ই দিসে৷ আমাদের দুইজনকেই টাকা দিসে ত্রিশ হাজার করে৷ ফাউন্ডেশনের নাম জানি না৷ কিন্তু কোথা থেকে দিসে নির্দিষ্ট করে বলতে পারব না৷ এরপর থেকে টুকটাক টাকা দিসিল, শিল্পকলাতে, তারপর পুলিশ লাইনে আসছিল৷ দুই হাজার, পাঁচ হাজার৷ উনারা বলে যে আপনারা আসছেন, আপনাদের প্রতি কৃতজ্ঞ৷ আপনাদের গাড়িভাড়া হিসাবে এই টাকা। এগুলা হলো, মাঝেমধ্যে আসে ডাকে৷ আমাদের জন্য প্রচুর কাজ করসিল এনাম ভাই, জসিম ভাই। আপনারা উনাদের দুইজনের নাম রাখবেন। উনাদেরকে যে কোনো সময় ফোন দিলে রেসপন্স করে, সলিউশন দেবার চেষ্টা করে৷ একবার আমি ফোন দিয়ে বললাম, ভাই আমার ত ঢাকা যাওয়া লাগবে আমার কাছে ত টাকা নাই।

ওয়ালী: উনারা ফান্ডের টাকার ব্যবস্থা করতে বলেন নাই কেন?

সাজ্জাদ: আসলে আমরা ত কারো কাছে সেইভাবে ফান্ড চাই নাই ৷ আমাদেরকে জুলাই ফাউন্ডেশনের সিভিল সার্জনের ওখানে, আন্দরকিল্লা কয়েকদিন করে গেসিলাম, বলসিল যে একটা ফান্ড দিবে।

ওয়ালী: পাচ তারিখের পরে ঘটনা বলেন, কিভাবে শহরে আসলেন?

সাজ্জাদ: তখন শহরে আসি নাই আমি। সরকার পতনের দুই একদিন হয়ে গেসে। তারপরে ডাক্তার যার কাছে চিকিৎসা করসিলাম যে ঘরোয়া ডাক্তারটা, যিনি উরুর একটা গুলি বের করসিল৷ উনি বলসিল যে তোমার অনেক রক্ত ঝরসে ক্ষয়ক্ষতি হইসে, তুমি এখন গুলি বের করতে যাইয়ো না। এখন গুলি বের করলে তোমার শরিলে রক্তের সংকট হবে। ওই সময় আসলে রক্ত দিবে কে, সবাই ত আহত সেজন্য উনি এই কথা বলসে৷ তারপর আমি তিন চার দিন অপেক্ষা করসি৷ অপেক্ষা করার পরে, পাচ দিন পর বলতে, আপনি আগষ্টের দশ তারিখ ধরতে পারেন৷ না, পনের তারিখ হবে, সেইদিন আমি বাঁশখালী হাসপাতালে যাই, চাম্বলবাজার জেনারেল হাসপাতাল৷ সেখানে একটা বুলেট বের করতে পারি। যেটা উরুতে থেকে গেসিল।

ওয়ালী: ওখানে কি ফ্রি চিকিৎসা দিসে?

সাজ্জাদ: না, উনারা ফ্রি দেয় নাই। ফ্রি বলতে, আমার বিল আসছিল চৌদ্দশ টাকা উনারা নিসিল ছয়শ টাকা। ফ্রি দেয় নাই। ফ্রি দেয়ার কথা ছিল ৷

ওয়ালী: পনের তারিখের পরও ফ্রি চিকিৎসা দিলনা কেন?

সাজ্জাদ: ওরা ভিজিটের টাকাটা নেয় নাই৷ ওষুধ, ইনজেকশন এগুলার টাকা নিসে। তারপর কিছু দিন পর হঠাৎ করে দেখি যে, মাথায় ব্যথা।

ওয়ালী: তখন আপনি হাটাচলা করতে পারতেসেন?

সাজ্জাদ: হ্যা, একটু একটু পারতেসি।

ওয়ালী: আপনার তখন মোট গুলি কয়টা বের করা হইসিল?

