থমাস পেইন তার ‘কমন সেন্স’ নামক বইতে সমাজ ও রাষ্ট্রের তুলনা করতে গিয়ে লিখেছেন ‘Society in every state is a blessing, but Government, even in its best state, is but a necessary evil’, মানে বুঝা যাচ্ছে, তিনি সমাজকে যেভাবে আশীর্বাদ ভাবতে পারছেন রাষ্ট্রকে, এমনকি এর সর্বোত্তম অবস্থাতেও, ‘প্রয়োজনীয় মন্দ’ ছাড়া কিছু ভাবতে পারছেন না। রাষ্ট্রের এই মন্দভাব কেন, এবং এটা ছাড়া চলে না কেন, তা রাষ্ট্রবিজ্ঞানে আগ্রহীদের কাছে স্পষ্ট। তারপরও আমাদের মনে রাখতে হবে, প্রত্যেক বয়ান কালান্তরে নতুনভাবে ব্যাখ্যা করা লাগে ।

ক্ষমতা ও প্রতিরোধের জায়গা থেকে সাধারণ মানুষ রাষ্ট্র বলতে আমলাতন্ত্র বুঝে। যদিও রাষ্ট্র পরিচালিত হয় ক্ষমতার নেটওয়ার্ক, আইন এবং আইনের ব্যাখ্যা দিয়ে; তা সত্ত্বেও মানুষ রাষ্ট্রের গতিময় মূর্ত সত্তা হিসেবে আমলাদের প্রত্যক্ষ করে। আমলাগণ রাষ্ট্র পরিচালনার একটি প্রশিক্ষিত দল, এবং আমলাতন্ত্র হলো আইন ও আইনানুগ পেশাজীবী নিয়ে গঠিত একটি যুক্তি ও নিয়মাবদ্ধ শাসনপরিচালন ব্যবস্থা। আমলাতন্ত্রের পরিধিও এতো ব্যাপক এবং জটিল যে, ব্যক্তি বিশেষের অভিজ্ঞতায় আমলাতন্ত্র অনিবার্যভাবে ‘অন্ধের হস্তি দর্শনের’ মতো জ্ঞানতাত্ত্বিক সংকট তৈরি করে। স্বয়ং আমলাদের কাছেই আমলাতন্ত্রের আদ্যোপান্ত অজ্ঞেয় থাকে, কর্মবিভাজন এবং ক্রমসোপানের ভিত্তিতে কার্য ও তথ্যের গম্যতা নিয়ন্ত্রণের কারণে।

আইন ও আইনি আদেশ দ্বারা নিয়ন্ত্রিত আমলাতন্ত্রে কর্মীরা খাটতে খাটতে বার্নআউট হয়ে পড়ে। এভাবে তারা একদিকে যেমন জনবিচ্ছিন্ন হয়ে পড়ে, অন্যদিকে মানুষও মনে করে তারা জনগণের প্রতি অমানবিক। সাধারণ মানুষ মনে করে আমলারা কিছু করছে না। আমলারাই নষ্টের মূল। কেন? এই প্রশ্নের জবাব রয়েছে হেগেল এবং মার্ক্সের লেখায়।

