সুমন চন্দ্রমোহন্ত গল্প হইতে চায়, সমস্যা হইলো তার জীবনে কওয়ার মতন কোনো ঘটনা ঘটে নাই। প্রেমে পড়ে নাই, সো, ছ্যাকাও খায় নাই। স্বপ্নও নাই। এমনকি সে কোনোদিন দুর্ঘটনার শিকারও হয় নাই। শালার জীবন এতই গরীব! এতটা ফকিন্নি জীবন হয় কারু! তাও সে গল্প হইতে চায়। তার জীবনের গল্প মানুষ পড়বে এইটাই তার চাওয়া।
সে আমার নাপিত। আমি এমন কোনো মনু না যে আমার পারসোনাল নাপিত থাকবে। (কথাটা শুনলে বন্ধু বান্ধবরা কবে, শালার কথা শুনছো, আমার নাপিত! খাস বউয়ের কামাই, আবার বলা মারায়, আমার নাপিত! শখ কত…) উত্তর বাড্ডার আলীর মোড়ে একটা সেলুনের নাপিত সে। বছর খানেক হইলো চুল কাটাই তার কাছে। এমনিতে আমি বছরে ৩ বার চুল কাটাই। কোনো কোনো বছর ২ বারের বেশি কাটানো হয় না। অনেক কারণ আছে। সবথেকে বড় কারণ হলো কারো চুল কাটা আমার পছন্দ হয় না। দ্বিতীয় কারণ, অযত্নে ‘কোকড়া চুল পাখির বাসা’ হয়া থাকা মাথাটা আমার তো অবশ্যই, বউয়েরও পছন্দ। অথচ এই মাথা একদিন আমার সবথেকে বড় শত্রু ছিল। বেঢপ বড় মাথাটা ৩ নাম্বার বেটার শরীরে পছন্দ হইছিল না বইলা আমার মাও নিজেই ভ্যাংচানোর জন্য নাম দিছিল মাথাফুলা। সেই শুরু। তারপর থেইকা আমারে সবাই মাথাফুলা বইলা খেপাইত।
সুমনের চুল কাটা প্রথমবার পছন্দ হইছিল। পরেরবার হয় নাই। তাও আমি সুমনের কাছে চুল কাটাইতে যাই। সুমনের সঙ্গে কথা বলতে আমার ভালো লাগে। এই নিয়া ৩ বার তার সাথে দেখা। প্রথম দেখা হওয়ার বছর পার হয়া গেছে। প্রথমবার আমার চুল দেইখা তার পছন্দ হইছিল। কয় আমার চুলও এমন, কোকড়া। আমি ভাবি, এই বলদ কেমন নাপিত, এত বেশি চুল দেইখা তো ভয় পাওয়ার কথা, কাটতে টাইম বেশি লাগবে!
আমার চুল দেইখা আর কথাবার্তা শুইনা সে আমার সম্পর্কে আগ্রহী হইছিল। দেশের রাজনীতি নিয়া হতাশা প্রকাশ করছিলাম। এমপি মন্ত্রীদের হাইস্যকর কথাবার্তা, হাসিনার একেকটা প্রেস ব্রিফিংয়ের পর নতুন নতুন মিম ম্যাটেরিয়াল, জিনিসপাতির ঘোড়ার মতো লাফায়া লাফায়া দাম বাড়া, মেইন রোড থেইকা আলীর মোড় পর্যন্ত আসার রাস্তায় কাদা হয়া থাকা নিয়া অনেক কিছু বলছিলাম। পরে সুমনের আগ্রহে বলছিলাম যে সাংবাদিকতা করি। আর গল্পও লিখি।
তার সম্পর্কে জানতেও আগ্রহী হয়া উঠছিলাম আমি। জানাইল সে তো আমার দেশী লোক। তার বাড়িও বগুড়া। গোহাইল ইউনিয়নে, শাহজাহানপুর থানায়। আমার বাড়ি গাবতলী। আমাদের আসন একই। বগুড়া ৭। তারপর নানান কথাবার্তা। এক সময় সুমন কইল, ভাই হামাক নিয়া একটা গল্প লেকেন।
খেয়াল করি নাই কখন হালকা বগুড়ার ভাষায় সুইচ করা শুরু করছিল। গল্প লিখি শুইনা এর আগেও বহু মানুষ বলছিল তার জীবন নিয়া যেন গল্প লিখি। বিশেষ কইরা হিরনের কথা মনে আছে। সে পেশায় গাবতলীর রহমান মার্কেটের কাপড়ের দোকানের সেলসম্যান, নেশায় প্লেবয়। স্বামী বিদ্যাশ ভাবীদের আস্থার অপর নাম। ফ্রেঞ্চকাট, টিংটিঙা চামড়া ধলা হিরনের সাথে ৫/৬ মাস খুব মিল ছিল। আমার প্রথম প্রেমের সাক্ষী এবং মেনটরও