শিল্পীর আসনে
॥ কলকাতায় প্রতিষ্ঠা ॥
বৃহত্তর জীবনের অনাগত দিনগুলি হাতছানি দিয়ে ডাক দিচ্ছিল। যেন ম্পষ্ট শুনতে পাচ্ছিলাম, বি.এ. পাশই জীবনের লক্ষ্য নয়। ওরে নীড়ছারা, পথহারা গানের পাখী, ফিরে আয়, ফিরে আয়। কলফাতার জনসমুদ্রে ডুবিয়ে দে তোর বি.এ. পাশের মোহ-তরী। এই সমুদ্রে ভেসে ওঠ, উঠে দাঁড়া । মনুমেন্টের সু-উচ্চ চূড়ায় গানের সুরে স্তব্ধ করে দে জনতার কলরব।
কলকাতা চলে এলাম। অভিভাবকের বিনানুমতিতে, সোজ! কথায় পালিয়ে এলাম। আমার বন্ধু জীতেন মৈত্র কলকাতায় আইন পড়ছে তখন। তার চেষ্টায় প্রখ্যাত আইনজীবি (কিছুকাল পূর্বে ঢাকার পাবলিক প্রসিকিউটর) তসকিন আহমদ সাহেবের বাড়ীতে আমার থাকা খাওয়ার বন্দোবস্ত হল। বিনিময়ে আমাকে সে বাড়ীর দু’তিনটি ছোট ছোট ছেলে-মেয়েকে পড়াতে হবে। কিন্তু আমার হাত খরচের পয়সা চাই ত। জলপাইগুড়ির শফিকুল ইসলামের (তখনকার ডি.পি. আই’র পি. এ.) সাথে দেখা করলাম। তিনি আমাকে ডি.পি.আই অফিসে মাসিক ৪৫ টাকা বেতনে এক চাকুরী দিলেন। রাইটার্স বিল্ডিংয়ে চাকুরী করি আর দু’বেলা ছাত্র পড়াই। তসকিন সাহেবের বড় ভাই তকরীম আহমেদ, ভারী সুন্দর বাঁশী বাজান। একদিন তার বাঁশী শুনলাম, শুধু তাই নয়, ঠুংরীও গাইতেন চমৎকার – তারপর আরও অবাক হলাম, যখন দেখলাম তাঁর সেতার, তবলা ও পিয়ানোতেও চমৎকার হাত।
গ্রামাফোন কোম্পানীতে গেলাম। ভগবতীবাবু আমার গান নিতে চাইলেন। এবার গাইলাম শৈলেন রায়ের লেখা, “আজি শরতের রূপ দীপালি” আর জীতেন মৈত্রের লেখা, “ওলো প্রিয়া নিতি আসি তব দ্বারে মন ফুল মালা নিয়া।” গান দু’খানা সুরের অভিনবত্বে বাজারে বেশ আলোড়ন সৃষ্টি করল।
জীতেনের ভগ্নীপতির বাসায় গিয়ে মাঝে মাঝে গানের আসরে যোগ দিতাম । সেখানে নাকু ঠাকুরকে দেখতাম। তাদের বাসার বাজার সরকার। বাড়ির বাজার করে দিয়ে ভদ্রলোক সারারাত উধাও হয়ে থাকতেন। ঠিক সকালে আবার বাজার করবার জন্য আসতেন। আমার গান শুনতেন, শুধু মুচকি মুচকি হাসতেন কিছুই বলতেন না। কে জানত যে এই নাকু ঠাকুরই ওদের বাসায় বাজার সরকারের কাজ করে সারারাত গোপনে তার গুরুগৃহে গিয়ে সাধনা করতেন উচ্চাংগ সংগীত। এই নাকু ঠাকুরই হচ্ছেন ভারতের বিখ্যাত ওস্তাদ শ্রীতারাপদ চক্রবর্তী!
