ব্যাকস্পেস

দিনে কতো রকম লেখা লেখি,
মনে হয় কিছুই হয় নাই
সব মুছে ফেলি
আবার লেখি৷

যদি ব্যাকস্পেস না থাকতো তবে কেমন হইতো বিষয়টা?

আমারতো ভালো লাগে না কবিতা লিখতে
তাও লিখি; মন না চাইলেও তোমার নামে চিঠি লিখি
সরকারের নামে গালাগাল লিখি।

অযত্নে লেখি,
বানান ভুল হইলে অভিধান দেখে ঠিক করি
লেখা বারবার পড়ি, তারপর?

যত্ন কইরা ব্যাকস্পেস চাপি।

২০১৮

 

মাছ আর তুমি

তোমার বাড়ির সামনেই আছি
নদীতে বড়শি ফেলে বসে থাকি
নদী থেকে হাওয়া আসে
লাগে তোমার নীল শাড়িতে,
গোছলের পর যেটা রোদে দিছো
ইলাস্টিকের রশিতে।

তীর ভেঙে ধসে পড়ে মাটি
দুপুর গড়িয়ে বিকেল
হলুদ সূর্য লাল হয়
দিনের পর রাত হয়
ঘরে ফেরে সব পাখিরা:
আমিও ফিরি।

মাছ আর তোমারে ধরার আশায়
সকাল বেলা আবার আসি,
আমার টোপ মাছে খায় না
মাছগুলোও তোমার মতো
একটাও আমারে ধরা দেয় না।

২০২০

 

পাতিহাঁস

শানবাঁধানো পুকুর ঘাট
গোছল করে না কেউ
কচুরিপানা আর মাছ ছোটছোট
ঘাটে শ্যাওলা পরা পিছলা।

মাছরাঙা তেমন দেখা যায় না
দেখা যায় দু’একটা সাদা বক
এ বাড়িতে অনেক পাতিহাঁস
সারাদিন হাঁসগুলো চষে পুকুরময়।

কয়েকটা হাঁস এক পা উঠায়ে ঝিমায়
কয়েকটা সাঁতার কাটে
খাবার খোঁজে বা সঙ্গী,
কয়েকটা হাঁস বসে থাকে;
করে না কিছুই।

যেমন বসে আছে হুদাই
অল্প বয়সে বউ হারানো
এ বাড়ির লোকটা।

২০২২


 
মালঞ্চ জিলাপি

আমি মালঞ্চের জিলাপি
রসে ভরা আমার শরীর,
সাপের মতোই প্যাঁচানো আমার গঠন।
আমারে ভাজা হয় কড়া গরম তেলে
যেমনে পোড়ানো হবে জাহান্নামের পাপীদের।

কিন্তু রসে ভরা আমার দেহ
পাপীদের দেহে রক্ত পুঁজ।

হঠাৎ অকারণে দুই বন্ধু আসে
শাটল ট্রেনে করে;
চিবিয়ে খায় আমাকে।

যেমন খায় কবরের মাটি
মৃত মানুষের লাশকে।

২০২২

 

মৃতরাও ছিলো জীবিত

কবরের পাশে বইসা আছি
অনেকগুলো কবর একসাথে
আছে ভিতরে যারা তাদের চিনি না,
পুরুষ না মহিলা তাও জানি না।

তারা কিভাবে মরলো কারণ খুঁজি নাই
কেউ কি খোঁজ রাখে তাদের?
কেউ আগুনে জ্বইলা মরছে,
কাউরে গলাটিপে মারা হইছে
গাড়ির তলে, নদীর জলে
কতো অদ্ভুদ আলাদা একেকজনের মৃত্যু৷

সবগুলো কবর একই রকম,
কবরের মৃতরাও ছিলো জীবিতদের মতো
সংসার করতো, সন্তান জন্ম দিতো
পড়াশোনা করতো স্কুল কলেজে।
হয়ত কেউ কেউ মদ খাইতো
কেউ করতো চুরি ডাকাতি৷

দেশের জন্য জীবন দেওয়া শহীদেরা
সাধু সুফি দরবেশও আছেন,
মোলায়েম বিছানায় ঘুমানো বড়লোক
ফুটপাতে থাকা ছিন্নমূল মানুষ,
সাম্যবাদী, ক্ষমতাসীন, বিরোধী পক্ষ
সবাই ঘুমিয়ে আছে একে অপরের গলা ধইরা।

আর তাদের কবরের দিকে তাকাইয়া আমি;
বুঝতে পারি মরি নাই এখনো,
জীবিত আছি।

২০২২

 

ডানা ভাঙা কাক

তোমার উঠো, বড় হও!
গাছের চেয়েও বড় হও!
গাছের মগডালে উঠার পরেও
যেন নাগাল না পাওয়া যায়।

আমি নিচে নামবো; এতো নিচে,
ঘাসও ঢেকে দিবে আমাকে।

দূর থেকে সবাই দেখবে তোমাদের
বাহবা দিবে, যাবে যার যার বাড়ি,
যাওয়ার সময় পায়ের নিচে ফেলে
ক্ষত বিক্ষত করবে আমার শরীর।

আমি উঠব না; টু শব্দটিও করব না
থাকবে না কোন অভিযোগ
আমার গায়ে মলম লাগিয়ে দিবে
উড়তে না পারা ডানা ভাঙা কাক৷

২০২২

 

মাছের ঝাঁক

পানিতে মাছের ঝাঁক
একসাথে শতশত হাজারে হাজার
সাঁতরায়, খাবার খোঁজে৷
রাস্তায় মানুষগুলাও মাছের মতো
দৌড়ায়, সংসার পাতে৷

রাস্তার শতশত মাছের সাথে
আমিও দৌড়াই, ফাইট করি;
নিজেরে প্রমাণ করি সবার সেরা।
যেন আমি মাছের রাজা ইলিশ
কেবলই ধইরা আনছে মেঘনা থিকা।

২০২২

The following two tabs change content below.
Avatar photo

মিরাজ মিঠু

জন্ম: ২২ ফেব্রুয়ারী ২০০০, জন্মস্থান: বরিশাল জেলার বাবুগঞ্জ থানায়। পড়াশোনা করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশ অধ্যয়ন বিভাগে। কবিতা লেখেন, ফটোগ্রাফি করেন। দর্শন, রাজনীতি, সমাজ ও ধর্মতত্ত্বে আগ্রহী।
Avatar photo

Latest posts by মিরাজ মিঠু (see all)