সে। আমাদের দোকান হইলে আব্বা তারে ফুসলায়া নিয়া আসছিল দীপন সাহার দোকান থেইকা। ২ হাজার টাকা বেশি বেতনে চইলা আসছিল। আব্বা ব্যবসা ছাইড়া দিলে মালসহ হিরনের কাছেই দোকান বেচছিল। সেও বলছিল যে তার জীবন নিয়া যেন আমি একটা গল্প লিখি। তার জীবনে অবশ্য গল্প ছিল। সে তার প্রেমিকার জন্য জেল খাটছিল। নেশাটেশা করত। আমার ইনফ্লুয়েন্সে নেশা ছাইড়া দিছিল কয়েক মাসের জন্য। পরে আমার সাথে ঝগড়া হওয়ার পর আবারও শুরু করছে। তারে নিয়া গল্প লিখি নাই। কোনোদিন লিখব কিনা জানি না।
সুমন তার জীবন নিয়া গল্প লিখতে বললেও গল্প লেখার কোনো কাচামাল সরবরাহ করতে পারে নাই। দিলেও যে লিখতাম, সে ব্যাপারেও তো কোনো নিশ্চয়তা নাই। বিষয় বাইন্ধা দিলে লিখতে পারি না। গল্প লিখি মনের তাগিদে। বিপদে পড়লে গরু হাম্বা হাম্বা করে, ভাবনা নিয়া বিপদে পড়লে আমি গল্প লিখি। সুমনের জীবন তো নিরাপদ জীবন। তারে নিয়া কী লিখমু? তবে নোট কইরা রাখছি যে তারে নিয়া একটা গল্প লিখতে পারি। এক্সপেরিমেন্ট করি অনেক সময়। গল্প না থাকা লোকের কি গল্প হইতে পারে না? এইটা নিয়াও তো এক্সপেরিমেন্ট করা যাইতে পারে।
পূর্ণদৈর্ঘ ‘হাসিনা নাটক’-এর বিনা ভোটারের নির্বাচনের সপ্তাহ খানেক পরে আবারও সুমনের কাছে আসছি চুল কাটতে। দোকানে ভিড় ছিল না। মালিক নাই। তার বেটা আছে। সম্ভবত অনলাইনে জুয়া খেলতেছে। মাঝে মাঝে সুমনকে ডাইকা কী কী যেন বলতেছে সংখ্যায়। ৩০৫, ১৩৩। বুঝলাম না কাহিনি। অন্য কিছুও হইতে পারে। আমার অনুমান ক্ষমতা হাইস্যকর লেভেলের খারাপ। তবে এখন এই বয়সী পোলাপান দেদারছে অনলাইনে জুয়া খেইলা লাখ লাখ টাকা মারা খাইতেছে। আমার কয়েকজন রিলেটিভও শুনি জুয়া খেইলা প্রচুর টাকা ঋণ কইরা ফেলছে। এখন সংসার টেকানো কঠিন। আমার এক চাচাতো ভাই, পড়ত মাদ্রাসায়। প্রেম টেম কইরা, ছ্যাকা ম্যাকা খাইয়া মাঝখানে পড়াশোনা ছাইড়া দিছিল। সেই সময় তার ভাইয়ের ইয়াবার টাকা হুহু কইরা বাড়তেছিল। এলাকার এক নম্বর বাবা ব্যবসায়ী। সেই মাদ্রাসা পড়ুয়া চাচাতো ভাই একটা দোকানও দিছিল। বাবা বড়ি বেচার টাকা নাকি বাপের টাকা আল্লাহ মালুম। গেরামের মাইনষে কয়, সে নাকি হুজুর হয়াও ইয়াবা খাইত। সত্যতা আছে কিনা জানি না। টেলিগ্রামে কী এক ধান্দার পাল্লায় পইড়া ২ লাখ টাকার মতো ধরা খাইছে। ধরা খায়া দোকান বেইচা এখন আবার মাদ্রাসায় ভর্তি হইছে। মনে হয় এইবারই মাওলানা হইব। ওর বাপ, মানে বড় চাচা আবার তাবলিগ করে। বেটা এলাকার সবথেকে বড় বাবা ব্যবসায়ী, বাপ সবথেকে বড় মুসল্লী! চিল্লা মিল্লা দিয়া অবস্থা খারাপ। চাচার মাথায় একটা টিউমার হইছিল। বাঁচারই কথা না। অপারেশন কইরা জান ফিরা পাওয়ার পর থেইকা এখন আল্লার রাস্তায় জীবন পার করতেছে। এক বাড়িতেই থাকে। শুনি, চাচা নাকি বেটার বাবা বেচার টাকা খায় না। সত্য মিথ্যা আল্লা জানে আর চাচা জানে।
কথা শুরু করার জন্য আবারও পুরানা কথাই তুললাম, দেশি, বললেন না তো আপনারে নিয়া কী গল্প লিখমু?