হেগেল তার ‘Philosophy of Right’ বইতে ‘State is the actuality of the ethical idea’, হিসেবে উল্লেখ করে রাষ্ট্রকে মানুষের নৈতিক যুক্তির বাস্তব রূপায়ন হিসেবে দেখেছেন। তিনি আমলাদের তুলনা করেছেন যাজকদের সাথে। তার মতে আমলারা হলেন রাষ্ট্রের যাজক। একজন যাজক যেমন ঐশ্বরিক সর্বজনীন সত্য ইন্টারপ্রেট করার মাধ্যমে মানুষের দৈনন্দিন জীবন বাস্তবতা এবং ডিভাইন ল’য়ের মধ্যে মধ্যস্ততা করেন, তেমনি আমলারা রাষ্ট্র ও সমাজের সর্বজনীন ইচ্ছা ও নৈতিক যুক্তির সাথে ব্যক্তি মানুষের নাগরিক অধিকার এবং নাগরিক স্বার্থের মধ্যস্ততা করেন। তারা আইনের সেবক, যারা সর্বজনীন যুক্তিসিদ্ধ আইনের প্রতি শ্রদ্ধাশীল। হেগেল রাষ্ট্রকে যে চিদাত্মা হিসেবে দেখেন, সেখানে রাষ্ট্র শুধু ক্ষমতার যন্ত্র নয়, ঐশ্বরিক আদেশের অধীন নৈতিক যুক্তির বিকশিত রূপ। তাই তাদের কাজ ব্যক্তি স্বার্থে নয়, সর্বজনীন স্বার্থে। রাষ্ট্রের যুক্তি ও নিয়ম কার্যকর করার মাধ্যমে তারা রাষ্ট্রের পবিত্রতা রক্ষা করে, যেন রাষ্ট্রের শৃঙ্খলা ভেঙে না পড়ে।

জনগণের সাথে রাষ্ট্রের সম্পর্ক কেমন হবে? এটা নিয়ে তিনি বলেছেন, Once the state has been founded, there can no longer be any heroes. They come on the scene only in uncivilized condition. অর্থাৎ রাষ্ট্র গঠনের পর সবাই আইন ও প্রতিষ্ঠানকে মান্য করবে। আইনের অধীনে চলে যাবে। রাষ্ট্র প্রতিষ্ঠা পাওয়ার পূর্ব পর্যন্ত রাষ্ট্রের মালিক হবে জনগণ। রাষ্ট্র প্রতিষ্ঠা পাওয়ার পর এর মালিক হবে সর্বজনীন আইন ও আইনের দ্বারা পরিচালিত প্রতিষ্ঠান। সেখানে কোনো হিরু, অবতার বা গোত্রপিতা থাকবে না। দেশি প্রতিষ্ঠানের প্রতি নাগরিকের আস্থা এবং সহযোগিতা থাকতে হবে। যেন রবীন্দ্রনাথের সেই গানের মতো, আমরা সবাই রাজা আমাদেরই রাজার রাজত্বে। আইনকে রাজা মানার মধ্য দিয়ে সবাই রাজ্যের মালিক হবে। তিনি একই বইতে লিখেছেন, War should be not waged against domestic institutions, against the peace of the family and private life, জাতীয় প্রতিষ্ঠান, পরিবার ও ব্যক্তিগত জীবনের বিরুদ্ধে যুদ্ধ করা উচিৎ নয়। কারণ রাষ্ট্রের শক্তি নির্ভর করে মানুষের ব্যক্তিগত স্বার্থের সাথে জনগণের সামষ্টিক স্বার্থের ঐকতানে।

কার্ল মার্ক্স আইনের প্রতি আমালাদের এমন শ্রদ্ধাশীলতাকে ‘ধর্মনিরপেক্ষ ধর্মে’র সাথে তুলনা করেছেন। কারণ, যাজকগন যেমন ঐশ্বরিক সত্যের রক্ষক ও সেবক, আমলারা আইনের সেবক। তারা আইনের সেবা করতে গিয়ে নৈর্ব্যক্তিক হয়ে পড়ে এবং জনগণ হতে বিচ্ছিন্ন হয়ে পড়ে। আইনের প্রতি শ্রদ্ধা শুধু মানুষের মধ্যে নয়, আমলাদের নিজেদের মধ্যেও বিচ্ছিন্নতা তৈরি করে।

আমলারা মনে করে তারা কেবল আইন প্রয়োগ করছে, এতে তাদের ব্যক্তিগত দায় নেই। কিন্তু সেই আইন মানুষের বাস্তব জীবন, দুঃখ ও বৈষম্যের প্রতি সংবেদনশীল কিনা, সেটা দেখা হয় না। ফলে আমলারা তাদের আইনানুগ কাজের মাধ্যমে মানুষের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। সে আর মানুষ দেখে না—দেখে ফাইল, ধারা, নিয়ম ইত্যাদি। কার্ল মার্ক্স মানুষের দু:খ বোঝার চেয়ে আইনের ধারা ও ফাইলের প্রতি অধিক গুরুত্ব দেওয়ার ব্যাপারটাকে বলেছেন alienation বা বিচ্ছিন্নতা। কারণ আইনের যে স্থিতিশীল নৈতিক অবস্থান, সেটা মানুষের গতিশীল জীবন-বাস্তবতার অনুরূপ নয়।

