তর্জমাকারের ইন্ট্রো
তখন ইংল্যান্ডে আছিলো ভিক্টোরিয়ার আমল। আর ভিক্টোরিয়ার আমলের বৈশিষ্ট্য হইলো নৈতিক জোশ আর উইটিলিটারিয়ানিজম বা উপযোগবাদ। ভিক্টোরিয়ান আমলের “নৈতিক জোশে”র একটা ব্যাপার হইলো তারা বিশ্বাস করতো আর্ট, সাহিত্য, আর বাদ বাকি মানুষের করার যা কিছু আছে সব একটা পাকাপাকি নৈতিক আখলাকরে, — সততা, পরহেযগারী, মেহনত আর সংযমরে — কায়েমের কাজে মশগুল থাকবো, থাকা লাগবো। এই জোশের দোসর উপযোগবাদ সবকিছুরে মাপতো জিনিসগুলা হাতেনাতে কতটুক কামে আসে বা সমাজের উপকারে আসে এই হিসাবে। এই দুই মাপকাঠি মিল্যা যেই একটা সামাজিক পরিবেশ কায়েম করছিলো সেইখানে আর্টরে মাপা হইতো আর্টের মোরাল মেসেজ আর সমাজের উপকারের বিচারে। এই ধরনের চিন্তা-ধারা যদিও সংস্কার বা নিয়ম-কানুন জারি রাখার লাগি উপযুক্ত কিন্তু বেশিরভাগ সময়ই আর্টের খেয়ালী, আয়েসী, সাফ এস্থেটিক গুণগুলার জন্য এই চিন্তা-ধারার মধ্যে কোনো জায়গা থাকে না।
এই দুইটা বৈশিষ্ট্যর এন্টিতে রিয়েকশন হিসাবে উনিশ শতকের শেষ দিকে উদয় হইলো এস্থেটিক মুভমেন্টের। এই আন্দোলনের মেইন “কলমা”-টারে প্রায় সময় এমনে কওয়া হয়, “আর্টের ওয়াস্তে আর্ট।” মানে আর্টেরে দাম দিতে হইবো তার সৌন্দর্য আর চামড়া-চক্ষেরে দেওয়া মজার হিসাবে, কোনো নৈতিক, পলিটিকাল, বা প্র্যাক্টিকাল উপকারের বিচারে না। পুরানা ক্লাসিক আর ডেকোরেটিভ আর্ট থিকা ইন্সাপায়ার হইয়া এই আন্দোলন পাক-সাফ করা স্টাইল, দেহাতি রূপ, আর আর্টিস্টিক এক্সপ্রেশনের আজাদীর জয় গায়া গেছে। এস্থেটিসিজমের সাথে জড়িত লেখক, পেইন্টার, ডিজাইনাররা আর্টরে আনন্দ, আবেগ আর কল্পনার মধ্যে দিয়া বাস্তবতা থেকে পলায়া যাওয়ার পথ হিসাবে তুইলা ধইরা শিক্ষামূলক হওয়ার পাবন্দি থেকে ছাড়া পাওয়ানের চেষ্টা করছেন।
সৌন্দর্যের কোনো জাস্টিফিকেশনের পাবন্দি নাই এমন ভাবঅলা কালচারাল পরিবেশের মধ্যে অস্কার ওয়াইল্ড আইলেন এস্থেটিসিজমের সবচেয়ে জ্বলজ্বলা নায়ক হিসাবে। এস্থেটিক মুভমেন্টের পাব্লিক ভয়েসের সবচেয়ে পরিষ্কার আহ্লাদী গলা হইলো অস্কারের। তার চাল-চলন, লেখালেখিত এই মতবাদেরই সব ডিটেইলরে এলান করে গেছে, সৌন্দর্যই হইলো সবচেয়ে উঁচা মঞ্জিল আর আর্টিস্টের কাম কাউরে উপদেশ দেওয়া না, বরং মোহিত করা। অস্কারের প্রবন্ধ, নাটক, আর উপন্যাস The Picture of Dorian Gray এই মুভমেন্টের আকিদাগুলারেই বার বার ফুটায়ে তুলে, স্টাইলের সুপ্রিমেসি, কারুকাজের মশক, আর নৈতিক শিক্ষামূলক আর্টের রিজেকশন। তার চাতুরি, ধাঁধা, আর চুটকি এস্থেটিসিজমরে হাতে গোনা কিছু আর্টিস্টের আকিদা থেকে বাইর করে আইনা সাধারণ মানুষের পছন্দ আর তর্ক-বিতর্কের বিষয় বানায়া দিছে, যেই কারণে “আর্টের ওয়াস্তে আর্ট” কথাটা তার নামের সাথে আজীবনের লাগি জুড়ে গেছে।