সুমন আগের মতই বলল, হামার জীবনে তো কুনো গল্প নাই ভাই।
কইলাম, এ কেমন কথা! মানুষের জীবনে কোনো না কোনো গল্প তো থাকবেই। গল্প ছাড়া মানুষ হয় নাকি? আপনার জীবনে আসলেই কোনো গল্প নাই? তাইলে লিখমুডা কী?
সুমন চুপচাপ তার মতো কাজ কইরা যাইতেছিল। বোতল থাইকা হাতে স্যাভলন স্প্রে কইরা নিয়া চিপের পাশ দিয়া দিলে ঠান্ডা লাগল। স্যাভলন দেওয়া জায়াগায় খুর চালাইতে থাকল।।
জিগাইলাম, কোনোদিন ধরাও খান নাই?
দাঁত বাইর কইরা শব্দহীন হাসি দিয়া কয়, না তো।
হিন্দু বইলা কি কোনোদিন মুসলমান ছাত্রদের হাতে হেনস্থার শিকার হইছে।
সুমন মনে করার চেষ্টা কইরা ব্যর্থ হইল। কয়, না তো। এমন তো হয় নাই।
আগেরবার বলছিল সে একটা মটরসাইকেল কিনতে চায়। মটরসাইকেল চালানোর শখ আছে। কিন্তু এক মটরসাইকেল চালানোর শখ নিয়া তো গল্প লেখা যাবে না।
গল্প লেখার কথা মনে পড়ায় সুমন তার ভাঙাচোরা আইফোন সেভেন আগায়া দিল আমার গল্প বের করার জন্য। আগেরবারও বের করে দিছিলাম। সম্ভবত ভুইলা গেছে। আমি নিজের নাম লিইখা গল্প বের করে দিলাম। বলল পিন করে রাখবে। আমি একে একে আবারও জিগানো শুরু করলাম। কোনোদিন নেশাটেশা করছে কিনা। পকেটমাইরের শিকার হইছে কিনা। কিছু হারাইছে কিনা। মাইর খাইছে কিনা। সবগুলার উত্তরই না না দিতে লাগলে আমি হতাশ হমু অমনেই কয়, মাইর না খাইলেও দুইবার মাইর দিছি। কয় কি চ্যাংড়া! যে এনা শরীল, তাই কিনা মাইনষেক মাইরছে।
কী নিয়া মারামারি জানতে চাইলে বলল, ক্লাস এইটে পড়ি তকন। মোবাইল নিয়া মারামারি হছিল। আর তকুনই পড়াশোনা ছাইড়্যা দিছি।
কত সালের ঘটনা?
২০২০ সালে। করোনার আগে আগে।
জানতে চাইলাম কত দূর পর্যন্ত পড়াশোনা করছে।
সুমন কয়, পড়াশোনার কথা কওয়া হবাল্লয়! দুই পত্তনে ক্লাস এইট। একবার ফোরত উঠছিনু, আরেকবার এইট।
তারপর?