মার্ক্স আইনি নিরপেক্ষতার মুখোশ খুলে দেন, এই বলে যে, এ ধরনের আপাত নিরপেক্ষ রাষ্ট্র আসলে শ্রেণিভিত্তিক সমাজের ফল। আইন, রাষ্ট্র, আমলাতন্ত্র—সবই শেষ পর্যন্ত শাসক শ্রেণির বা মধ্যবিত্ত্বের স্বার্থ রক্ষা করে। আইন মধ্যবিত্ত শ্রেণির স্বার্থের মুখোশ। আইন নিজেকে দেখায় “সবার জন্য সমান” হিসেবে। যেমন, রাষ্ট্রের আইন অনুযায়ী সবাই সম্পত্তির অধিকারী হতে পারে। কিন্তু বাস্তবে সম্পত্তি কার হাতে? যারা আগে থেকেই পুঁজির মালিক। তাই আইন নিরপেক্ষ দেখালেও আসলে তা বিদ্যমান শ্রেণি-সম্পর্ককে টিকিয়ে রাখে। আইন এখানে ন্যায়ের প্রতীক নয়, বরং শোষণকে বৈধ করার পরিশীলিত ভাষা।

হেগেল মনে করেন আমলারা রাষ্ট্রের নৈতিক যুক্তির বাহক। অন্যদিকে মার্ক্স মনে করেন আমলারা সেই আইনের বাহক, যা শাসক শ্রেণির স্বার্থকে ‘সার্বজনীন ন্যায়’ হিসেবে সাজিয়ে তোলে।

হেগেলের দর্শনের কেন্দ্রে আছে যুক্তি। তার মতে ইতিহাস কোনো এলোমেলো ঘটনা নয়; ইতিহাস এগোয় যুক্তির বিকাশের মধ্য দিয়ে। রাষ্ট্র কেবল শাসনযন্ত্র নয়, রাষ্ট্র হলো এমন এক জায়গা যেখানে ব্যক্তিস্বার্থ পরিশুদ্ধ হয়ে সার্বজনীন স্বার্থে রূপ নেয়। হেগেল বুঝতেন—নির্বাচিত সরকার একা রাষ্ট্র চালাতে পারে না। দরকার একটা স্থায়ী, শিক্ষিত, নিয়মবদ্ধ শ্রেণি: আমলাতন্ত্র।

আমলারা নির্বাচনের আবেগে ওঠানামা করে না। তাদের ব্যক্তিগত লাভের জন্য কাজ করার কথা নয়। তারা আইন ও নিয়ম রক্ষার মাধ্যমে রাষ্ট্রের ধারাবাহিকতা বজায় রাখে। এ কারণেই তিনি তাদের বলেন “রাষ্ট্রের যাজক”। যাজক যেমন ঈশ্বরের ইচ্ছার বাহক, আমলারা তেমনি রাষ্ট্রীয় যুক্তির বাহক। কিন্তু মার্ক্স এই বিশ্বাসটাই ভাঙা দরকার বলে মনে করেন। মার্ক্স বলেন, মূল সমস্যাটাও এখানেই। মার্ক্সের মতে, রাষ্ট্র মানুষের বাস্তব সামাজিক সম্পর্কের ফল, তার ওপরে দাঁড়িয়ে থাকা কোনো নৈতিক আত্মা নয়। রাষ্ট্রের পেছনে আছে, উৎপাদন ব্যবস্থা, শ্রেণি সম্পর্ক এবং ক্ষমতার অসম বণ্টন।