কলকাতার পথে পথে ঘুরি, বিরাট কলকাতা। এই বিরাট বিশাল শহরে কি কোনদিন প্রতিষ্ঠ৷ অর্জন করতে পারব না? – মনের এই সূক্ষ অভিলাষ খোদা হয়ত মনযুর করেছেন, তাই কি করে এর সুত্রপাত হল তাই বলছি।
একদিন জীতেন এসে বলল, “দেখ, আজ কিন্তু পাঁচটার আগেই অফিস থেকে বাসায় ফিরবি। আমাদের আইনের ছাত্রদের রি-ইউনিয়ন উপলক্ষ্যে ইউনিভার্সিটি ইন্সটিটিউটে সন্ধ্যা সাতটায় বিরাট এক গানের জলসা হবে! এই দেখ, হ্যান্ডবিলে তোর নাম ছাপানো হয়েছে। না গেলে আমি বড় লজ্জা পাব।” হান্ডবিলে আমার ছাপা অক্ষরে নাম দেখে খুশী হলাম বটে, কিন্তু কৃষ্ণচন্দ্র দে, পঙ্কজ মল্লিক এই সব মহারথীদের নাম দেখে দস্তরমত ঘাবড়ে গেলাম। বললাম, “ওদের মাঝে আমি গাই কি করে? অত বড় বড় জাঁদরেল গাইয়ে! না ভাই, মাফ করিস, পারব না।” ও বললে, “আচ্ছা গাইতে হবে না। ওদের গান ত’ শুনতে পাবি, এইটাই ত’ লাভ।” আমি খুশী হয়ে বললাম, “হ্যাঁ, ঠিক নিশ্চয়ই আসব।” সাড়ে ছ’টার সময় ইউনিভার্সিটি ইন্স্টিটিউটে গেলাম। লোকে লোকারণ্য।… ড্রপ উঠল সাতটায়। প্রথমেই কৃষ্ণচন্দ্র দে গান শুরু করলেন। কি মধুময় দরাজ কণ্ঠ। মুগ্ধ হয়ে গেলাম।…গানের পর গান, তিনখানা গান গেয়ে তিনি নিস্ক্রান্ত হলেন। তারপর কে, মল্লিকের গানের সময় হলে বেশ কথাবার্তা ও গুঞ্জন উঠল। তারপর আরও দু’একজনকে আসরে নামতে হল, কারও গানই জুৎসই হল না…। এবার আমার কাছে ক’টি ছেলে এসে মহাবিনয়ে বলে উঠল, “স্যার, এবার ত’ আপনাকে যেতে হয়।” আমি খোদাকে ডাকছিলাম, কিছুতেই আমি পারব না, পা ঠক্ ঠক্ করে কাঁপছে। এর মধ্যেই ড্রপ উঠল। এক ভদ্রলোক ঘোষণা করে দিলেন এবার নবাগত শিল্পী মিঃ আববাসউদ্দীন আহমদ আপনাদের গান শোনাবেন।
বলির পাঠার মত কাঁপতে কাঁপতে স্টেজে প্রবেশ করে হারমোনিয়ামটা কোলে টেনে নিলাম । জানি না খোদার কী মেহেরবানী, মুসলমান নাম শুনেই হোক বা আমার তখনকার পহিলে দর্শনধারী চেহারার গুণেই হোক জনত৷ খুব শান্তভাব ধারণ করল। প্রথমেই গাইলাম, “আজি শরতের রূপ দীপালি”। গান শেষে কী করতালি! ভাবলাম গান খুবই খারাপ হয়েছে, শত চীৎকার উঠল; “আর একখানা!” গাইলাম, “কোন বিরহীর নয়নজলে বাদল ঝরে গো” – এ গান শুনেও মহা উল্লাস। “আবার, আবার! আর একখান!” আমি চোখে ইশারা করলাম ড্রপ ফেলে দিতে। জীতেন এসে আমাকে জড়িয়ে ধরল।… সে দিন অন্তত পঞ্চাশ ষাট জন ছেলে আমার ঠিকানা লিখে নিল। বুঝলাম, আল্লাহ আমার অন্তরের কামনা মঞ্জুর করেছেন।