তারপর অল্প বয়সে মাত্র ১৫ বছর বয়সে কাজ শুরু করতে হয়। প্রথমে মটরসাইকেলের মেকানিকের দোকানে কাজ করত। কিন্তু সেইখানে মন টেকে নাই। হাতে কালি ভইরা থাকত সারাদিন। পোড়া মবিল তেলের গন্ধ সহ্য হইত না। পরে সেলুনের কাজ শিখছে। পরিষ্কার থাকতে পছন্দ করে সুমন।
মারামারি ঘটনার কথা জানতে চাইলে সে ভাবতে শুরু করল। এর ভেতরেই একটা ফ্যামিলি ঢুকল সেলুনে। তাদের ১২/১৩ বছরের বাচ্চার চুল কাটাবে।
সুমন ও দোকানের মালিকের ছেলে তাদের নিয়া ব্যস্ত হয়া পড়ল। তাদের বসতে বইলা আবারও সেই সংখ্যা মিলায়া কী কী যেন বলল। কিছুই বুঝলাম না।
আজকে কী বার? ওহ, আজ না সোমবার! আমার সাপ্তাহিক ছুটির দিন। চাকরির কথা মনে পড়ায় দীর্ঘশ্বাস বের হইল। এই মাসটাই চাকরি করমু। অফিসে জানায়া দিছি চাকরি ছাড়ার কথা। বউ খুশি হইছে। আমি চাকরি পাইলে যতটা খুশি হয় তার থেকে বেশি খুশি হয় ছাড়লে। কয়, এখন সারাদিন একসাথে থাকা যাবে। এমন বউ নাকি দুনিয়ায় থাকে! স্বামী চাকরি ছাড়লে যে বউ খুশি হয় সে তো মহাপুরুষ! (হামি নামে কলকাতার এক মুভিতে মেয়রের অভিনয় করা খরাজ মুখার্জির দাজ্জাল বউরে বাচ্চা নিয়া ঝগড়া কইরা এক ফার্নিচার ব্যবসায়ীর বউ চুল ধইরা মাইরা তক্তা বানায়া দেওয়ায় মাফ চাইতে আসা ব্যবসায়ী লাল্টু বিশ্বাসরে খুশি হয়া গোপনে কয়, বউদি তো মহাপুরুষ!) এমন বউরে জাদুঘরে রাখা যায়! নোবেলও দিয়া দেওয়া যায়! সে নিজে ভালো ইনকাম করে তো। আমার ইনকাম না হইলেও সমস্যা নাই। লিংকডইনের মাধ্যমে একটা জব পাইছে ভার্চুয়াল এসিস্ট্যান্টের। আগে ফ্রিল্যান্সিং করত মার্কেটপ্লেসগুলাতে। জব পাওয়ার পর ছাইড়া দিছে।
সাংবাদিকতার চাকরি, তাও জাতীয় দৈনিকে, আমার ফ্যামিলির মানুষজন একটু কদর করা শুরু করছিল। আমিও হালকা নেইম ড্রপিং শুরু করছিলাম—যা জিন্দেগিতেও করি নাই। হালকা কাজ বাজ করতে গেলে বোধহয় মানুষের ব্যক্তিত্বও হালকা হয়া যাইতে শুরু করে। আমি অবশ্য শিওর না। তবে চাকরিটা আমার ভাল্লাগতেছিল না। মনে হচ্ছিল প্রোপাগান্ডা মেশিনের অপারেটর আমি। কাজ খুব বেশি না। অন্য সাইট থেকে লেখা কপি কইরা, সেইটাই ঘইষা মাইজা নতুন ইমেজ ক্রিয়েট কইরা পোস্ট করা। দিনে ২০/২৫টা নিউজ করতে হয়। এই চুলের কাজ আমার মতো মানুষের জন্য সিরিয়াস অপমান। আমি একজন ক্রিয়েটিভ মানুষ। আমি কেন কপি পেস্টের জব করমু কয়েকটা টাকার লাইগা! তাও আবার প্রোপাগান্ডা মেশিনের অপারেটর হইয়া?! ছিহ! অফিসে যতক্ষণ থাকতাম এইসব নোংরা রাজনীতির মিথ্যা অপপ্রচার কপি পেস্ট করতে করতে মনে হইতো আমি কোনো ডাস্টবিনের পাশ দিয়া যাইতেছি। দ্রুত এইখান থেকে সরতে পারলে বাঁচি।