আমলাদের জনবিচ্ছিন্নতার একটি সুস্পষ্ট কারণ হলো, তারা মানুষের প্রয়োজন মেটায় না, আইনের দাবি মেটায়। তারা সমস্যার সামাজিক কারণ দেখে না, ফর্মের ঘাটতি দেখে। দায়িত্ব নেয় না, “নিয়ম” দেখায়। ফলে এতে তিন স্তরের বিচ্ছিন্নতা তৈরি হয়; ক) মানুষ থেকে বিচ্ছিন্নতা, খ) নাগরিকগণ যেন ব্যক্তি নয়, কেস নম্বর গ) নৈতিক দায় থেকে বিচ্ছিন্নতা। ন্যায়বোধের জায়গায় বসে প্রক্রিয়াগত শুদ্ধতা রক্ষা করে আইনের সেবক হতে গিয়ে জনগনের ভোগান্তির প্রতি সংবেদনশীল না থাকা।

মার্ক্স আইনকে দেখেন একটা ধারণাগত পর্দা হিসেবে, যা শ্রেণি সম্পর্ককে অদৃশ্য করে। আইন শোষণকে বৈধ করে এবং এটাকে “সাধারণ নিয়ম” হিসেবে উপস্থাপন করে। এভাবে আইন মূলত শোষণের মুখোশ হিসেবে কাজ করে। হেগেলের কাছে রাষ্ট্র হলো নৈতিক যুক্তির বাস্তব রূপ। শ্রেণি শাসনের সংগঠিত কাঠামো। আমলারা কার সেবক? সেবক সার্বজনিক স্বার্থের, শাসক শ্রেণির আইনের, যে আইন নিজেই ক্ষমতার মুখোশ।
দেশে যখন কোনো দুর্ঘটনা ঘটে, কেউ দুর্ঘটনায় মারা যায়, তখন একটি তদন্ত কমিটি হয়। তারা তদন্ত প্রতিবেদন দেয়। সুপারিশ দেয়। কিছু বাস্তবায়িত হয়, কিছু হয় না। কিছুদিন পর কারখানা নতুনভাবে চালু হয়। মালিক একজন প্রভাবশালী ব্যক্তি। তাহলে, আমলারা কী করছে? সে আইনের ভাষায় সত্য বলছে। কিন্তু শ্রমিকের বাস্তব জীবনের মূল্য সেখানে অনুপস্থিত। আমলারা নিয়ম মেনে রাষ্ট্রের নৈতিকতা রক্ষা করছে। কিন্তু আইন পুঁজির ক্ষতি না করে শ্রমিকের ক্ষতকে “প্রসিডিউর” বানিয়ে ফেলে।

ভূমি অধিগ্রহণের ক্ষেত্রেও দেখা যায়, Land Acquisition Act অনুযায়ী ক্ষতিপূরণ দেওয়া হয়। আমলারা কাগজে সই করে। রাষ্ট্রের পক্ষ থেকে জমির বিপরীতে টাকা দেওয়া হয়।কিন্তু চাষী ও কৃষকের যে জীবিকা ধ্বংস হয়ে যায়, সামাজিক জীবন-সংস্কৃতি ধ্বংস হয়ে যায়, তা কেবল ক্ষতিপূরণ দিয়ে ফেরানো যায় না। এখানে আইন উন্নয়নকে “জাতীয় স্বার্থ” বলে পবিত্র করে দেয়, অথচ বাস্তব ক্ষতিকে অদৃশ্য করে। এভাবে আইনের সেবক বনাম জনগণের সেবক, এ দুই সত্তার দ্বৈরথে আমলাতন্ত্র যেন মেশিন না হয়ে কিছুটা সজীব, গতিময় ও সংবেদনশীল হয়, মানুষ সেটাই চায়।

The following two tabs change content below.
Avatar photo

সরওয়ার কামাল

লেখক, গবেষক। পড়াশোনা করেছেন চট্টগ্রাম ইউনিভার্সিটিতে।
Avatar photo

Latest posts by সরওয়ার কামাল (see all)