১৮৯১-এ বাইরইলো অস্কারের প্রবন্ধ সংগ্রহ Intentions আর এর একটা অংশ হইলো এই বই, The Critic as Artist বা আর্টিস্ট হিসাবে ক্রিটিক। আর্নেস্ট আর গিলবার্টের মধ্যে আলাপের ধাঁচে লেখা। আলাপে আলাপে দুই বন্ধু তখনকার চলতি ধ্যানধারণাতে আর্টের মধ্যে ক্রিটিসিজমের অবস্থানরে নীচা করে দেখারে চেলেঞ্জ করতেছে। আর্টরে কোনো চরিত্র ঠিক করার নছিহত হিসাবে ট্রিট করতে অস্বীকার কইরা মোরাল আর্ট মানে ভালা আর্ট হইবোই কিনা এমন খোলাখুলি প্রশ্ন তুইলা অস্কারের আর্গুমেন্ট ওই আমলের নৈতিক নিষ্ঠার মুখের উপ্রে চড় মারতেছে। তার আর্গুমেন্টগুলা ইউটিলিটারিয়ানিজমের আর্টরে সামাজিক উপকারের পাল্লায় মাপার দাবির উল্টা দাবি করে যে, সবচেয়ে উঁচা দরজার আর্ট পুরাই আকাইম্মাও হইতে পারে, যার অস্তিত্বের একমাত্র উপকার হইলো মনের আনন্দ আর কল্পনার উদ্দীপনা।
তার ওপর অস্কারের দাবি হইলো, ক্রিটিসিজম আর্টের উপ্রে বাঁইচা থাকা কোনো পরগাছা না, বা ধান ভানলে চালের সাথে বাইর হওয়া কুঁড়া না। ক্রিটিসিজম নতুন কোনো কিছু সৃষ্টি করার সমান মাপেরই কাজ। কোনো কোনো ক্ষেত্রে যেই আর্টওয়ার্কের ক্রিটিসিমজ করে লেখা তার চেয়েও বেশি ইমেজিনিটিভ। অস্কারের কাছে, ক্রিটিক তার আপনা বিচারেই একজন আর্টিস্ট যে অর্থরে নতুন আলোতে দেখায়, না দেখা গভীরতাগুলারে তলায়ে দেখায়, সৃষ্টি হইয়া যাওয়ার পরেও আর্টওয়ার্কগুলার মধ্যে নতুন রুহু ফুঁকে দেয়। তখনকার চলতি ভিক্টোরিয়ান চিন্তা-ধারায় ক্রিটিকরে মামুলি বিচারক বা দাড়োয়ানের মত করে দেখা জায়গা থেকে এমনে সরে আসাটা আছিলো প্রায় উস্কানিমূলক। ভক্তরা এই আইডিয়ারে দেখছিলো আজাদী হিসাবে, আর্টের ফর্মের বদলে আর্টের সাথে ইন্টেলেকচুয়ালভাবে সাক্ষাত করারে উঁচা দরজা দেওয়া হিসাবে। হেটার্সরা, কিন্ত অস্কাররে ঠিকই অসংযমী আর আর্টিস্টের গুরুত্বরে ছোট করে দেখাইতে চাওয়ার দোষে দোষী কইছে। তার থিওরিরে অধপাতে যাইতে থাকা এস্থেটিসিজমের আরেকটা লক্ষণ কইয়া তুচ্ছ করছে।
এই প্রবন্ধ এস্থেটিক মুভমেন্টের সৈনিকরার উৎসাহের উৎস হওয়ার পাশাপাশি মুভমেন্টের আদর্শগুলার প্রতি সন্দেহবাদীরার মুখের উপ্রে কড়া জবাব।
…
আর্টিস্ট হিসাবে ক্রিটিক
সাথে না-কিছু করার গুরুত্বের উপ্রে কিছু কথা
আলাপ-আলোচনা : পয়লা অংশ।
মানুষ : গিলবার্ট আর আর্নেস্ট।
সিন : পিকাডিলির এক বাড়ির লাইব্রেরি,
বাইরে গ্রিন পার্ক দেখা যাইতেছে।
(পিয়ানোতে বসে) গিলবার্ট। মাই ডিয়ার আর্নেস্ট, কি দেখে এমনে হাসতাছস?
আর্নেস্ট (মুখ তুলে তাকায়া)। তর টেবিলের উপ্রে রাখা রেমিনিসেন্সের এই খণ্ডর থেকে জবরদস্ত একখান গল্প পড়ে হাসতেছি।
গিলবার্ট। কোন বইটা? ও! এইটা। এখনও পড়ে দেখি নাই। কেমন? ভালা নাকি?