তার মধ্যে নির্বাচনের সপ্তাহ খানেক আগে নিউ ইয়র্ক টাইমসের একটা নিউজের অনুবাদ কপি কইরা পোস্ট করায় বস বকাঝকা করছে। ওইদিনই সিদ্ধান্ত নিছি এই অসভ্য পাতার চাকরির মায়েরে বাপ! তাছাড়া আমি যে নয়া বাকশালীদের নিয়া রাগ ঝাড়ি তা অফিসের মধ্যবয়সী ও বুড়া সিনিয়র সাংবাদিকরা পছন্দ করে না। তাই আমার ব্যাপারে স্যাংশন দেওয়া শুরু করে। আমি যাদের সাথে আড্ডা দেই, তাদের ডাইকা নিয়া বসেরা বইলা দিয়ে আমার সাথে যেন কথা না বলে। আমি খুব হতাশ হইছিলাম। ওরা আমারে জামাতি পর্যন্ত বলছে। আমি বলছিলাম, প্রহসনের নির্বাচন করলেই কি আর ক্ষমতায় থাকা যায়? ৬ মাসও টেকে কিনা দেখেন। ওরা আমার কথা পাত্তা দেয় নাই। একদিন তো বইলাই বসলাম, হাসিনারে সামনে পাইলে আমি জুতা মারমু মুখে। ওই মন্তব্যের পরে সরাসরি সম্পাদকের কাছেই নাকি বিচার দিছিল। এক সিনিয়ার আপা আমারে সমর্থন করত। সে ১৩ বছর ধইরা চাকরি করে। তারেও শাসাইছে আমার সাথে কথা বলায়। আমি মজাই পাচ্ছিলাম। ওই অফিসে আমার উপস্থিতি ঘূর্ণিঝড়ের মতো হইছিল। ওরা কল্পনাও করে নাই এতটা বেয়াড়া হমু। চাকরি ছাড়লে বউ যতই খুশি হোক, নিজে ইনকাম করলে আলাদা একটা পাওয়ার ফিল করা যায়। কিন্তু অন্যের হাওয়ালায় থাকলে কিছুটা নাম্ব ফিল হয়। কিন্তু ওই ঘটনার পর ঘোষণা দিয়া দিলাম চাকরি ছাড়মু। বস ডাইকা নিল একদিন, জিগায়, আসলেই চাকরি ছাড়মু কিনা। আমার মতো ভালো কপিবাজ পাওয়া মুশকিল। এমনভাবে কপি করতাম যে কেউ ধরতেই পারত না। তাছাড়া তৎক্ষণাৎ নিউজ নামানোর কায়দাও রপ্ত করছিলাম। ফলে আমার ডিমান্ড ছিল। দ্বিধাহীনভাবে বইলা দিলাম চাকরি করতেছি না আর। আর কোনো চাকরিও করমু না শুইনা তারা কী ভাবল আল্লাহ মালুম। আমার কলিগরা অবিশ্বাস করতে লাগল। আমার কপাল নিয়া ঈর্ষাও জানাইতে ছাড়ল না।
চুল কাটা শেষ। কিছুক্ষণ মাথা টিইপা দিল। দেশি হিসাবে এক্সট্রা খাতির। পয়সা লাগবে না।
বললাম, সুমন মোহন্ত, তাইলে আপনার গল্প না বললে আমি কী লিখমু কইলেন না তো?
নাম ঠিক কইরা দিয়া হাসতে হাসতে বলল, সুমন মোহন্ত না। সুমন চন্দ্রমোহন্ত। হামি কী কমো? গল্প না থাকলে কুইত্থাইকা কমো!
সুমন কি মন খারাপ করল? এখন গল্প না থাকলে আমি কী করতে পারি? গল্প লিখতে তো আমি বাধ্যও না। আর এই মগার জীবন নিয়া গল্প লিখলে কে পড়বে? তা অবশ্য নির্ভর করে লেখকের দক্ষতার ওপরে।
সুমনের থেকে বিদায় নিয়া চইলা আসলাম। ২০ টাকা অতিরিক্ত দিলাম পান খাওয়ার জন্য।
০২.
