‘ইন্ডিয়ান রাষ্ট্রবাদী প্রকল্প’ জিনিসটা কী? তার আগের প্রশ্ন রাষ্ট্রবাদী প্রকল্প জিনিসটা কী? রাষ্ট্র স্বয়ংসম্পূর্ণ কোনো এনটিটি না। একটা রাষ্ট্রের এক্সিস্টেন্স শুধু সেই রাষ্ট্রের উপর নির্ভর করে না। তাকে একটা শত্রু রাষ্ট্র নির্মাণ (মনোজগতে) করতে হয়৷ আম্রিকার যেমন একটা সোভিয়েত ইউনিয়ন বা একটা চীন লাগে, ভারতের একটা পাকিস্তান লাগে৷ এ ব্যতীত একটা ইউনিফায়েড রাষ্ট্র হিসেবে ফাংশান করা কঠিন।

অন্যসকল রাষ্ট্রের মতো শত্রু নির্মাণ করার পাশাপাশি ইন্ডিয়া আরেকটা কাজ করে: অখণ্ড ভারতের স্বপ্ন লালন করে৷ পশ্চিমবঙ্গের বাঙালিরা ইন্ডিয়াকে ‘ভারতবর্ষ’ বলে। মানে ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট। পুরো উপমহাদেশকে দখল করতে চায়। অর্থনৈতিক, সাংস্কৃতিক, বুদ্ধিবৃত্তিকভাবে তো বটেই, ভবিষ্যতে কোনোদিন রাজনৈতিকভাবে সমস্ত ভূখণ্ডকে একীভূত করার বাসনাও খুবই স্পষ্ট৷ হায়দ্রাবাদকে যেভাবে গিলে নিয়েছিল; নেপাল, ভূটান, বাংলাদেশকেও তেমন গ্রাস করতে চায়৷ পাকিস্তানকেও চায় কিন্তু পারমাণবিক বোমা আছে জন্যে বলতে পারে না। অথচ ভারতবর্ষ বলে একক কোনো এনটিটি ছিল না বৃটিশরা আসার আগে।

এককথায়, শত্রুরাষ্ট্র নির্মাণ এবং তাকে গ্রাস করা— এই দুই মিলে তৈরি হয়: ইন্ডিয়ান রাষ্ট্রবাদী প্রকল্প।

আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে, বিজেপির কথা না বলে কেন রাষ্ট্রের দিকে ইঙ্গিত করলাম। কারণ, বিষয়টা শুধু বিজেপির না৷ হায়দ্রাবাদ দখল করার সময় বিজেপি ক্ষমতায় ছিল না। অতো বেশি আগেও যাবার দরকার নেই, হাসিনার রেজিমের কথাই ভাবি। ২০০৯ সালে মসনদে বসার পরে প্রথমেই হাসিনা বিডিআর হত্যাকাণ্ড সংঘটিত করলো। ঘটনার সময় ভারতীয় প্যারাট্রুপাররা রেডি হয়ে ছিল, সংকেত পেলে বাংলাদেশে প্রবেশ করে হস্তক্ষেপের জন্য। তখন কিন্তু কংগ্রেস ক্ষমতায়। তারপর হাসিনা-মনমোহন একই বছরে দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষর করে যেটাকে বদরুদ্দীন উমর ‘বাঙলাদেশের নিরাপত্তা বিপন্নকারী’ বলে অভিহিত করেন।

কিছুদিন আগেও কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী পার্লামেন্টে দাঁড়িয়ে বলেন যে, বাংলাদেশে হিন্দু এবং খ্রিস্টানদের উপর অত্যাচার হচ্ছে এবং বিজেপি সরকারকে এই ইস্যু নিয়ে বাংলাদেশের সাথে কথা বলা দরকার৷ বিজেপিও তো এটাই চায়। মহব্বতটা লক্ষণীয়৷ ইন্ডিয়ার প্রধান দুটি দল একে অপরের বিরোধী হওয়া সত্ত্বেও কীভাবে একে অপরকে পুষ্টি যোগাচ্ছে তা দৃশ্যমান৷ শুধু তাই না, ইন্ডিয়া যখন পাকিস্তানে সার্জিকাল স্ট্রাইক করে তখন একটা অদ্ভুত জাতীয় ঐক্যমত দেখা যায় তাদের মধ্যে৷ অর্থাৎ এই প্রকল্পের সাবস্ক্রাইবার সবাই৷ এখনো কোনো উল্লেখযোগ্য বিরোধী মত আমরা দেখিনি। ইন্ডিয়ার সবচেয়ে প্রগতিশীল লোকটাও ইন্ডিয়ান রাষ্ট্রবাদী প্রকল্পের ধারক, বাহক এবং প্রচারক। একটা উদাহরণ দিই।

