সৈয়দ আহমেদ শাওকির কাজবাজ তো ভালোই। মানে মেকিং, শুটিং লোকেশন, গল্প বুনন ও ডায়ালগ আর টান টান উত্তেজনায় দর্শক ধরে রাখার ক্যাপাসিটি সবই তো ঠিকঠাক। তবে পলিটিক্স অব ফিল্মটা সে ভালভাবেই রপ্ত করতে পেরেছে, ‘কারগার’ ও ‘তাকদীর’ দুইটা ওয়েব সিরিজে সেটার ব্যবহারও করেছে সুচতুরতার সাথে। এই কলাকৌশলটা সবচেয়ে বেশি সাটল ওয়েতে ব্যবহার করেছে সে তার সর্বশেষ ওয়েব সিরিজ গুলমোহরে। আওয়ামী ও বাংগালী জাতীয়তাবাদী বয়ানে পোট্রে করা ৪৭-ই আমাদের দেখাতে চেয়েছে এই সিরিজে।
সিরিজের মাঝখানে প্রেক্ষাপট দেখানো হয় যে, এক ইংরেজ একজন সংগীতজ্ঞের সংগীতে মুগ্ধ হয়ে তাকে জমি দান করলে এই বিশাল প্রাসাদটি তৈরি করেন। খুবই ইনোসেন্ট ঘটনা! -যেন এই বিশাল প্রাসাদ জমিদারির সিম্বল না, আর জমিদারিত্বটা প্রজাদের শোষণ না করেই গড়ে ওঠা! সংগীত, সন্তুর আর সুরে আড়াল হয়ে যায় জমিদারীর পরিচয়, যেমন বিশাল সাহিত্যিকের পরিচয়ে নাই হয়ে যায় জমিদার রবি ঠাকুর।
হিন্দু জমিদারের (সংগীতজ্ঞ!) প্রাসাদ দখল করে নেওয়া তালুকদার পরিবার হয়ে ওঠে অত্যাচারী শোষক। তাদের অত্যাচারের আচড় সবাই ভোগ করেছে। অত্যাচারের মাত্রা এতই তীব্র ছিল যে এলাকার সবাই তালুকদার সাহেবের জানাযা না পড়েই ফিরে গেছে।এমন নৃশংস অত্যাচার যে ঘটেনি তা না। কিন্তু মোটাদাঘে এসব শোষণ, প্রজাদের অত্যাচার ঘটেছে ৪৭’ এর আগে এবং বেশিরভাগই হিন্দু জমিদারদের হাতে।
এখানকার হিন্দু জমিদারদের হাতে ভয়াবহ শোষণ ও অত্যাচারের দীর্ঘ এক ইতিহাস আছে মুসলমান ও নিম্নশ্রেণীর হিন্দুদের। আর সেই ইতিহাসকে নাই করে দিয়ে ৪৭’ পরবর্তী সময়কে খুবই খারাপ দেখিয়ে উপস্থাপন করে ‘আগেই ভালো ছিলাম’ ন্যারেটিভ নির্মাণে চলচ্চিত্রের রাজনীতিটা ভালোই করেছেন শাওকি।
আরো দুইটা খেল দেখিয়েছেন শাওকি।
এক। তালুকদার সাহেবের একমাত্র মেয়ে পরিবারের অমতে হিন্দু ছেলেকে বিয়ে করে। অনেক বছর পর বিয়ে মেনে নিবে বলে তালুকদার সাহেব মেয়েকে ডেকে এনে নাতিদের জোর করে মুসলমানি করিয়ে দেন। এমন কিছু যে সমাজে ঘটে না, তা না, তবুও কি ৫ই আগস্টের পরে পারভেজ আলম ও মেঘ মল্লারদের ‘ইসলামোফ্যাসিস্ট’ উত্থান বয়ানের সাথে মিল পাওয়া যায়?
দুই। ইন্ডিয়া থেকে পালিয়ে আসা মুহাজির জাফর হয়ে যায় অত্যাচারী তালুকদারের নিষ্ঠুর ডানহাত। আর বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া ধ্রুবেশ খুবই দয়ালু সংগীতপ্রেমি এক মানুষ। একই ইভেন্টের (৪৭) দুই ভিক্টিমের দুই বিপরীতমুখী চিত্রায়ণ শাওকির মুন্সিয়ানাই (পলিটিক্স অব ফিল্ম?) বটে!
মাইনুদ্দিন সেজান
Latest posts by মাইনুদ্দিন সেজান (see all)
- পলিটিক্স অব ফিল্ম: শাওকির গুলমোহর - অক্টোবর 12, 2025
- বাঈজী, তাওয়াইফ কালচার এবং হিন্দি-সিনেমার গান - এপ্রিল 5, 2021