আর্নেস্ট। উমম্… তুই পিয়ানো বাজাইতেছিলি সময় পাতাগুলা উল্টায়ে দেখতে মজা লাগতেছিলো, যদিও নিয়ম-মাফিক আমি আসলে আধুনিক স্মৃতিকথা পছন্দ করি না। এইগুলা বেশির ভাগ সময় এমন লোকজন লেখে যারা এক হইলে একবারেই স্মৃতি-টিতি হারায়া ফালাইছে, আর নাইলে কোনোদিন মনে রাখার মত কিছু করেই নাই; এইটাই, আসলে, এরার এত জনপ্রিয়তা পাওয়নের পিছের ব্যাখ্যা, কারণ ইংরেজ পাব্লিক সস্তা কথা শোনার মধ্যেই সবচেয়ে বেশি স্বস্তি পায়।
গিলবার্ট। হ: পাব্লিক আসলেই আচানক রকমের গা-সওয়া। এরা মেধা বাদে সবকিছুরেই মাফ করে। কিন্তু আমি সত্যিটাই স্বীকার করমু, আমার আসলে সব স্মৃতিকথাই ভালা লাগে। বইয়ের ভিত্রের জিনিসের জন্য যতটা ভালা লাগে, লেখার ধাঁচের কারণেও ঠিক ততখানিই ভালা লাগে। সাহিত্যের মধ্যে সাফ গরিমাবাজিরও একটা মজা আছে। সিসেরো আর বালজাক, ফ্লাউবার্ট আর বের্লিওজ, বাইরন আর মঁদাম দ্য সেভিগ্নের মত পুরাই আলাদা আলাদা পার্সোনালিটির লেখার মধ্যে এই জিনিসটাই আমারারএ এত টানে। যখনই আমরা গরিমাবাজির সামনাসামনি হই, আর, আচানক ভাবে, গারিমাবাজির দেখা পাওয়াও ভালোই মুশকিল, কিন্তু পাইলে ওইটারে কদর না করে পারি না, আর সহজে ভুলতেও পারি না। মানুষ রস্যুরে তার গুনাগুলা কোনো পাদ্রির বদলে জগতের সামনে স্বীকার করে যাওয়ার জন্য আজীবন মহব্বত করবো, আর কাঁসার মধ্যে পিটায়া রাজা ফ্রান্সিসের প্রাসাদে আটকায়ে রাখা হেলান দিয়া শোয়া সেলিনির হাতের অপ্সরীগুলা, সবুজ সোনালী পার্সিউস, এমনকি, ফ্লোরেন্সের যেই খোলা বারান্দা চান্দরে জীবন পাত্থর বানায়া দেওয়া মরণ বিভিষিকা দেখায়, ওইটাও মানবজাতিরে এত রস দিতে পারে নাই যতটা রেনেসাঁর সর্বোচ্চ বখাটে তার আত্মজীবনীতে আড়ম্বর আর শরমের কাহিনীতে দিতে পারছে। লোকটার মতামত, চরিত্র, অর্জন, কোনোটাই তেমন একটা মেটার করে না। সে তমিজদার স্যুর দ্য মন্টেইনের মত সন্দেহবাদীও হইতে পারে, আবার মনিকার জঘন্য পোলার মত অলি-আউলিয়াও হইতে পারে, কিন্তু যখন সে তার নিজের গোপন কথাগুলা কয় তখন প্রত্যেকবারই কি জানি এক জাদুতে শুনতে থাকার জন্য আমরার কানগুলারে খাড়া আর ঠোঁটগুলারে চুপ করায়ে দেয়। কার্ডিনাল নিউম্যানের রিপ্রেজেন্ট করা চিন্তার ধারাটা— যদি এইটারে খোদ আক্কেলের শ্রেষ্ঠত্বরে অস্বীকার করা দিয়া আক্কেলি মছলার মাসায়েল বাইর করার চিন্তাধারা বলা যায়— টিকা থাকবো না, আমার মনে হয়, থাকতে পারবো না। কিন্তু দুনিয়া কোনোদিন ধাক্কাখাওয়া আত্মার আন্ধার থেকে আরো আন্ধারে আগাইতে থাকা দেখতে দেখতে ত্যক্ত হইবো না। লিটলমোড়ের একলা চার্চটা, যেইখানে “সকালের নিঃশ্বাসটা ভিজা, আর ভক্তের সংখ্যা কম,” সব সময়ই দুনিয়ার কাছে