এরপর থেকে আসতে লাগল প্রত্যহ কত নিমন্ত্রণ! স্বটিশচার্চ কলেজ, প্রেসিডেন্সী কলেজ, “ওন” হোস্টেল, বেকার হোষ্টেলে, কারমাইকেল হোষ্টেল, হাওড়া, হুগলী, রাণীগঞ্জ, শ্যামবাজার, টালীগঞ্জ, ডায়মন্ডহারবার থেকে আসতে লাগল আমন্ত্রণ! সরস্বতী পুজার রাতে হোষ্টেল, স্কুল-কলেজ থেকে এত নিমন্ত্রণ আসতে লাগল যে বাধ্য হয়ে তখন আমার গানের জন্য কিছু পারিশ্রমিক বরাদ্দ করতে হল ।
১২২ নং বি, বউবাজার স্ট্রীটের চারতালায় মেস। সেই মেসে প্রায় দু’বছর থাকি! পনের ষোলজন মেম্বার। অধিকাংশই চাকুরে। একজন ল’ ক্লাশের ছাত্র —সিলেট বানিয়াচঙের আবদুল মজিদ। অমন পরোপকারী লোক খুব কম দেখেছি। মেসে কারো অসুখবিসুখ হলে ডাক্তার ডাকা, ওষুধ আনা, পথ্য তৈরী করে খাওয়ানো, রোগীর শুশ্রুষা করা থেকে কারো দেশ থেকে কোন বিয়েশাদির ব্যাপারে কারুর খরচপত্র করবার জন্য সাহায্য করা, নতুন কেউ এলে তাকে নিয়ে শহরের এটা ওটা দেখানো — মোটকথা সব কাজেই সবার প্রয়োজনে এগিয়ে আসতেন এই মজিদ সাহেব । এই মেসেই থাকতেন ডাঃ এনামুল হক। মাঝে মাঝে আসতেন ডাঃ শহীদুল্লা। ডাঃ শহীদুল্লার এক শ্যালক তাকে আমরা সবাই ডাকতাম ‘জুমু ভাই’ বলে, ভাল নাম মিঃ মোতাদাইয়েন বি, এল। ওকালতি না করে পাবলিসিটি ডিপার্টমেন্টে চাকরী করতেন। তাঁর অমায়িক ব্যবহারের জন্য নববর্ষে আমরা মেসের সবাইকে যে উপাধি দেওয়া হত (সেখানে তাঁর নাম দেয়া হয়েছিল) – মোতাদাইয়েন দি জেন্টলম্যান। পরবর্তীকালে পার্কসার্কাসে আমরা একই বাসায় পরিবারবর্গ নিয়ে বসবাস করি।
এই বৌবাজার মেসে থাকতে একদিনের একটা ঘটনা আজো ভুলিনি। সন্ধ্যার পর মেসে একদিন গানের জলসা বসেছে। আসর জমজমাট। আসরে চা চলছে, পানদোক্তার সদ্ব্যবহার করছেন অনেকেই। হঠাৎ এক পথচারী আমাদের ঘরে এসে হন্তদন্ত হয়ে উপস্থিত, ভদ্রলোকের ধুতি পাঞ্জাবী রক্ত-রাগ-রঞ্জিত। ভদ্রলোক উত্তেজিত হয়ে বলে উঠলেন, “উপর থেকে কে একাজ করেছেন? সাহস থাকে বলুন!” গান তখন থেমে গেছে। তার মুখের দিকে চেয়ে মনে হল চেনা চেনা। কাছে গিয়ে দেখি এ ভদ্রলোকের সাথে তো রোজই আমার দেখা রাইটার্স বিল্ডিং পোষ্ট অফিসে। সেভিংস সেকশনে কাজ করেন। আর ভদ্রলোকের এ অবস্থাও যে আমিই করেছি। বলে উঠলাম, “আরে আপনি?” তিনিও বিস্মিত হয়ে বলে উঠলেন, “আপনি এইখানেই থাকেন