আকাশ ব্যানার্জি The Deshbhakt নামে এক জনপ্রিয় ইউটিউব চ্যানেল চালান৷ জুলাই অভ্যুত্থানের সময় তিনি একাধিক ভিডিও বানিয়েছিলেন যেটা আন্দোলনকারীদের পক্ষে গেছিল এবং হিন্দিভাষী মানুষের কাছে বাংলাদেশের পরিস্থিতি পৌঁছাতে ভূমিকা রেখেছিল৷ তিনি দুইদিন আগে একটা ভিডিও বানিয়েছেন বাংলাদেশের বর্তমান পরিস্থিতির উপর৷ সেই ভিডিওর কিছু প্রব্লেমেটিক পয়েন্ট চিহ্নিত করছি।

১. আকাশ ব্যানার্জি প্রথম আলো এবং ডেইলি স্টারকে প্রগতিশীল এবং লিবারেল পত্রিকা বলেছেন৷ এমনই লিবারেল যে ‘বেশ্যা’ শব্দটা মুখে নিতে পারে না। আর বাংলাদেশে ‘প্রগতিশীলদের’ দৌরাত্ম্যও আমরা জানি। তর্কের খাতিরে কিছুক্ষণের জন্য মেনে নিলাম৷ কিন্তু এই দুইটা পত্রিকা যে কী পরিমাণ ফ্যাক্ট ম্যানিপুলেশন এবং আওয়ামী-লীগগিরি করেছে, ১/১১-র সময় এবং তার পরেও কী কী গোপন চুক্তি, মিটিং করেছে সেগুলো নিয়ে কোনো বক্তব্য নেই, ওয়ার্ড-প্লে দিয়ে কীভাবে মানুষকে ডিহিউম্যানাইজ করেছে তা নিয়েও কথা নেই৷

২. আকাশ বললেন, এন্টি ইন্ডিয়ান সেন্টিমেন্টের সাথে এন্টি হিন্দু সেন্টিমেন্টও গ্রো করেছে বাংলাদেশে৷ তাও শোকর করছি, এন্টি ইন্ডিয়ান আর আর এন্টি হিন্দু বিষয়টাকে আলাদাভাবে অ্যাড্রেস করার জন্য৷ বাংলাদেশে হিন্দুবিদ্বেষী লোকজন আছে। তাদের মধ্যে মুসলিম আছে, এক্স হিন্দু আছে, নাস্তিক আছে৷ কিন্তু সেই বিদ্বেষ কি সংখ্যাধিক্যে এতই বেশি যে জেনারেলাইজ করা যায়? যদি তাই হতো, তাহলে চট্টগ্রামে যেসময় আইনজীবী আলিফকে হিন্দুত্ববাদী জঙ্গিরা হত্যা করল, মুসলমানরা সাধারণ হিন্দুদের উপর আক্রোশ দেখাতে পারতো। সেটা হয়নি৷ এমনকি চট্টগ্রামে হিন্দুত্ববাদীদের সাথে মুসলিমদের ক্ল্যাশও হয়েছে হাসিনা পতনের পরে৷ এরপরও হিন্দুদের উপর বড়ো স্কেলে শুধু সাম্প্রদায়িক কারণে হামলা হয়নি৷

এর মানে এটা না যে, দেশে সাম্প্রদায়িকতা নেই। আছে। তার একটা লিমিট আছে। সম্প্রদায় ও সাম্প্রদায়িকতা নিয়ে রাজনীতিও আছে। যাই হোক, এরকম একটা যুক্তি বাংলাদেশে প্রচলিত আছে, জনগণ যদি হিন্দুবিদ্বেষীই হতো তাইলে নেপালের লোকজনের প্রতি ঘৃণা নেই কেন! যুক্তিটা সামহোয়াট রাইট।

৩. এরপর আকাশ বললেন, তিনি আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ চান, হাসিনাকে অংশ নিতে না দিলেও আওয়ামী লীগকে দিতে হবে। মামার বাড়ির আবদার যেন! লীগ আমলে যেরকম ন্যারেটিভ প্রচার করা হতো যে, সবাই খারাপ শুধু শেখ হাসিনা ভালো। এখন হচ্ছে তার উল্টোটা — শুধু শেখ হাসিনাই অপরাধী, বাকিসব নিষ্পাপ শিশু! এমনকি ওয়ার্ড পর্যায়ের নেতারাও যে পরিমাণ লুটপাট করেছে, তা দিয়ে তাদের নেক্সট জেনারেশনও বসে খেতে পারবে। হাসিনার খুঁটি আওয়ামী লীগের ছোটো-বড়ো, অতি ক্ষুদ্র নেতারাও৷ তিনটা ইলেকশন ‘নাই’ করে দিয়েছে। সেই হিসেবে অন্তত তিনটা ইলেকশনে আওয়ামী লীগকে অংশ নেবার সুযোগ দেওয়া উচিত না।