প্রিয় থাকবো, আর যখনই ট্রিনিটির দেওয়ালের গায়ে মানুষ শণিপাতি ফুলগুলারে ফুটতে দেখবো তখন ওই পড়ুয়ার কথা মনে করবো যে ফুলগুলার মধ্যে এক ভবিষ্যদ্বাণী দেখতে পায়ছিলো যে, তার আমলের দয়াময়ী-মায়ের আঁচলে সে আজীবন থাকতে পাইবো— যেই ভবিষ্যদ্বাণীরে, একিন তার হেকমত অথবা পাগলামির কারণে, পুরা করার মেহনত করেন নাই। হ: আত্মজীবনীর টান ছাড়ানো মুশকিল। বেচারা আবুদ্ধিয়া দেমাগী মি. সেক্রেটারি পেপিস বকবক করতে করতে দেবতারার গণ্ডির ভিত্রে জায়গা করে নিছেন, আর, বেটাগিরীর বেশ অর্ধেকই আসলে গোঁয়ার্তুমি এই দিকে ওয়াকিবহাল থাইকা, দেবতারার মধ্যে হৈচৈ করতেছেন, “সোনালী বোতাম আর পেচানো লেসের লোমঅলা বেগুনী আলখেল্লা”টা, যেইটার কথা কওয়ার জন্য উনি পাগল, গায়ে দিয়া শরীর ভর্তি আরাম নিয়া, নিজের আর সাথে আমরারও, অফুরান মনের সুখে তার বৌয়ের জন্য কেনা ইন্ডিয়ান নীল সায়াটা, তার পছন্দের “শুকরের উমদা কলিজা-গুর্দা” আর “উমদা সিনার গোস্তের ফরাসি ফ্রিকেস”, উইল জয়সের লগে বৌল খেলা, আর “সুন্দরিরার পিছে পিছে ঘুরাঘুরি,” রোববারের দিনে হ্যামলেট আবৃত্তি, হপ্তার দিনগুলায় বেহালা বাজানো, আর-আর ফালতু আর আজাইরা কাজকারবার নিয়া বকর বকর করে যাইতেছেন। এমন কি বাস্তব জীবনেও গারিমাবাজির টানটা কম না। মানুষ যখন অন্যরার ব্যাপারে আমরার সাথে কথা কয় তখন বেশির ভাগ সময় পাংসা লাগে। যখন নিজেরারে নিয়া কথা কয় তখন প্রায় সব সময়ই ইন্টারেস্টিং লাগে, আর যদি ত্যক্ত লাগতে থাকলে চুপ করায়া দেওয়া যাইতো, যেমন বই পড়তে পড়তে ত্যক্ত লাগলে ঠাস করে বন্ধ করে দেওয়া যায়, তাইলেই ওই লোকগুলার কথার মধ্যে কোনো খুঁত থাকতো না।
আর্নেস্ট। টাচস্টোন হইলে কইতো, খুবই ভালা হইতো, যদি। কিন্তু তুই কি সিরিয়াসলি কইতে চাইতেছস যে প্রত্যেকের নিজেই নিজের বসওয়েল হইয়া উঠা দরকার? তাইলে পরে আমরার মেহনতি জীবন ও স্মৃতি সংগ্রাহকরার কি হইবো?
গিলবার্ট। কেন্? তাদের আবার কি হইলো? ওরা এই যুগের আপদ ছাড়া আর কিছুই না। প্রত্যেক মাহাপুরুষেরই ইদানীং প্রচুর মুরিদ, আর প্রত্যেকবার জীবনী লেখে জুডাসগুলা।[ref]জুডাস আছিলো যিশু খ্রিষ্টের বার মুরিদের একজন। জুডাসের গাদ্দারির কারণেই যিশু খ্রিষ্ট রোমানরার হাতে ধরা পড়ছিলো, ক্রুশে চড়তে হইছিলো[/ref]
আর্নেস্ট। ভাইরে ভাই!
গিলবার্ট। ব্যাপারটা দুঃখের হইলেও এইটাই হকিকত। আগের দিনে নায়করারে আমরা কেচ্ছার মধ্যে তুলে রাখতাম। আধুনিক রীতি হইলো কু-রুচিতে নামায়ে আনা। বিখ্যাত বইয়ের সস্তা কপি পাওয়া খুশির ব্যাপার হইতে পারে, কিন্তু মহৎ মানুষের সস্তা কপি একবারেই জঘন্য।
আর্নেস্ট। কার দিকে ইঙ্গিত করতাছস, জিগাইতে পারি, গিলবার্ট?