সাজ্জাদ: একটা ঘরোয়া ডাক্তার উরু থেকে বের করসে। জেনারেল হাসপাতালেও উরু থেকে আরেকটা বের করসে। তারপর একমাস পর আমি বাশখালি স্বাস্থ্য কমপ্লেক্সে আসি, আমি আমার মাথায় থাকা গুলিটার কথা তাদের জানাই। সেটা বেশি পেইন হচ্ছে এখন৷ তখন উনারা বলে যে আমাদের দ্বারা ত সম্ভব না৷ উনারা আমাকে কিছু ওষুধ লিখে দিসে৷ আমাকে বলসে তোমাদের নাম লিস্ট করা লাগবে৷ আমাকে পুলিশ কেইসের একটা প্রেসক্রিপশন দিয়ে দিসিল৷ তখন আমাকে রেফার করসে চট্টগ্রাম মেডিকেলের ওটিতে৷ এখানে আমি আসছি সকালে৷ আমাকে নিয়াসছে আব্দুর রহমান ৷

ওয়ালী: এটা কত তারিখের কথা?

সাজ্জাদ: এগুলা এক মাস পরের কথা ৷ আব্দুর রহমান ভাই, জসিম ভাইয়ের সাথে যোগাযোগ করে৷ জসিম ভাই তখন বলে যে, আমি অনেক ঝামেলায় আছি৷ তুমি একটা কাজ করো, এমন এমন জায়গাগুলা থেকে মেডিসিন নিয়ে ওকে ওটিতে ঢুকায় দাও৷ ওটিতে সময় দিসিল সাতটা বাজে৷ আমাকে ওটিতে ঢুকানো হয় তারপর মাথার বুলেটটা অপারেশন করা হয়৷

তখন আমি যেই অবহেলায় ভুগসি চিটাগং মেডিকেলের ওটিতে ৷ আমাকে ওটিতে ঢুকানোর পরে অপারেশন করসে যে তখন আমার অনেক রক্ত বের হইসে৷ সেগুলা আমি ছবি তুলসি ৷ ডাইরেক আধা ঘন্টা মত হবে আমাকে বেন্ডিজ করে নাই৷ ফেলে রাখসে৷ পরে বেন্ডিজ দেয়া হইসে৷ ড্রেসিং করানোর জন্য পরে যেতে বলসিল ৷ ত পরে আমি আমার ভাইকে নিয়ে ড্রেসিং করাতে গেসি ৷ যাওয়ার পর আমি বলি যে, আমার পিঠের বুলেটটা বের করা যাবে কিনা? এটা আমাকে পেইন দিচ্ছে, এটা বের করলে কি হয়? তখন ওরা বলে যে এটা বের করতে গেলে প্যারালাইসিস হওয়ার সম্ভাবনা বেশি৷ প্যারালাইসিসের কথা বলাতে আমরা একটু বিভ্রান্তিতে পড়ে গেসি ৷

ওয়ালী: এই চিকিৎসাতে কি আপনাদের খরচ হইসে?

সাজ্জাদ: না, আমাদের খরচ হয় নাই ৷ খরচ যা হইসে উনারা ম্যানেজ করসে। আব্দুর রহমান, জসিম ভাইয়ের মাধ্যমে হোক বা কারো মাধ্যমে হোক ম্যানেজ করসে৷ আব্দুর রহমান অনেকজনকে ফোন দিয়ে ওষুধগুলার খরচগুলা ম্যানেজ করসে। তবে আমি ওটিতে একটু অবহেলার শিকার হইসি। ব্যান্ডেজ না করে ফেলে রাখসিল।

ওয়ালী: সেটার কারণে পরবর্তীতে আপ্নার কোনো সমস্যা হইসিল?

সাজ্জাদ: সমস্যা বলতে তখনই অনেক রক্ত বের হয়ে গেসিল শরিল থেকে। তারপর আর সমস্যা ফেস করি নাই৷ তারপর ডাক্তার আমাকে বলে যে তুমি মেডিসিনগুলা খাও, দ্যাখো। যদি গোশত জমাট হয়ে যায় তাহলে তোমার আর কোনো ক্ষতি হবে না। পেইন হবেনা৷ তখন আমার তেমন অনুভব হত না যে আমার পিঠে গুলি আছে। তারপর আমি শহরে চলে আসি কোচিংয়ে ভর্তি হওয়ার জন্য৷ তিন মাস আগে। প্রথম কয়টা ক্লাস পাই নাই। সেপ্টেম্বর হবে৷ তখন আমার পিঠে ব্যথা অনুভব করি৷ তখন আবার আমি জসিম ভাইদের সাথে যোগাযোগ করি৷ তাদেরকে বলি যে ভাই আমি এরকম এরকম, আমার পিঠে ত সমস্যা হচ্ছে, আমি এখন কিভাবে চিকিৎসা করতে পারি৷ ত আমি সিভিল সার্জনের কাছে গেসি, সেখানে যাবার পরে দেখি ডাক্তার টাকার পরিমান বসাচ্ছে কাকে কত টাকা দিবে।

ওয়ালী: এটা কোথায় ছিল?

