সে কি ফিরবে না?

সেই কবে
পদত্যাগ কইরা গেছি
ফুল থেইকা
ঘ্রাণ থেইকা
নবজাত সকালের রোইদ থেইকা
ম্যাগনোলিয়ার মন।

ইচ্ছা, কল্পনা, উঠানভর্তি সোনালী ফসল
দাদিমার ঝাঁরফুক
সাথে আরবী ছবক,
বাবার শাহাদাত আঙুল ধরা হাতে
মুখে কালিমা।

কত তোড়জোড় হুলস্থুল মায়া
কত শালিক, টিয়া কামরাঙা গাছ হতে
পদত্যাগ করে গ্যাছে
বহুআগে,
সে কি ফিরবে নাহ?
ফিরবে নাহ সকালের শিশিরের সাথে?

 

একটা পাথর

তোমারে ভুইলা থাকলে
হৃদয়ডা ফাঁ কা হয়া পড়ে
ওজন কইমা যায় আমার!

তোমারে ভুইলা থাকলে
মনে জায়গা কইরা নেয়
বেহুদা আলাপ,কটরমটর জিনিসপাতি!

তুমি কই থাকো আমি বুঝিনাহ!

শহরে অনেক ধূলা, তাড়াহুড়া
দূরে থাকলে বাইড়া যাবে অনাদর,
আসো, থাকো তুমি আমার ভিতর
হইয়া ওজনদার একটা পাথর!

 

সফল জীবন

একধরনের জীবন আছে
তাড়া কইরা বেড়ায়
-দিগ্বিদিক,
রোইদ থেইকা আন্ধার পর্যন্ত
যেন সে এক্টা পাগলা কুকুর।

এই রকম জীবনকে সফল জীবন বলে লোকে।

 

সকালের নাস্তার আপেল

সকালের নাস্তার আপেল
স্মৃতির ছুরি দিয়া কাটলাম
দুইভাগ করলাম
আলাদা হয়াও পাশাপাশি থাকলো

রেললাইনের দুই পাত যেন,

এক পাশে তুমি বইসা আছ
হলুদ জামাটা গায়
অন্য পাশে আমি
আর আমগো চোখের
সামনে
পরাণের
ভিতর
বাহির
পাথর।

 

লেয়ারের মাংসের মতন

লেয়ারের মাংসের মতন
আটকাই আছি
তোমার দাঁতের চিপায়।

সেলাই হয়া আছি
বালিশের ভিতর
তোমার মাথার নিচে
আমি যেন শিমুল তুলা।

হাওয়া হয়া আছি
তোমার বৈকালিক ভ্রমণের
টয়োটা গাড়ির চাকার ভিতর।

আমি ফুরাই যাচ্ছি
হইতাছি ক্ষীণকায়
আমারে বাহির করো
কলমের কালির মত
স্পষ্ট কইরা তোলো
লেখার সাদা পাতায়।

আমারে ছাপাও
বাইন্ডিং করো
মোড়ক উন্মোচন কইরা
আমারে ছড়ায়া দাও
মানুষের কথায় কথায়।

 

মেটাম্যান

কালা ছিলাম
হলুদ হয়া গেছি
তোমার প্রেমে।

পানি ছিলাম
বাষ্প হয়া উইড়া যাইতাছি
বায়ুমন্ডলে।

তার হৃদয়পটে ছিলাম
এহন চিনির পটে
পিঁপড়া হয়া আছি।

বেকার ছিলাম শীতে
বসন্তে
আকার রূপে আছি
হাজার বছর ধইরা হাঁটিতেছি
পরাইতে তোমার গলায়
ভালবাসার অমল মালাগাছি।

 

স্মরণে রাখো

আমার লাইগা
তোমার পাড়ার স্নাতক কুকুরেরা
তোমারে ডাকে সারারাত
একাডেমিক ভাষায়, ভঙ্গিতে
যেন আর কেউ না বোঝে।

আর সকালবেলা
ওদের নাস্তা করাই আমি।
ওরাও বোঝে
আমার মন একটা ভালবাসার কুকুর।

 

রোইদ

অনেক রোইদে
ফুলের পাপড়ির মত শরীর আমার
পুইড়া যাইতেছে।
আম্মা
একবার তাকাও আমার দিকে
তোমার চোখে অনেক মেঘ
আমারে ঢাইকা দাও।

The following two tabs change content below.
Avatar photo

জাকির হোসেন

জন্ম: লক্ষীপুর। পড়াশুনা : চবি, দর্শন বিভাগ। সমাজ, রাজনীতি, দর্শন,ও সাহিত্য নিয়ে আগ্রহী। একজন সাধারণ অবজারভার।
Avatar photo

Latest posts by জাকির হোসেন (see all)