গিলবার্ট। অবশ্যই! আমরার যতসব ফক্তা সাহিত্যকগুলার দিকে। এমন একদল মানুষের হাতে এখন সব কিছু চলে গেছে, যারা কোনো কবি বা পেইন্টার মারা যাইতেই গোর দাফন করার লোকের লগে লগে মরাবাড়িতে গিয়া উপস্থিত হয়, আর ভুলেই যায় তাদের একমাত্র কাজ আছিলো নিরবতা বজায় রাখা। কিন্তু ওইগুলারে নিয়া এখন কথা কমু না। এরা সাহিত্যের দুনিয়ার লাশ-চোর মাত্র। একজনে ধুলা নেয়, আরেকজনে ছাইগুলা নিয়া যায়, আত্মাটা তাদের নাগালের বাইরেই থাকে। তার চেয়ে ভালা, ল, তরে শপিন বাজায়া শোনাই, নাকি দ্ভোজাক শুনামু? দ্ভোজাকের লেখা ফেন্টাসি বাজামু? এই লোক খুব জজবাঅলা, আজব-রঙা জিনিসপত্র লেখে।
আর্নেস্ট। না; এখন গান শুনতে মন চাইতাছে না। মিউজিক একটু বেশি রকমেরই আবছা। তাছাড়া, গতকাল রাতে বারনেস বার্নষ্টাইনরে নিয়া গেছিলাম ডিনার করতে, আর সত্যি বলতে, যদিও অন্য সব দিক থেকেই খুব মনকাড়া, কিন্তু মিউজিক নিয়া এত বকবক করছে যেন মিউজিক সত্যি সত্যিই জার্মানা ভাষায় লেখা। যাক গা, মিউজিক আর যেমনই শোনাক অন্তত এক কণাও জার্মান ভাষার মত যে শোনায় না এইটা কইতে পাইরাই আমি খুশি। না; গিলবার্ট, আর কিছু বাজাইছ না। এইদিকে ফিরা আমার লগে আড্ডা দে। দিন তার সাদা শিং দিয়া ঘরের ভিত্রে গুতা মারা পর্যন্ত আমার লগে কথা ক। তর গলার আওয়াজের মধ্যেও মনগলানো একটা ব্যাপার আছে।
গিলবার্ট (পিয়ানো থেকে উঠতে উঠতে)। আজকা রাত্রে আমি কথা কওয়ার মুডে নাই। তুই এই কথায় ক্যাম্নে হাসতে পারলি? আমার সত্যি সত্যিই মুড নাই। সিগারেট কই? থ্যাংক্স। এই সিঙ্গেল ডেফডিলগুলা কত অসাধারণ! দেখে মনে হইতেছে এম্বার আর কুল-আইভরি দিয়া বানানো। যেন গ্রিক স্বর্ণ যুগের জিনিস। ওই আফসোস করা একাডেমিশিয়ানের স্বীকারোক্তির কোন কাহিনী পড়ে হাসছিলি? ক, শুনি। শপিন বাজাইতে বাজাইতে মনটা এমন হইয়া গেছে যেন, আমি কোনো দিন করি নাই এমন গুনার জন্য দুঃখ করতেছি, এমন ঝড়ের আঘাত নিয়া বিলাপ করতেছি যেই ঝড় কোনো দিন আমার জীবনে আসে নাই। আমার প্রত্যেকবারই মনে হয় মিউজিক এমন একটা ভাব তৈরি করে। মানুষের জন্য এমন একটা অতীত বানায়ে দেয় যেইটা তার জানাই আছিলো না, আর তারে এমন এক কষ্টে ভরে দেয় যেই কষ্ট তার চোখের জলের কাছে পরিচিত না। এমন একজন লোকের কথা মাঝে মাঝে কল্পনা করতে ভালা লাগে যে একবারেই সাধারণ একটা জীবন কাটায়ছে, তারপরে একদিন হঠাৎ এক আচানক ধারা মিউজিক কানে যাইতেই আবিষ্কার করলো তার রুহু, তার অজান্তেই, ভয়ানক সব অভিজ্ঞাতার ভিত্রে দিয়া পার হইছে, আর ভয়ংকর আনন্দ চিনতে পায়ছে, বা বন্য রোমান্টিক প্রেম, বা কঠোর সন্যাসের স্বাদ নিছে। তো, আর্নেস্ট, তোর কাহিনীটা ক শুনি। একটু বিনোদন পাইতে মন চায়তেছে।
আর্নেস্ট। ও! কি জানি, হয়তো কাহিনীটার অতও একটা গুরুত্ব নাই। কিন্তু আমার কাছে গল্পটা পড়ে চলতি আর্ট-ক্রিটিসিজমের সত্যিকার দামের একটা সুন্দর ছবি তুইল্যা ধরে বইলা মনে হইছে। গল্পটা হইলো, একবার এক মহিলা, তর কথা মত ওই আফসোস করা একাডেমিশিয়ানরে সিরিয়াস চেহারায় জিগাইছিলো, “ওয়েসলিতে এক বসন্তের দিনে” বা “শেষ অমনিবাসের অপেক্ষায়” বা এমন কাছাকাছি বিষয়ের উপ্রে আঁকা তার বিখ্যাত ছবিটা কি পুরাটাই হাতে আঁকা কি না?
