আমারে ছাড়া
আলটিমেটলি তুমি তো পথ খুঁজে পাইবাই
শুধু আমারে ছাড়া
তুমি তো বিষাদের মাঝে চাকচিক্যরে খুঁজে নিবাই
তোমার সকল আনন্দ দিয়া
আলটিমেটলি তুমি তো অন্য কাউরেই চাইবা
শুধু আমারে না চাইয়া
আমার ট্রলি ভরতি প্রেম ফালাই দিও
তোমার দেখা শ্রেষ্ঠ হাবিয়ায়
আলটিমেটলি তুমি তো কারো প্রেমে পরবাই
শুধু আমার প্রেমে পড়া ছাড়া
সকল ফিলিং
আমার সকল এক্সপেকটেশন ভাসাই দিলাম
তোমার সকল চাওয়া না চাওয়ার মধ্যে
তুমি একটা একটা করে তুলে নিলা তোমার পিরিতের পাত্রে
যেই পাত্রতে তোমার সকল ডিজায়ার
আমারে আক্রান্ত করে
যেখানে কেবল তোমার লালসাভরা চোখ
আর তোমার গটগট ভাবনা
বন্ধু, তুমি একটা ভেজা হাঁসের উপর ফোটা ফোটা পানি হয়া যাও
আমি না হয় তোমার পাখায় আমার সকল ফিলিং গুজাইলাম
বাতাস
বাতাসে কতগুলা চুল আমার নরম গালে কবিতা লিখতাছে
আমি চোখ বুইজা আছি তাদের কবিতা লেখা শেষ হওয়া পর্যন্ত
সার্কেল
দিনের শুরুর আজানের সাথে যেন মিলায়া যায় আমার সমস্ত ধুকপুক চিন্তা
মসুরির ডাইল ফোটার মতন তারারাও মিইশা যায় মাথার মধ্যেকার আসমানে
একটা চেইন ছিড়া সাইকেল চলতে থাকে আমার অন্তরের আইল ধইরা
কতগুলা চাইল সেদ্ধ না হয়াই চোখ দিয়া নামতে থাকে গরম ভাতের ফোয়ারা
এরপর
কঠর অন্ধকারের মতন কইরা সব কালা গুলাও আমি হয়া যাইতে থাকি
আবার একটা দিন শুরুর আজানের অপেক্ষায়
নার্ভাসনেস
কতগুলা নার্ভাসনেস ঘাস
আমার হাতেপায়ে ছড়ায়া আছে
তাগোরে খাওয়ার জন্য কোন
গরু বা ছাগল আসতেছেনা
একটা একটা করে তারা ছড়ায়া যাচ্ছে
মগজ থেকে অন্তরে
আমি তাগো সাথে কথা কইতে যাই,
আমারে তারা ভয় দেখায়
ডিপ্রেশন গাছের ফল খাওয়ার জন্য
আমি সইরা আসতে চাইলে,
তারা আমারে নার্ভাসনেসের দরদ খাওয়ায়
বালুসাই মিষ্টি দিয়া
প্রেমিক
প্রেমিক? আপনি ভয়ে কাঁইপা ওঠেন
যেন আমি প্রজাপতির মতন
ছুইটা আইসা চুমু খাইতে পারি
আপনার ভয় পাওয়া তুলশি কপালে
ভ্যালেন্টাইন্স ডে
ভ্যালেন্টাইন্স ডে এর সব লালগুলা
আমারে আইনা দিলা ঢাকা শহরের অলিগলি থেইকা
আমার চোখ জ্বলতেসে লালের বাহারে
তুমি ধুতুরা ফুলের মতন হাসি দিয়া
তোমার ভালোবাসার কথা কইলা
আর লালগুলা ঢাইলা দিলা গায়ের উপর
আমি ওইসব লালে হারায়া ফেলি
ভ্যালেন্টাইন্সের ফিলিং
তোমারে দেখি
তুমি চোখ বন্ধ কইরা রাখলা
যেন সকল ক্লান্তি নাইমা গেলো
তোমার চোখের ভিতর থেইকা পায়ের পাতায়
তোমারে নিয়া যাইতেসে টেকনাফ থেইকা সেন্টমার্টিন
তুমি বসন্তের সকালের মত আরাম হয়া ওঠো
যেন তোমারে দেইখাই ঢাকা শহরের কাক হয়া যাই
আর কানের কাছে কা কা না কইরা ঘাপ্টি মাইরা থাকি
তাকায়া থাকা
তোমার ভাবনা গুলি একে একে মিলায়া যায়
আমার তাকায়া থাকার মইধ্যে দিয়া
তুমি বইসা থাকো জিয়লমাছের মতন তোমার সকল স্থিরতা নিয়া
তুমি হারায়া যাইতে চাও টমটমের শব্দে বা পরিবেশের নরম আলোর সঙ্গী হয়া
আমি তোমার দিকে তবু তাকায়া থাকি আমার
কাচাঝালের মতন চোখ দিয়া
তুমি আমার দিকে তাকাইলা আর পিরিত বোনতে শুরু
করলা তোমার ডাইন হাতের আঙুল দিয়া
যেন তুমি হইয়া যাই
কাঁচা বাজারের ব্যাগ ভরতি মেঘ নিয়া
দাঁড়াইয়া থাকি তোমারে নান্দনিক করার জন্য
তুমি হাইসা দিয়া মেঘের মধ্যে ঢুইকা যাও
যেন মেঘটাই আমি হইয়া যাই
তোমার শার্ট পরা বুতামের হুঁক দিয়া
সকল ঠান্ডা হইয়া আমি ঢুইকা পড়ি
ওই তাড়াহুড়া বুকের ফাঁকে
যেন সকল তাড়াহুড়াই আমি হইয়া পড়ি
সিমের বিচির মতন কইরা তোমার অন্তরে
বিস্তার করি আমার সকল রোমান্টিকতা
তুমি তরকারির ঝোলের মত কইরা ভালোবাসো আমারে
যেন ঝোলের মতন কইরাই ভাইসা থাকি তোমার প্রেমের থালায়
সিনথিয়া ইসলাম
Latest posts by সিনথিয়া ইসলাম (see all)
- সিনথিয়া ইসলামের কবিতা - ফেব্রুয়ারি 26, 2022