বললাম, “আজ্ঞে হ্যাঁ, দেখতে পাচ্ছেন গান-বাজনা চলছে, পান খেয়ে উপর থেকে ও কীর্তি আমিই করেছি, মাফ করবেন।” ভদ্রলোক গায়ের পাঞ্জাবীটা খুলে ফরাসে বসে পড়লেন। বলে উঠলেন, “মাফ করব যদি গানের আসর আবার চলে ।” আবার চা এল, পান এল, ভদ্রলোক চায়ে, পানে, গানে রঙীন হয়ে উঠলেন তারপর তার রঙীন পাঞ্জাবীটা আবার গায়ে দিয়ে রাঙা ঠোঁটে নিষ্ক্রান্ত হলেন।
এই মেসের আর দু’জনের কথা ভুলিনি । বারাসত-বসিরহাটে বাড়ী একজন তওক্কাল সাহেব, তাঁকে সবাই ডাকতাম, “বড় ভাই” বলে। তিনি মেসের মধ্যে সবারি বয়সে বড়। তিনি প্রত্যেক কথার মধ্যেই বলতেন “মানে যে”। আমি তাঁকে মানে যে ভীষণ মানে যে মানে যে করে খ্যাপাতাম। প্রথম প্রথম মানে যে তিনি বিশেষ গুরুত্ব দেন নি, কিন্তু ক্রমশঃ মানে যে এত ঘন ঘন এ লফজ টা বলতাম তাতে মানে যে একদিন তিনি দস্তরমত রেগে গিয়ে আমাকে বকুনি দিতে গিয়ে শুধু মানে যে. মানে যে ছাড়া আর কিছুই বলতে পারলেন না।
আর একজন ছিলেন আমাদের সার্বজনীন নানা। তিনি বৃদ্ধ বয়সে তরুণী ভার্যা নিয়ে খুব রসাপ্লুত ছিলেন। আমরা সেই নানাকে নিয়ে যে কী রসালাপই করতাম।
কলকাতায় তখন এই মেস জীবনে এক এক মাসে এক একজন ম্যানেজার হতাম বাজার খরচ ও হিসাবপত্তর রাখার। মাসে দশটাকার বেশী খরচ উঠলে কী আলোড়ন উঠতো! আর সেই দশটাকাতে সারা মাসে মোটামুটি ভালো খেয়েও মাসের শেষে একটা গ্র্যান্ড ফিস্ট হত।
॥ ইসলামী গান, আমি ও কাজিদা ॥
কাজিদার লেখা গান ইতিমধ্যে অনেকগুলো রেকর্ড করে ফেললাম। তার লেখা “বেণুকার বনে কাঁদে বাতাস বিধুর’ “অনেক ছিল বলার যদি দু’দিন আগে আসতে” “গাঙে জোয়ার এলো ফিরে তুমি এলে কৈ” “বন্ধু আজো মনে রে পড়ে আম কুড়ানো খেলা” ইত্যাদি রেকর্ড করলাম ।
একদিন কাজিদাকে বললাম, “কাজিদা, একটা কথা মনে হয়। এই যে পিয়ারু কাওয়াল, কাল্লু কাওয়াল এরা উর্দু কাওয়ালী গায়, এদের গানও গুনি অসম্ভব বিক্রী হয়, এই ধরণের বাংলায় ইসলামী গান দিলে হয়না? তারপর আপনি তো জানেন কি ভাবে কাফের কুফর ইত্যাদি বলে বাংলায় মুসলমান সমাজের কাছে আপনাকে অপাংক্তেয় করে রাখবার জন্য আদাজল খেয়ে লেগেছে একদল ধর্মান্ধ! আপনি যদি ইসলামী গান লেখেন তাহলে মুসলমানের ঘরে ঘরে আবার উঠবে আপনার জয়গান।”