গিলবার্ট। হাতেই কি আঁকা আছিলো?
আর্নেস্ট। তুই কোনো দিন ভালা হইবি না। কিন্তু, সিরিয়াসলি ক তো, আর্ট-ক্রিটিসিজমের কাজটা কি? আর্টিস্টরে তার নিজের মত থাকতে দেওয়া যায় না কেরে, তার ইচ্ছা হইলে নতুন একটা দুনিয়া বানায়া নেক না, নাইলে, আমরা অলরেডি যেই দুনিয়ারে চিনি ওইটারেই ঢাইকা দেক, যেই দুনিয়ার প্রতি, কল্পনায় দেখতে পাই, আমরা এক এক জন ত্যক্ত-বিরক্ত হইয়া যাইতাম যদি না আর্ট, তার বেছে লওয়ার শকীন রুচি আর তুলে নেওয়ার নাজুক ইনস্টিংক্ট দিয়া, পাক-পরিষ্কার করে এক লহমার জন্য নিখুঁত না করে যেমন আছে তেমনই রেখে দিতো। আমার কাছে মনে হয়, কল্পনা নিজের চারপাশে একটা নির্জনতা ছড়ায়, বা ছড়ানো দরকার, এবং নিরবতা আর এককিত্বের মধ্যেই সবচেয়ে ভালা কাম করতে পারে। আর্টিস্টের কেন ক্রিটিসিজমের চিল্লাচিল্লি শোনার ঝামেলা পোহায়তে হইবো? যারা সৃষ্টি করতে জানে না তারা কেন অন্য আরেক জনের সৃষ্টিশীল কজের দাম ঠাহর করার ভার নিজের উপ্রে নিয়া নিবো? তারা আর্টিস্টের সৃষ্টির ব্যাপারে কি এমন জ্ঞান রাখতে পারে? কারো কাজ যদি বোঝা সহজই হয় তাইলে ব্যাখ্যা করা ত অদরকারী
গিলবার্ট। আর যদি দুর্বোধ্য হয় তাইলে ব্যাখ্যা করা নষ্টামি।
আর্নেস্ট। আমি এই কথা কই নাই।
গিলবার্ট। অঃ! কিন্তু তোর বলা উচিত আছলো। ইদানীং, আমরার কাছে এত কম পরিমাণে রহস্য বাকি রয়া গেছে যে আর একটাও হাতছাড়া করার উপায় নাই। বোর্ড চার্চ পার্টির থিওলজিয়ানরার মত, অথবা মি. ওয়ালটার স্কটসের গ্রেট রাইটার সিরিজের লেখকরার মত, আমার কাছে মনে হয়, ব্রাউনিং সোসাইটির সদস্যরা তাদের রুহানিয়াতরে ব্যাখ্যা করে খেলো করে দেওয়ার চেষ্টায় সময় পার করে। যেই জায়গায় মানুষজন আশা করতে পারতো ব্রাউনিং কোনো দরবেশ লোক হইবো হয়তো, ওই জায়গায় তারা দেখায়ে দিতে পারছে যে, আসলে ব্রাউনিংয়ের বুঝায়ে বলার জড়তা আছিলো। যেইখানে মানুষ কল্পনা করতো ব্রাউনিংয়ের অনেক বাতেন বিষয় আছে, তারা দেখায়ে দিছে তার জাহের করার মত কিছু আছিলোই না। কিন্তু আমি স্রেফ তার খেইছাড়া কাজগুলার কথা বলতেছি। পুরাটারে এক করে দেখতে গেলে লোকটা বিরাট লোকই আছিলো। সে দেবতাদের কাতারে পড়ে না, দৈত্যরার সব রকমের খুঁত তার মধ্যেও আছিলো। সে সার্ভে করে নাই, এবং খুবই হুটহাট মাঝেমধ্যে গায়তে পারতো। তার কাজগুলা পরিশ্রম, মারকাট, চেষ্টাচিত্তিরের দাগে ভর্তি, আর সে আবেগ থেকে রূপে না গিয়া চিন্তা থেকে বিশৃঙ্খলায় গেছে। তার পরেও সে বিশাল লোক আছিলো। তারে অনেকে চিন্তাবিদ বলছে, এবং সত্যি সত্যিই ও এমন লোক আছিলো যে সারাক্ষণ চিন্তায় লেগে থাকতো, আর সারাক্ষণ আওয়াজ করে চিন্তা করতো; কিন্তু চিন্তা তারে টানতো না, তারে যেইটা টানতো ওইটা হইলো যেই কায়দায় চিন্তা আনাগোনা করে। সে মেশিন কি তৈরি করে ওইটার প্রেমে পড়ে নাই , পড়ছিলো খোদ মেশিনটার প্রেমে। বোকার বোকামিতে পৌঁছানোর কায়দা তার কাছে বিজ্ঞলোকের হেকমতের চূড়ায় পৌঁছানোর কায়দার মতই পছন্দের আছিলো। আসলেই, মনের সূক্ষ্ম সূক্ষ্ম কারিগরি তারে এত পরিমাণে মুগ্ধ করতো যে ভাষারে সে ফালতু মনে করতো, অথবা মনের ভাব বোঝানোর খুবই নালায়েক মাধ্যম হিসাবে দেখতো। ছন্দ, যেই অপূর্ব পাল্টা আওয়াজ মিউসের ফাঁপা পাহাড়ে ধাক্কা খায়া নিজেই নিজের গলার আওয়াজ তৈরি করে আবার নিজেই উত্তর দেয়; ছন্দ, যেইটা সত্যিকার আর্টিস্টের হাতে স্রেফ অক্ষরের হিসাব-নিকাশের গৎবান্ধা সৌন্দর্য হইয়াই রয়া যায় না, এক নতুন ভাব জাগায়ে তোলার, হয়তো, অথবা এক সারি নতুন আইডিয়ারে নাড়া দেওয়ার, কিংবা যেই দরজায় স্রেফ মিষ্টিভাব আর আওয়াজের সাজেশন দিয়া খোদ কল্পনা হুদাই কড়া নাড়ছিলো এমন কোনো স্বর্ণের দরজা খোলার জজবা আর ভাবনার রুহানি এলিমেন্ট হইয়া ওঠে; ছন্দ, যেইটা মানুষের মুখের আওয়াজরে দেবতার কথা বানায়া দিতে পারে; ছন্দ, গ্রিক বীণায় যেই একটা সুর আমরা এড করছি, ওইটা ব্রাওনের হাতে পড়ে একটা কু-ছিরি, বদ-ছুরত জিনিসে রূপ নিছে, যেইটা এক এক সময় তারে কবিতার জগতে মুখোশধারী সস্তা ভাঁড়ামি করায়ছে, এবং একটু বেশি বারই সার্কাস্টিক কথা কইতে কইতে পেগাসাস ঘোড়ায় চড়াইছে। এক এক সময় সে তার রাক্ষসী মিউজিক দিয়া আমরারে ঘা দেয়। জ্বি-না, খালি যদি সরোদের তার ছিঁড়া সে তার মিউজিক বার করায়ে আনতে পারে তাইলে ছিঁড়া ফালায়, আর তারগুলা বেসুরে জান খোয়ায়, আর পাখনা কাঁপায়া সুর তৈরি করা কোনো এথেনিয়ান ঝিঁঝি২ {প্রাচীন গ্রিকরার কাছে ঝিঁঝি আছিলো সুর আর গানের প্রতীক।} হাতির দাঁতের বাঁশিটারে বাজায়ে তুলে সুরের চলনটারে পার্ফেক্ট বা কম কর্কশ করতে আসে না। তারপরও সে বিরাট লোক আছিলো: আর যদিও সে ভাষারে এক নালায়েক কাদামাটি বানায়ে দিছে, ওই কাদামাটি দিয়া নারী পুরুষ বানাইছে যারা জীয়ন্ত। সে শেক্সপিয়ারের পরে সবচেয়ে ভালো শেক্সপিয়ারী জন্তু। শেক্সপিয়ার যদি শয়ে শয়ে মুখ দিয়া গান গায়তে পারতো, তাইলে ব্রাউনিং এক হাজারটা মুখ দিয়া তোতলাইতে পারে। এমন কি এখনও, এই যে কথাগুলা বলতেছি, তার এন্টিতে বলতেছি না, বরং তার হইয়াই কথাগুলা বলতেছি, ওই দেখ এই রুমের ভিত্রে দিয়া তার বানানো লোকগুলার পাল গ্লাইড করে যাইতেছে। ওই দেখ, ফ্রা লিপো লিপি সুরসুরায়ে যাইতেছে, তার গাল দুইটা এখনও কোনো মেয়ের গরম চুম্মায় জ্বলতেছে। ওই