সাজ্জাদ: আন্দরকিল্লা সিভিল সার্জন অফিসে৷ উনি যে ডাক্তার ছিল, আল্লার রহমতে অনেক ভাল ডাক্তার ছিল৷ উনি আমাকে পরামর্শ দেয় যে এটা কোথাও হবে না৷ চিকিৎসাটা কোথাও হবেনা তবে বাইরে তুমি যাবার জন্য চেষ্টা করো।

ওয়ালী: বাহিরে কি হবে?

সাজ্জাদ: এটা সিএমএইচে যাবার পরে শুনতেসি যে বাইরে হবে না। বাইরে যাবার জন্য সিএমএইচকে ফোকাস করসে যে আগে, সিএমএইচে যেতে হবে৷ আমি বলসি আমার ত আর্থিক সমস্যা। ওখানে ত অনেক টাকা লাগবে, কিভাবে ওখানে চিকিৎসা করাব? তখন উনি আমাকে বলে, সিভিল সার্জন অফিসারের নাম জাহাঙ্গির৷ ত উনার কাছে যাই, উনার কাছে যাবার পরে উনি আমাকে সিএমএইচে দেখানোর দরখাস্ত লিখে দেয় ফ্রি চিকিৎসার জন্য। আমি টাকা ম্যানেজ করতে পারি নাই এবং আমার ভাইয়াও ব্যস্ত ছিল৷ কারণ একা ত যাওয়া সম্ভব না। আমি তখন এনাম ভাইকে বলি৷ এনাম ভাই বললো, আমার পরীক্ষা চলতেসে৷ তোমার কি বেশি পেইন হচ্ছে? তুমি কয়টা দিন ধৈর্য ধরো৷ আমার পরীক্ষা শেষ হলে তোমাকে নিয়ে আমি যাবো৷ এটা ত অবশ্যই বুঝতে হবে যেহেতু পরীক্ষা ৷ ত তখন এনাম ভাই বলে যে তোমার সাথে কি কেউ আছে? বলি যে, হ্যা আমার বড় ভাইয়া ফ্রি আছে। আমার বড়ভাই মজিদ মাদ্রাসার সহকারি কাজী হিসাবে আছে৷ আমার ভাইয়া বলে যে, এই মাসের ত্রিশ তারিখ আমি ফ্রি আছি, চলো ডাক্তার দেখায়ে আসি। এগুলা লাস্ট পর্যায়ের কথা বলতেসি, ডিসেম্বরের দিকে৷ সিএমএইচে যাবার পরে ওখানে একটা ডাক্তার সতের নম্বর রুমে, জরুরি বিভাগে গেসি৷ ওখান থেকে আমাকে একটা হলে পাঠায় দিসে। তারপর ডাক্তাররা আমাকে দেখার পর বলে যে, তোমার মত হাজার হাজার গুলি খেয়ে বসে আছে, ওরা টেনশন করতেসে না অথচ তুমি টেনশন করতেসো!

আমি ত বুঝি যে কি জন্য বলতেসে, কারন গুলিটা বের করা যাবে না। সেটা আমি আগে থেকেই জানি৷ তারপর এক্সরে করার পর দেখে যে এটা একদম পজিশনে ঠিকঠাক দেখা যাচ্ছে ৷ মেরুদন্ডের একদম মাঝখানে।

ওয়ালী: আপনার শরিলে এখন কয়টা গুলি?

সাজ্জাদ: আমার শরিলে এখনো দুইটা গুলি ৷ একটা মাথায় একটা মেরুদন্ডে ৷

ওয়ালী: এগুলা আর বের করা যাবে না?

সাজ্জাদ: বের করা যাবে না ৷

ওয়ালী: মাথারটা কেনো বের করা যাবে না?

সাজ্জাদ: মাথারটা, এখানে গুলি আছে নাকি নাই সেটাই বোঝা যাচ্ছে না।

ওয়ালী: মাথায় দুইটা গুলি ঢুকসে বলে মনে হয় আপনার?

সাজ্জাদ: প্রথমত ত একটাই ঢুকসিল ৷ সেটা বের করা হইসে৷ কিন্তু আমার এখন আবার পেইন হচ্ছে সেজন্য মনে হচ্ছে যে আরেকটা আছে।

ওয়ালী: এক্সরে তে গুলি দেখা যাচ্ছে না?

সাজ্জাদ: এইত এখানে হাত দিয়ে দেখেন৷ এদিক থেকে ওপাশে ৷

ওয়ালী: আপনি হেল্প কি কি পাইসেন?

