বেলুন
▪️
ছেলে শিশুটার হাতে একটা বেলুন
মেয়ে শিশুটার হাতে একটা বেলুন
একই রঙ, আকার আর হৃদয়াকৃতির
একসাথে কিছুক্ষণ খেলবে ওরা, হাসবে, কথা বলবে
নিজেদের ভাষায়
ক্রমে অন্যকোনো খেলার দিকে চলে যাবে মন

দুই বেলুন উড়ে যাবে দুইদিকে তারপর
আমরা ভাববো
জড় কীভাবে রপ্ত করলো জীবের আচরণ…।

তোমার ভাষাতে
▪️
একটা কবিতার পেছনে
দুইটা দিন চলে গেলো
আরেকটা কবিতার পেছনে
হয়তো চলে যাবে আরও কয়েকটা দিন

একে একে কবিতাই নিয়া যাবে
দিনগুলি আমার
রাতের পর রাত শুধু পড়ে থাকবে

অনন্ত অন্ধকার…

আমি তার ভেতরে
বসে বসে বাসনা করি
এইসব রাতে

নিয়ে যাওয়া দিনগুলির আলোয়
আমার কবিতারা
খুব আলোকিত হয়ে আছে
তোমার ভাষাতে…।


টোয়াইলাইটে

▪️
গোধূলি এখানে
আসে ইংরেজি হরফে
তুমি টোয়াইলাইটে
নর্থ এন্ডে
তুমি স্মোকিং জোনে
বইসা আছো
হাতে সিগারেট
পাশে দেশলাই
অল্প খোলা
হা করে
তোমাকেই দেখতেছে
তুমি জ্বালাইতেছো না
যেনো যুদ্ধবিরতি
চলা চিরকাল
পাশের না
মোটামুটি দূরের
টেবিলটাতে
মেয়েটারে দেখে দেখে
ছেলেটার পাশে
নিজেই জ্বলে যাইতেছো তুমি…।


তোমার দিকে পা বাড়াচ্ছি না

▪️
তোমার পাশে একটা ট্রাক
অদৃশ্য নোটিশ মানছি
তোমাকে দেখছি ১০০ হাত দূর থেকে

আজ পরেছো কামিজ
মেজেন্টা রঙ কামিজের উপর
বিবিধ রঙের ফুল
ফুলেদের ব্লোসম
উপর্যুপরি বসন্ত

হাওয়া ছলনা করছে
তোমার ঘ্রাণ পাঠাচ্ছে না…

১০০ হাত দৈর্ঘ্যের একটা সাঁকো পরিমাণ
দূরত্ব থেকে তোমাকে দেখছি

বিভাজন স্পষ্ট হলে
মাঝ দিয়ে চলে গেছে নদী
তোমার ওড়নায় উঠেছে ঢেউ
শব্দের মতোন অদৃশ্য
তবু শব্দ পাচ্ছি নদীচরিত্রের

তোমার পাশে দাঁড়ানো নোটিসবোর্ড

তোমাকে খরস্রোতা মানছি
তোমার দিকে পা বাড়াচ্ছি না…।


অপ্রমিত

▪️
জঙ্গল থেকে একটা ফুল তুললাম
গ্রাম্য একটা ফুল
টবে শোভা পায় না এমন
এই ফুল কখনও উপহার হবে না
ক্যাটক্যাটা রঙের পাপড়ি
কালো ছোপছোপ দাগ
শরীরজুড়ে উসখুস করছে বসন্ত
ঘ্রাণটাও অন্যরকম
নাকের কাছে ধরলে মনে হয়
আম্মার শাড়ি পরে তুমি সামনে দাঁড়িয়ে
কথা বলছো অপ্রমিত ভাষায়।


সে

▪️
সে তারে চিন্তা করে
সে-ও তারে চিন্তা করে

ওহারা পরস্পরে

বেঁচে আছে
একে অপরের চিন্তার ভেতরে…।

The following two tabs change content below.
Avatar photo

আবির আবরাজ

কবি
Avatar photo

Latest posts by আবির আবরাজ (see all)