কথাটা তাঁর মনে লাগল । তিনি বললেন, “আব্বাস, তুমি ভগবতী বাবুকে বলে তার মত নাও, আমি ঠিক বলতে পারব না।” আমি ভগবতী ভট্টাচার্য অর্থাৎ গ্রামোফোন কোম্পানীর রিহার্সাল-ইন চার্জকে বললাম। তিনি তেলে-বেগুনে জ্বলে উঠলেন, “না না না ওসব গান চলবে না। ও হতে পারেনা।”
মনের দুঃখ মনেই চেপে গেলাম। এর প্রায় ছ’মাস পরে। একদিন দুপুরে বৃষ্টি হচ্ছিল,আমি অফিস থেকে গ্রামোফোন কোম্পানীর রিহার্সেল ঘরে গিয়েছি। দেখি একটা ঘরে বৃদ্ধ ভগবতীবাবু বেশ রসাল গল্প করছেন। আমি নমস্কার দিতেই বৃদ্ধ বললেন, “বসুন বসুন। আমি বৃদ্ধের রসাপ্লুত মুখের দিকে চেয়ে ভাবলাম, এই-ই উত্তম সুযোগ । বললাম, “যদি কিছু মনে না করেন তা হলে বলি। সেই যে বলেছিলাম ইসলামী গান দেবার কথা, আচ্ছা, একটা এক্সপেরিমেন্টই করুন না, যদি বিক্রী না হয় আর নেবেন না, ক্ষতি কি?” তিনি হেসে বললেন, “নেহাতই নাছোড়বান্দা আপনি, আচ্ছা আচ্ছা করা যাবে।”
শুনলাম পাশের ঘরে কাজিদা আছেন। আমি কাজিদাকে বললাম যে ভগবতীবাবু রাজী হয়েছেন। তখন সেখানে ইন্দুবালা কাজিদার কাছে গান শিখছিলেন। কাজিদা বলে উঠলেন, “ইন্দু তুমি বাড়ী যাও, আব্বাসের সাথে কাজ আছে।” ইন্দ্রবালা চলে গেলেন এক ঠোংগা পান আর চা আনতে বললাম দশরথকে। তারপর দরজা বন্ধ করে আধঘণ্টার ভিতরই লিখে ফেললেন, “ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশীর ঈদ।” তখুনি সুরসংযোগ করে শিখিয়ে দিলেন। পরের দিন ঠিক এই সময় আসতে বললেন। পরের দিন লিখলেন, “ইসলামের এ সওদা লয়ে এলো নবীন সওদাগর।”
গান দু’খানা লেখার ঠিক চারদিন পরেই রেকর্ড করা হল। কাজিদার আর ধৈর্য্য মানছিল লা। তাঁর চোখেমুখে কী আনন্দই যে খেলে যাচ্ছিল। তখনকার দিনে যন্ত্র ব্যবহার হত শুধু হারমোনিয়াম আর তবলা। গান দু’খানা আমার তখন মুখস্থও হয়নি। তিনি নিজে যা লিখে দিয়েছিলেন, মাইকের পাশ দিয়ে হারমোনিয়ামের উপর ঠিক আমার চোখ বরাবর হাত দিয়ে কাজিদা নিজেই সেই কাগজখানা ধরলেন, আমি গেয়ে চললাম। এই হল আমার প্রথম ইসলামী রেকর্ড! দু’মাস পরে ঈদুল ফেতর। শুনলাম গান দু’খানা তখন বাজারে বের হবে।
ঈদের বাজার করতে একদিন ধর্মতলার দিকে গিয়েছি। বি.এন. সেন অর্থাৎ সেনোলা রেকর্ড কোম্পানীর বিভূতিদার সাথে দেখা। তিনি বললেন, “আব্বাস আমার দোকানে এসো।” তিনি এক ফটোগ্রাফার ডেকে নিয়ে এসে বললেন, “এর ফটোটা নিন তো।” আমি তো অবাক। বললাম, “ব্যাপার কি?” তিনি বললেন, “তামার একটা ফটো নিচ্ছি, ব্যস আবার কি?”
ঈদের বন্ধে বাড়ী গেলাম। বন্ধের সাথে আরো কুড়ি-পঁচিশ দিন ছুটী নিয়েছিলাম । কলকাতা ফিরে এসে ট্রামে চড়ে অফিস যাচ্ছি। ট্রামে একটি যুবক আমার পাশে গুণ গুণ করে, গাইছে, “ও মন রমজানের ওই রোজার শেষে।” আমি একটু অবাক হলাম। এ গান কি করে শুনল? অফিস ছুটীর পর গড়ের মাঠে বেড়াতে গিয়েছি, মাঠে বসে একদল ছেলের মাঝে একটি ছেলে গেয়ে উঠল… “ও মন রমজানের ঐ রোজার শেষে।” তখন মনে হল এ গান তো ঈদের সময় বাজারে বের হবার কথা। বিভূতিদার দোকানে গেলাম। আমাকে দেখে তিনি একদম জড়িয়ে ধরলেন। সন্দেশ, রসগোল্লা, চা এনে বললেন, “খাও।” আমার গান ছুটো এবং আর্ট পেপারে ছাপানো আমার বিরাট ছবির একটা বান্ডিল সামনে রেখে বললেন, “বন্ধু-বান্ধবদের কাছে বিলি করে দিও। আমি প্রায় সত্তর আশী হাজার ছাপিয়েছি, ঈদের দিন এসব বিতরণ করেছি । আর এই দেখ দু’হাজার রেকর্ড এনেছি তোমার!!”
আনন্দে খুশীতে মন ভরে উঠল। ছুটলাম কাজিদার বাড়ী। শুনলাম তিনি রিহার্সেল রুমে গেছেন । গেলাম সেখানে। দেখি দাবা খেলায় তিনি মত্ত। দাবা খেলতে বসলে দুনিয়া ভুলে যান তিনি। আমার গলার স্বর শুনে একদম লাফিয়ে উঠে আমাকে বুকে জড়িয়ে ধরলেন, “আব্বাস তোমার গান কী যে–” আর বলতে দিলাম না, পা ছুঁয়ে তাঁর কদমবুসি করলাম। ভগবতীবাবুকে বললাম, “তা হলে এক্সপেরিমেন্টের ধোপে টিকে গেছি কেমন?” তিনি বললেন, “এবার তাহলে আরো ক’খানা এই ধরণের গান…” খোদাকে দিলাম কোটি ধন্যবাদ।
এরপর কাজিদা লিখে চললেন ইসলামী গান। আল্লা-রসুলের গান পেয়ে বাংলার মুসলমানের ঘরে ঘরে জাগল এক নব উন্মাদনা। যার গান শুনলে কানে আংগুল দিত তাদের কানে গেল, “আল্লা নামের বীজ বুনেছি” “নাম মোহাম্মদ বোল রে মন নাম আহমদ বোল।” কান থেকে হাত ছেড়ে দিয়ে তন্ময় হয়ে শুনল এ-গান, আরো শুনল “আল্লাহ আমার প্রভু আমার নাহি নাহি ভয়।” মোহরমে শুনল মার্সিয়া, শুনল “ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলে রে দুনিয়ায়।” ঈদে নতুন করে শুনল “এলো আবার ঈদ ফিরে এলো আবার ঈদ, চল ঈদগাহে।” ঘরে ঘরে এল গ্রামোফোন রেকর্ড, গ্রামে প্রতিধ্বনিত হতে লাগল আল্লা রসুলের নাম।
কাজিদাকে বললাম, “কাজিদা, মুসলমান তো একটু মিউজিক মাইন্ডেড হয়েছে। এবার তরুণ ছাত্রদের জাগাবার জন্যে লিখুন।” তিনি লিখে চললেন, “দিকে দিকে পুনঃ জ্বলিয়া উঠিছে” “শহীদী ঈদগাহে দেখ আজ জমায়েত ভারী” “আজি কোথায় তখতে তাউস, কোথায় সে বাদশাহী।”