সাজ্জাদ: হেল্প বলতে ত্রিশ হাজার টাকা ওইটা।

ওয়ালী: আপনার নিজের কত খরচ হইসে?

সাজ্জাদ: ঘরোয়া চিকিৎসাতে ছয় হাজার আর প্ৰথমদিন দেড় হাজার। আর আসা যাওয়া অন্যান্য সেগুলা ত নোট করি নাই৷ কারন আমরা ত ধারনাই করি নাই যে আমাদের টাকা দিবে চিকিৎসার জন্য৷

ওয়ালী: সিএমএইচের খরচ কি সিভিল সার্জনের দরখাস্তে মওকুফ হইসে?

সাজ্জাদ: হ্যা ৷ এখানে ত শুধু নাপা আর প্যারাসিটামল দিসে কতগুলা, বলে যে এগুলার ওষুধই নাপা। এগুলা খাবে ব্যথা কমার জন্য৷ একমাস এগুলা খেতে বলসে, বলে, আল্লার রহমতে ভালো হয়ে যাবে। ডাক্তাররা এভাবে আশ্বাস দিসে।

ওখানে যাবার পরে সমন্বয়ক নুসরাত নামে একটা মেয়ে আছে৷ উনি কাগজগুলা দেখতেসে ৷ উনি আমার কাগজগুলা দেখে বলতেসে এগুলা সত্যায়ন করে তুমি জুলাই ফাউন্ডেশনের জন্য আবেদন করো৷ ত একজন বলতেসে যে, এগুলা শুধুশুধু আসছে এখানে টাকা নেবার জন্য ৷

ওয়ালী: লোকটা কে ছিল?

সাজ্জাদ: চিনি না, নুসরাত চিনবে। সিএমএইচের ভিতরে। তখন নুসরাত হাসতেসে কথাটা শুনে। তখন আমি বলি যে, আমি কি এখানে অনুদানের জন্য আসছি? এখানে আমি চিকিৎসার জন্য আসছি৷ আমি কোনো অনুদান চাই না। চিকিৎসা দিতে পারলে দিবে, না দিতে পারলে নাই। আমি সরাসরি বলে দিসি ৷ উনারা আমাকে বলে যে, দুষ্টামি করসে। আমার মনে হয় যে শিউরলি বলসে কথাটা ৷ দুষ্টামি না।

রিসিপশনে যে ছিল একটা ছেলে হুবাইব নামে বা খুবাইব। উনি বলে যে, তোমার যেহেতু এটা এমনভাবে আছে তুমি আর্থিক অনুদানের জন্য একটা হেল্প চাও। আমি বলসি যে, আমার ত আর্থিক অনুদান লাগবে না। কেউ না জানে মত করে উনি আমাকে একটা ফর্ম পূরণ করে দিসে জুলাই ফাউন্ডেশনে আবেদনের জন্য। এটা জমা দিয়ে তুমি একটা অনুদান চাও। নুসরাতের সাথের ঐ লোকটার কথা শুনে আমার ভাইয়া লজ্জিত হইসে৷ তখন আমরা চলে আসছি ৷

ওয়ালী: ওই সময় সিএমএইচে নুসরাতের কাজ কি?

সাজ্জাদ: উনার কোনো দায়িত্ব ছিল৷ ওই সময় কিন্তু আমার অনেক খারাপ লাগসে ৷ নুসরাত জাহানের নম্বর আমি নিয়াসছি। উনার সাথে কথা বলার জন্য ৷ নুসরাতের আচরন ভালো। কিন্তু হুট করে লোকটা এটা বলসে যে উনি লজ্জা পাইসে।

আমি ত কোনো অনুদানের জন্য আসি নাই। ডকুমেন্ট দেখেন, সিভিল সার্জন আমাকে এখানে রেফার করসে৷ সেজন্য আসছি৷ এখানে হবে না যে আমি জানি। তারপরও আসছি আসতে বলার কারণে। আমরা কারো কাছে অনুদান চাই না। আমরা যেটা চাই সেটা হলো সুচিকিৎসা। আমরা কি আন্দোলনে যাবার সময় এটা ভেবে আন্দোলনে গেসি যে সরকার আমাদের টাকা দিবে! আমাদের আহতদের একটাই চাওয়া সেটা হলো আমাদের সুচিকিৎসা৷ আমাদের সুস্থতা।

ওয়ালী: এগুলা কবের কথা?

সাজ্জাদ: একত্রিশ তারিখ রাতে ফিরসি সিএমএইচ থেকে৷ তখন সবাই থার্টিফাস্ট নাইটে বাজি টাজি ফুটাচ্ছিল।

The following two tabs change content below.