এর প্রায় সাত মাস পর, আগস্টের মাঝখানে চুল কাটতে যামু সুমনের কাছে। জানুয়ারির পর আর চুল কাটা হয় নাই। গরম পড়ছে খুব। মাথা ঘাইমা ঘুইমা এক্কেবারে অবস্থা খারাপ হয় যায়। পাগল পাগল লাগে। ঘুম থাইকা কোনোদিন উইঠা দেখি কারেন্ট নাই, শরীর ঘাইমা জুবজুবা হয়া আছে। মাথার ভেতরও চপচপা হয়া আছে। তার মধ্যে থাকি দুই তালায়। ডাকাইতের মতো রইদে ছাদ গরম হয়া ওঠে। এমনই গরম হয় যে রাত ৯/১০ টা পর্যন্ত গরম লাগে রুমে। ২ রুমের একটা ছোট ফ্ল্যাটে থাকি। তাও আবার এক রুম সাবলেটে দিতে হইছে। পুরা ফ্ল্যাটের খরচ একা বহন করতে গেলে জান বাইর হয়া যায়। বাড়ি আর বাড়িওয়ালা পছন্দ না হইলেও ভাড়া একটু কম বইলা বাসাটা ছাড়তেও ইচ্ছা করে না। মালিক হালার পুত এক খাটাশ। হাসিনার পলাতক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামানের মতো অভিশপ্ত চেহারা। ওইরকমই সাদা কাপড় পইরা থাকে সবসময়। লুঙ্গিও সাদা পরে। হালার ভাব আছে। একদিন নাকি দুঃখ কইরা পাশের ফ্ল্যাটের তার এক যুগের পুরানা ভাড়াটিয়ারে কইছে, এই পোলা মাইয়া দুইটা বেয়াদব আছে, আমার সামনে দিয়া হাত ধইরা যায়, সালাম দেয় না। আমরা নির্ঝঞ্ঝাট ভাড়াটিয়া। আড়াই বছর হইলো এই বাসায় উঠছি। মাসের শুরুতেই ভাড়া দিয়া দেই। কখনো কখনো মাস শুরু হওয়ার আগেই। ফলে উঠায়াও দিতে পারে না। তার সেই অসহায় কথাটা শোনার পর থেকে আমরা স্বামী বউ মিইলা খালি হাসি। তার সামনে দিয়া আরও বেশি কইরা হাত ধইরা যাই।
অঘোষিত নয়া বাকশালের ফ্যাসিস্ট হাসিনার পতনের পর তার বাপের প্রথম শোক দিবসে আর পুরানা বাকশালের বিলুপ্তি দিবস উদযাপনে ডিজে বাহারুলকে হায়ার কইরা আনছে মহল্লার পোলাপান। ড্যাডির শোকে আজ হেব্বি নাচানাচি হইব। শুনলাম মালিক হালায় নাকি অর্ধেক টাকা দিছে। তাই আমাদেরও দাওয়াত।
হালার পো ব্যাপক খুশি হইছে হাসিনা পালাইছে দেইখা। ওই রাতেই সমস্ত ভাড়াটিয়ারে তেহারি খাওয়াইছে। বিএনপি না জামাত কী করত আল্লাহ মালুম। তয় মনে হয় বেডার মনে অনেক দুঃখ। পুরানা ভাড়াটিয়া ভাবি কইতেছিল, হের নাকি বাড়ি দখল করতে আসছিল লীগের পোলাপান। ভয় দেখাইছে কয়েকবার। কইছে বরিশাইল্লা মাল, গাট্টি বোচকা লইয়া চইলা যাবি, তর এত হাউশ কোইত্থে আসে বাড়িওয়ালা হওনের!
বেডা নাকি আগে গামছার ব্যবসা করত। গামছা বেচা টাকা দিয়া ৫ শতক জায়াগা কিনছিল। সারাজীবনের সঞ্চয় দিয়া বাড়িডা করছে। এহন খালি বাবু সাহেবের নাহাল টো টো কইরা ঘোরে আর কে সালাম দিল কে বউয়ের হাত ধইরা ঘুরল সেইসব দেইখা বেড়ায়।
গতকাল রাতে আইসা কয়া গেছে, কাইলক্যা আপনাগোরে হকলডির দাওয়াত। আইসেন, চাইরডা ডাইল ভাত খায়েন। আর কিন্তু আইবার পামু না কইলাম। আপনাগোরে কিন্তু বারবার বলা লাগে। আর জানি কওন না লাগে। আমি লজ্জা মিশায়া হাসি দিয়া সালাম দিয়া ‘যামু নি’ কয়া বিদায় করলাম।
দুপুরে গোসল করার আগে শেইভ করমু। দাড়ি বড় হইছে। ৪/৫ দিন ধইরা দাড়ি চাঁচি না। ইউজুয়ারি ৬/৭ দিন পর পর কাটি। কোথাও যাওয়া লাগলে অবশ্য আগেভাগে কাটা পড়ে। আজকে দাওয়াত যেহেতু, কাটাই যায়।
বউ নতুন খেতা সেলাই কইরা ধোয়ার জন্য বালতিতে ভিজায়া রাখছে। গোসলই করতে যামু, বালতি দেইখা বললাম, এই আস্ত একটা খেতা আমারেই ধুইতে হবে! বউ তো পায়া গেল আমার আইলসামির টাটকা একটা উদাহরণ। আমার কুইড়ামি তার পছন্দ না। শেইভ করতে গেলাম। সে রান্না করতেছিল। শেইভ কইরা গোসলে গেলাম। আরও ২/৪টা কাপড় ছিল সেইসব ধুয়া খেতা ধুমু, তখনই বউও আইল। আইসাই বইলা বসল, খেতা তাক দিয়া ধোয়ামু বইলাই আমি শেইভ করার নামে সময় নষ্ট করলাম। যাতে টাইমিংটা মেলে। আমি হাসতে হাসতে কইলাম, তুমি এইডা কইতে পারলা?! ছিহ!