ইসলামী গান পাঁচ ছ’খানা বাজারে বের হওয়ার সাথে সাথে বাংলা দেশ থেকে বহু চিঠি আসতে আরম্ভ করল গ্রামোফোন কেম্পানীর ঠিকানায় আমার নামে কেউ লিখল, হুজুর, কুকুর মার্কা হলুদ রেকর্ড অর্থাৎ “টুইনে” গান দিলে বারো আনা এক টাকায় আমরা অনায়াসে কিনতে পারি।
কাজিদাকে বললাম। তিনি তে! খুব আপত্তি তুললেন। বললেন “পাগল, এই কিছুদিনের মধ্যেই রেকর্ডে রয়ালটি প্রথা চালু হবে। আর্থিক দিক দিয়ে তুমি ভয়ংকর ক্ষতিগ্রস্ত হবে।” আমার শুধু মনে ভাবনা গরীব মুসলমান, যদি বারো আনা এক টাকায় রেকর্ড পায়, হোক গে আমার আর্থিক ক্ষতি, গানগুলো তো ঘরে ঘরে প্রচার হবে। জাগবে ইসলামী ভাব, জাতীয় ভাব। “নাঃ, কাজিদা হোক গে আমার আর্থিক ক্ষতি।” তখন কোম্পানীর সাথে বন্দোবস্ত.হল আমি টুইনেই গান দেব। তার দরুণ রেকর্ড প্রতি কোম্পানী আমাকে মাত্র একশত টাকা করে দিতে রাজী হল। বাংলার গরীব মুসলমানের মুখ চেয়ে আমি আমার প্রায় প্রতিটি নামকরা ইসলামী গান টুইনে রেকর্ড করেছি। এইসব রেকর্ড থেকে তাই ঐ এককালীন একশত টাকা ছাড়া অর্থের দিক থেকে আমার কিছু জোটে নি।
কিন্ত প্রতিমাসে একখানার বেশী ‘ত আর গান বের করতে পারে না কোম্পানী। অথচ ইসলামী গানের কী চাহিদা মাসে দু’তিনখানা বের হলেও বোধ হয় সবি সমান বিক্রী হয়। তকরীম আহমদকে নিয়ে এসে তাঁকে দিয়ে চারখানা গান রেকর্ড করিয়ে নিয়েছিলাম। ইতিমধ্যে আবদুল লতিফ নামে একটি ছেলেকে আবিষ্কার করলাম। ভারী মিষ্টি কণ্ঠ, সেও কখানা গান রেকর্ড করল। তিলজালার শাপগাছি গ্রামে তার বাড়ী। দুখের বিষয় ছেলেটি দু’তিন বছর রেকর্ড করেই মারা যায়।
আগেই বলি প্রায় প্রতিমাসেই আমার রেকর্ড বাজারে বের করা আরম্ভ হল। কিন্তু প্রতি মাসে গান বের হলে একজন আর্টিস্টের গান এক-ঘেঁয়ে হয়ে যায়। অথচ ইসলামী গান গ্রামাফোন কোম্পানীর ঘরে এনেছে অর্থের প্লাবন। তাই মুসলমান গায়কের অভাব বলে ধীরেন দাস সাজলেন গণি মিঞা, চিত্ত রায় সাজলেন দেলোয়ার হোসেন, আশ্চর্যময়ী, হরিমতী এরা কেউ সাজলেন সকিনা বেগম, আমিনা বেগম, গিরীণ চক্রবতী সাজলেন সোনা মিঞা।
যাই হোক আমার মনে কিন্তু দিনরাত খেলে যাচ্ছে এক অপুর্ব আনন্দোন্মাদনা। এই তো চাই। মুসলমানের ঘুম ভেঙেছে! তারা জেগে উঠে গাইছে “বাজিছে দামামা বাঁধরে আমামা শির উঁচু করি মুসলমান।” এই তো আমার সারা জীবনের ছিল কামনা।