যে, ভীতু তালুত দাঁড়ায়া আছে, পাগড়িতে রাজকীয় মর্দ-নীলমণি চমকায়তেছে। ওইখানে মিলড্রেড ট্রেশাম, আর স্পেনিশ দরবেশ, ঘেন্নায় হলুদ হইয়া আছে, আর ব্লগ্রাম, আর বেন এজ্রা, আর সেইন্ট প্রাক্সেডের বিশপ। সেটেবস দেবের পয়দাটা কোনায় বসে ফাউ বকে, আর সেবাল্ড, পিপারে তার পাশ দিয়া চলে যাইতে শুনে অটিমার পাংসা মুখের দিকে তাকায়, আর তার নিজের আর অটিমার গুনাগুলা নিয়া ঘেন্না ঝাড়ে। তার ডব্লেটের সাদা সাটিনের মত ফ্যাকাশে, মনমরা রাজাটা স্বপ্নালু গাদ্দারীভরা চোখে অতি ভক্ত স্ট্রাফর্ডরে তার ধ্বংসের দিকে আগায়ে যাইতে দেখে, আর আন্দ্রেয়া বাগানে তার চাচাত ভাইরারে শিষ বাজাইতে শুনে ডরে কেঁপে ওঠে, আর তার লক্ষ্মী বৌটারে নীচে যাইতে সাধে। হ, ব্রাউনিং লোকটা বিশালই আছিলো। কিন্তু তারে মানুষ মনে রাখবো কি হিসাবে? কবি? আহা, কবি হিসাবে না! তারে মনে রাখবো কাহিনী লেখক হিসাবে, হইতে পারে আমারার পাওয়া, সব চাইতে উঁচা দরের কাহিনীর লেখক হিসাবে। তার নাটকীয় পরিস্থিতি তৈরি করার মাথার সাথে কেউ টক্কর দিতে পারে নাই, আর, সে যদি নিজে নিজের সমস্যাগুলার উত্তর দিতে না-ও পারতো, অন্তত সমস্যাগুলারে সামনে তো রাখছে, একজন আর্টিস্টের কাছে এর চাইতে বেশি কিইবা আশা করার আছে? ক্যারেক্টার তৈরি করা যার কাজ এমন একজন লোকের জায়গা থেকে চিন্তা করে দেখলে তারে ওই লোকের ঠিক পরেই জায়গা দিতে হয় যে হেমলেট লেখছে। তার কথার জড়তা যদি না থাকতো, তাইলে ত পাশেই বসায়ে দিতে হইতো। ব্রাউনিংয়ের জামার এক কোণা মাত্র ছোঁয়ার সাধ্য একমাত্র জর্জ মেরিডিথের আছিলো। মেরিডিথ গদ্যছন্দের ব্রাউনিং, আর ব্রাউনিংও। সে কবিতারে গদ্যছন্দ লেখার মাধ্যম হিসাবে ব্যবহার করছে।
আর্নেস্ট। তোর কথার মধ্যে কিছু একটা আছে, কিন্তু তোর কথার মধ্যে সব কিছু নাই। তুই অনেকগুলা পয়েন্টেই বে-ইন্সাফী করছস।
গিলবার্ট। একজন মানুষের পক্ষে তার ভালো লাগার জিনিসের প্রতি বে-ইন্সাফী না হইয়া উঠা কঠিন। কিন্তু এক্ষনের আলাপের মূল পয়েন্টে ফেরত আসি। তুই কি জানি কইতেছিলি?
আর্নেস্ট। আর্টের সোনালী দিনগুলাতে কোনো আর্ট-ক্রিটিক আছিলো না: সোজা আলাপ।
গিলবার্ট। আমার কি মনে হয় আর্নেস্ট, এই কথাটা আগেও বহুবার শুনছি। কথাটার মধ্যে গলদের সব তাজা আলামত আর পুরানা বন্ধুর একঘেয়েমি আছে।
মুহাম্মদ আলী মুজাহিদ
Latest posts by মুহাম্মদ আলী মুজাহিদ (see all)
- আর্টিস্ট হিসাবে ক্রিটিক (২) – অস্কার ওয়াইল্ড - September 17, 2025
- আর্টিস্ট হিসাবে ক্রিটিক (১) – অস্কার ওয়াইল্ড - August 18, 2025
- এইটা একটা পাইপ না – মিশেল ফুকো (১) - April 15, 2025