পরে দুইজনে মিইলা খেতা ধুইলাম। গোসল করার পর খাইতে বসার আগে মনে হইলো চুল বেশি বড় হয়া গেছে। কাটা দরকার। বউও বলল কাটতে পারো। বেশিই বড় হইছে। তার মধ্যে যে গরম। খায়া উইঠা বললাম আমার একখান ছবি তুইলা দেও। শেইভ করার পর আমারে বেশিই সুন্দর লাগে। বউ ছবি তুইলা দিল। আসলেই সুন্দর লাগতেছে।
বিকালে হাঁটতে যামু। মুশুর ডাইলও নাই। বললাম চুলও কাটমু নাকি? বউ কয়, কাটো, যে গরম, হাইটা আইসা তো গোসল করাই লাগবো।
সেলুনে গিয়া সুমনরে পাইলাম না। মালিকরে জিগাইলে কইল, সুমন তো নাইকা।
নাইকা মানে?
নাইকা মানে আন্দোলনের ভিতর নাই হয়া গেছে। ওরে আর খুঁইজা পাওয়া যায় নাই।
বাড়ি গেছিল নাকি?
না, বাড়ি যাই নাই। ওর বাপ মাও আসছিল। শুনছিলাম রামপুরায় মিছিলে গেছিল। ওইদিন মেলা লাশ পড়ছিল রামপুরায়। গুলিমুলি খায়া মইরা টইরা গেছে মনে লয়। লাশলুশ পাওয়া যায় নাই।
কন কী!
এতদিন পর সুমনের খোঁজ লন কিল্লাইগা? কুনু কাম আছি নিহি? সাংবাদিক আপনি?
আমি ভচকায়া গেছি। কী উত্তর দিমু বুইঝা পাইতেছিলাম না। না না, এমনি চুল কাটতে আসছিলাম।
ও, ভাবলাম সাংবাদিক টাংবাদিক হইবেন। তা বসেন, একজনের পরে। এই আশরাফুল তোমার কামডা হইলে ভাইয়ের মাথাডা কাইডা দিও।
না না, থাক। আইজক্যা আর চুল কাটমু না।
সেলুনের সামনের ফুটপাতে স্তব্ধ হয়া দাঁড়ায়া থাকলাম খানিক। আগস্টের ভ্যাপসা গরম, মানুষের হুড়াহুড়ি, রিকশার টুংটাং,—সবই স্বাভাবিক। সুমনের চেয়ারটাও অন্য নাপিত দখল কইরা নিছে। খালি সুমনটাই নাই।
বাসায় ফেরার পথে মনে হইতেছিল, সুমনের জীবনে কোনো গল্প ছিল না। কোনো প্রেম নাই, ছ্যাকা নাই, বড় কোনো দুর্ঘটনাও। অথচ এই সাদামাটা ছেলেটাই শেষমেশ নিজেই একটা আস্ত গল্প হয়া উঠল। দমবন্ধ করা এক গল্প।
পোলাপান দুপুর থেইকা বক্স বাজাইতেছে। আজ যে কয়টা পর্যন্ত বাজাবে। গলিতে ঢুকতেই কানে আসতে লাগল, যা-তা বিটের সাথে বাজতেছে ‘যদি রাত পোহালেই শোনা যেত, বঙ্গবন্ধু মরে নাই…’
কোনো কিছুই মাথায় ঢুকতেছে না। অন্য সময় হইলে হাসতাম। এই গানের সাথে এই বিট! পোলাপান ফাজিল আছে! শোককে আনন্দে বদলায়া ফেলছে! পালানোর আগে নিজে মানুষ মাইরা আবার নিজেই শোক দিবস ঘোষণা দিছিল হাসিনা। প্রতিবাদে একটা ছেলে কুত্তার সাথে পাগলু ড্যান্স দিয়া ভাইরাল হইছিল। পারেও এরা।
সুমনের কথা আমার বুকে চাইপা বইসা বুক ভারি কইরা তুলল। এইডা কোনো কথা? তার লাশটাও নাকি পাওয়া যায় নাই। কোন কবরস্তানে নাকি অনেকগুলা বেওয়ারিশ লাশ গণকবর দেওয়া হইছে। তার ভেতর কি সুমনের লাশ থাকতে পারে? সুমন তো হিন্দু ছিল। ওর লাশ কবর দেওয়ার কথা না। কিন্তু ওই হারামির বাচ্চারা কি মানুষ ছিল যে ধর্ম দেইখা লাশ কবর দিবে? মানুষ খুন করতেই তো বাছবিচার করে নাই। আর তো কবর…
চুল না কাইটাই বাসায় ফিরতে দেইখা বউ বলল কী হইছে, চুল কাটলা না কেন? দোকান বন্ধ? আমার কোনো উত্তর না পায়া আবারও প্রশ্ন, কী হইছে? মন খারাপ নাকি?