সব চাইতে ফ্যাসাদে পড়লাম কে. মল্লিককে নিয়ে। আমার জীবনে প্রথম রেকর্ড করার সময় মল্লিক সাহেবই আমাকে উচ্চারণভংগী শিখিয়ে দিয়েছিলেন। তিনি একদিন আমায় ধরলেন। বললেন, “আব্বাস, আমার একটা উপকার করতে হবে ভাই।” আমি বললাম, “একশোবার, কী করতে হবে বলুন।” তিনি বললেন, “দেখ, জীবন ভরে শ্যামাবিষয়ে গান গাইলাম, বাংলার মুসলমানদের ধারণা আমি মল্লিক মশায়, আমি হিন্দু, অনাগত ভবিষ্যৎ বংশধররাও জানবে আমি মল্লিক মশায়। তা ভাই আমি যে মুসলমান এটা বলতে আর তো সংকোচ নেই। এই তো তুমি দিব্যি আববাস “আব্বাস’ হয়েই ঘরে ঘরে পরিচিত হলে। তা আমার দুঃখটা তুমিই পার ঘুচিয়ে দিতে। এই কাজি সাহবকে বলে আমার জন্য মাত্র দু’খানা ইসলামী গান গাইবার বন্দোবস্ত করে দাও, আর সংগে সংগে ভগবতীকে বলেও–দেখ ও আমি নিজে বলতে পারব না তুমি যদি ভাইটি—আমি বাধা দিয়ে বললাম “আর বেশী বলতে হলে না, আম আমার প্রাণপণ শক্তি দিয়ে এটা করিয়ে নেবই।”
বললাম কাজিদাকে । কিন্তু কোন ফল হল না। তিনি বললেন, “আমি পারবো না, তুমি যদি ভগবতীবাবুকে রাজী করাতে পার। কারণ জান অব্বাস, এই মল্লিক মশায় যদি একবার ইসলামী গান দেন, তাহলে তার শ্যামাবিষয়ক গানে বিক্রীর ভাটা পড়ে যাবে। হিন্দুরা যখন জানতে পারবে কে. মল্লিক মুসলমান তখন তার শ্যামাবিষয়ক গান আর কেউই কিনবে না। জানই তো, মল্লিক মশায়ের গলার সেই পেটেন্ট টান কিছুতেই যাবে না। ওর রেকর্ড বাজালেই ধরা পড়ে যাবে। তবে দেখ যদি ভগবতীবাবুকে রাজী করতে পার।”
ভগবতীবাবুকে বললাম। তিনি তেলে-বেগুনে জ্বলে উঠলেন, “মশাই এ কি কথা! মল্লিক মশায়কেও শেষ পর্যস্ত আপনি!” আমি বললাম, “আজ্ঞে, আমি নই, তিনিই!”
এরপর অবশ্যি ভগবতীবাবুর অনুমতি নেওয়ার প্রয়োজন হয়নি। বৃদ্ধ বেচারী আমাদের এসব আবদার অভিযোগের দিকে কান না দিয়ে অকস্মাৎ একদিন পরপারে চলে গেলেন।
সে জায়গায় এলেন শ্রী হেমচন্দ্র সোম! এমন উদার মতাবলম্বী বন্ধু-বৎসল মানুষ খুব কম দেখেছি। তাকে একদিন বলা মাত্রেই তিনি “বেশ তো, মল্লিক মশায় বুড়ো হয়েছেন, গ্রামোফোন কেম্পানী লক্ষ লক্ষ টাকা তাকে দিয়ে কামিয়েছে। তিনি যদি ইসলামী গান গেয়ে আনন্দ পান আলবৎ তাকে গাইতে দেওয়া হবে।”
কাজিদা ও মল্লিক সাহেব আমার উপর সেদিন কী খুশী!
বাছবিচার
Latest posts by বাছবিচার (see all)
- মেজর জলিল’রে নিয়া কামাল সিদ্দিকী’র বয়ান - November 20, 2026
- তর্ক-বিতর্ক ও বাদানুবাদ – সৈয়দ আহমদ - October 17, 2026
- সুলতান – কামাল সিদ্দিকী - September 28, 2026