৪. আকাশ বলতে চান, যদি দেশে ভ্যান্ডালিজম চলতে থাকে তাহলে নাকি জুলাই অভ্যুত্থান ব্যর্থ হয়ে যাবে এবং এটাই প্রমাণ হবে যে এই অভ্যুত্থানের পিছনে আসলে বিদেশি ইনভলভমেন্টই মুখ্য ছিল। নোপ। এবসলিউটলি নট৷ জুলাই অভ্যুত্থান তো সফল। হাসিনা সহ হাজার হাজার সন্ত্রাসী বাংলাদেশ ছেড়ে তাদের আঁতুরঘর ভারতে চলে গেছে, বাংলাদেশে একটা সরকারও বসেছে৷ এই তো। আর কী লাগে অভ্যুত্থান সফল হতে?

প্রশ্ন উঠতে পারে অভ্যুত্থান সাস্টেইন করবে কিনা। সন্দেহ আছে। না করতে পারে। বা, অভ্যুত্থানকে বিপ্লবে পরিণত করার সুযোগ ছিল, আরও ভালোভাবে দেশ গঠনের সুযোগ ছিল। অভ্যুত্থানের নেতাদের দুর্নীতিগ্রস্ত হয়ে পড়া, বুড়ো ভামদের অযোগ্যতা, হাসিনার প্রশাসন দিয়ে দেশ চালানো, আওয়ামী লীগের আক্রমণ সহ নানা কারণে সেগুলো হয়নি। আমরা সময় সময় সেগুলো নিয়ে হতাশা এবং ক্ষোভ প্রকাশ করেছি। সামনেও করব৷ কিন্তু তার মানে এই না যে জুলাই অভ্যুত্থান ব্যর্থ হয়ে গেছে৷ এটা একটা সফল ঘটনা, একে আনডু করার উপায় নেই; করতে চাইলে টাইম মেশিন লাগবে।

বিদেশি স্বার্থ যে কিছু নেই— এই অলীক দাবি তো কেউ করেনি। অবশ্যই আছে। পরাশক্তির স্বার্থ সব দেশেই আছে। কিন্তু তার মানে এটা না যে তারাই এই অভ্যুত্থান ঘটিয়েছে বা তারা না থাকলে ঘটতো না। এমনকি প্রথম আলোও এটা স্বীকার করে নিয়েছে যে, এই অভ্যুত্থানটা মূলত দেশের মানুষেরই সক্রিয়তা। দেশ যদি সত্যিই কোনোদিন প্রকৃত অর্থেই কোনো উগ্রবাদীদের কবলে পড়েও, তার মানে এটা কখনোই না যে জুলাই অভ্যুত্থান ব্যর্থ বা এটা বিদেশি চাল৷

জুলাই অভ্যুত্থানে ভারতের যেসব ইনফ্লুয়েন্সাররা ভিডিও বানিয়েছিলেন, তাদের মধ্যে আকাশই সবচেয়ে ভালোভাবে এই আন্দোলনের পালস বুঝতে পেরেছিলেন। ইভেন ধ্রুব রাঠীর চেয়েও তার ভিডিওটা বেশি ইম্প্যাক্টফুল ছিল। সেই আকাশের অবস্থা-ই এই। তাহলে ভাবেন, অন্যদের কী অবস্থা!

ফুটনোট: রাষ্ট্রবাদী প্রকল্পের আরও অনেক বৈশিষ্ট্য আছে। আলাপের স্বার্থে একটামাত্র বিষয়ের ওপর আলোকপাত করলাম। এটা আকাশের ভিডিওরও সম্পূর্ণ ক্রিটিক না, প্রথম দর্শনে লিখে ফেলা। লেখাটাকে নোকতা হিসেবে নেওয়া ভালো।

সূত্র:
১. বাঙলাদেশের নিরাপত্তা বিপন্নকারী হাসিনা-মনমোহন চুক্তি রুখে দাঁড়াও, বদরুদ্দীন উমর, ২০১০, জাতীয় মুক্তি কাউন্সিল।
২. https://youtu.be/emUaV1B2wyw?si=TDeueAaEGiJ2Nnab

The following two tabs change content below.
Avatar photo

সুপ্রিয় সাহা

জন্ম খুলনায়, একটা ক্লিনিকে। ঢাবিতে সমাজবিজ্ঞান পড়সি। পড়া শেষ৷ পেশায় মধু ব্যবসায়ী এবং প্রুফরিডার। ঢাকায় থাকি। কবিতাই লিখি মূলত৷