আমি বললাম, কিছু হয় নাই।
পরে মনে হইলো বলতে তো পারি। তাও বললাম না। বললাম, একটা গল্প মাথায় আসছে। গল্প লিখি আগে, পরে বলমু নি।
লেখার কথা বলায় বউ চাইপা গেল। লেখার সময় কোনো ঝামেলা যাতে না সেই চেষ্টা করে।
অকারণে সুমনের আইফোন সেভেনটার কথা মনে পড়ল। বলছিল আমার গল্প পিন কইরা রাখবে। এইট পাশ সুমন কি আমার গল্প পড়তে পারছিল? আমি তো ওদের জন্য গল্প লিখি না। ওরা আমার লেখা পড়তে পারবে তাই? কে জানে, সেই ফোনটা এখন কার পকেটে?
সুমনের শেষ কথাটা মনে পড়তেছিল। “হামি কী কমো? গল্প না থাকলে কুইত্থাইকা কমো!”
আজ আমার কাছে অনেক কাঁচামাল—রাজনীতি আছে, আন্দোলন আছে, বেওয়ারিশ লাশের গণকবর আছে। কিন্তু যার জন্য গল্পটা লিখতে চাইছিলাম, সেই সুমন চন্দ্রমোহন্তই নিখোঁজ বিজ্ঞাপনের শিরোনাম। সে গল্প হইতে চাইছিল ঠিকই, তাই বইলা এমন নির্মম গল্পের নায়ক?
সুমনের পরিবারের খোঁজ নেওয়া যায়? আবার যখন গ্রামে যামু তখন কি একবার ওইদিকে যামু নাকি? খুঁইজা পামু? একটা ইউনিয়নের কোথায় গেলে পামু? আর গিয়াই বা কী বলমু? বুঝতেছিলাম না কিছু। আর ও থাকত কোথায় এইখানে, তাও তো জানি না। অবশ্য সেলুনের মালিকের কাছে গেলে ভোটার আইডি পাওয়া যাইতে পারে।
আমি ল্যাপটপটা খুইলা বসলাম। সুমনের জীবন নিয়া গল্প লিখমু ভাইবা টাইপ করলাম—‘সুমন চন্দ্রমোহন্ত গল্প হইতে চাইছিল’। কিন্তু এর পরের লাইনে কী? আর কথা খুঁইজা পাইতেছি না। সুমনের জীবনের মতন আমার ল্যাপটপের স্ক্রিনটাও কি ফাঁকা হয়া থাকব?
লেখা আসতেছে না দেইখা ফেসবুকে ঢুইকা খারাপ মন নিয়া স্ক্রল করতে থাকলাম। ডিজে বাহারুলের গান শুইনা ‘ধানমন্ডি ৩২ এ এক যুবক নিহত’ জাতীয় একটা মিম দেইখা হাসলাম। কমেন্টে গিয়া মানুষের প্রতিভার সাক্ষর পাইলাম। কেউ কেউ লিখছে ‘ধানমন্ডি ৩২ এ গায়ে রঙ মেখে শুয়ে ছিল এক যুবক’। হঠাৎ আবার সুমনের কথা মনে পড়লে কেমন অপরাধী লাগল নিজেরে। কখন যে বিষাদ কাইটা গেল টেরই পাইলাম না।
[রচনাকাল: ১৩ জানুয়ারি ২০২৬]
হুসাইন হানিফ
Latest posts by হুসাইন হানিফ (see all)
- সুমন চন্দ্রমোহন্ত গল্প হইতে চাইছিল - January 19, 2026
- কলকাতার পুরস্কার—কীভাবে নিব? - April 1, 2024